Homeসারাদেশঅনির্ধারিত সচিবসভা: দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে ব্যর্থতায় অন্যদের সুযোগ দেওয়ার বার্তা

অনির্ধারিত সচিবসভা: দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে ব্যর্থতায় অন্যদের সুযোগ দেওয়ার বার্তা

কয়েক ঘণ্টার নোটিশে ডাকা জরুরি সচিবসভায় মন্ত্রণালয়গুলোর কাজের গতি নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন মন্ত্রিপরিষদ সচিব, মুখ্যসচিবসহ সরকারের জ্যেষ্ঠ সচিবরা। সিদ্ধান্ত বাস্তবায়নে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে না পারলে অন্যদের সুযোগ দিতে হবে; ঢিলেতালে চাকরি রক্ষার দায়িত্ব পালন করলে চলবে না; গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে মানুষের প্রত্যাশা মাথায় রেখে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে হবে। প্রশাসনে গতি আনতে এভাবেই নির্দেশ দেওয়া হয়েছে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনির সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত হওয়া দ্বিতীয় সচিবসভায় প্রশাসনের শীর্ষ কর্তাদের এমন কড়া বার্তা দেওয়া হয়েছে। এদিন দুপুর আড়াইটার দিকে সচিবসভা শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টার দিকে।

সচিবালয় সূত্রে জানা যায়, সভায় ৫৬ জন সচিবকে ডাকা হয়েছিল, যোগ দিতে পেরেছিলেন ৫৩ জন।

তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম সচিবসভা হয়েছিল আট মাসের মাথায় গত ১৫ সেপ্টেম্বর। ওই সভার দুই মাসের মধ্যে হঠাৎ করেই সচিবসভা ডাকেন মন্ত্রিপরিষদ সচিব।

বৈঠকে উপস্থিত অন্তত চারটি সূত্রের সঙ্গে কথা বলেছে দ্য ডেইলি স্টার।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার আমলাতন্ত্রের ওপর প্রধানমন্ত্রীর বিশ্বাসের মর্যাদা রক্ষার ওপর গুরুত্ব দিয়ে কথা বলেছেন বলে সূত্র জানিয়েছে। তাদের তথ্য অনুযায়ী, মুখ্যসচিব সচিবদের উদ্দেশে বলেছেন, আমলাতন্ত্রের ওপর প্রধানমন্ত্রীর অগাধ বিশ্বাস আছে, কিন্তু কেউ বিশ্বাস ভঙ্গ করলে সেটার ফল তাকেই ভোগ করতে হবে।

প্রধানমন্ত্রীর মা ও বাবা উভয়েই সরকার ও রাষ্ট্রপ্রধান ছিলেন মনে করিয়ে দিয়ে মুখ্যসচিব বলেছেন, রাজনীতিবিদরা পারস্পরিক কোন্দল বা নিজেদের মধ্যে গ্রুপিংয়ের কারণে অনেক ক্ষেত্রে সঠিক চিত্র তুলে ধরেন না। এ ক্ষেত্রে সরকারপ্রধান আমলাতন্ত্রের মাধ্যমে সঠিক চিত্র পাওয়ার ওপর আস্থা রাখেন। প্রধানমন্ত্রীর এই আস্থার প্রতিদান সঠিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে দিতে হবে।

রাজনৈতিক নেতাদের মধ্যে এমন ধারণা আছে, আমলাতন্ত্র তাদের কাজে দক্ষতা দেখাতে পারছেন না। সরকারি নীতি বাস্তবায়নে যেভাবে সহযোগিতা করার দরকার, সেভাবে আমলাতন্ত্র কাজ করছে না। আমলাতন্ত্র সম্পর্কে সরকারের শীর্ষ নীতি নির্ধারকদের এমন মনোভাবের কথা উল্লেখ করে সচিবালয়ের ৬ নং ভবনের একটি মন্ত্রণালয়ের সচিব বৈঠকে বলেন, ‘পলিটিক্যাল লোকজন বিশ্বাস করছেন না যে আমরা মন দিয়ে কাজ করছি। এটা কার কার ক্ষেত্রে সত্য জানি না, যদি সত্য হয় তাহলে দায়িত্ব ছেড়ে দেওয়াই ভালো। আর যদি মিথ্যা হয় তাহলে নিজেদের মন্ত্রণালয়ের কাজের মাধ্যমে তাদের (রাজনীতিবিদদের) সেই ধারণা ভেঙে দেন।’

এ সম্পর্কে অবগত একটি সূত্র জানায়, সচিবালয়ের ৮ নং ভবনের একটি মন্ত্রণালয়ের সচিব নিজ সহকর্মীদের সতর্ক করে দিয়ে বলেছেন, সরকারপ্রধান বিশ্বাস করে আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব দিয়েছেন। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সেই অনুযায়ী কাজ করতে হবে। কে কতটুকু কাজ করছেন বা করতে পারছেন না, সেটা পরিমাপ করা এখন সহজ। মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব নিয়ে অদক্ষতার পরিচয় দেওয়ার সুযোগ নেই। আমরা অদক্ষতা দেখালে বাইরের (অন্য) লোকজন দায়িত্ব নিয়ে নেওয়ার সুযোগ নেবে। তাই আমাদের সতর্ক হয়ে কাজ করা দরকার।

আরেকটি সূত্র জানায়, মন্ত্রিপরিষদ সচিব ‘নরম-গরম’ মেজাজে সবাইকে কাজের গতি বাড়ানোর জন্য উৎসাহিত করেছেন। সেইসঙ্গে নিজের কঠোর রূপ যাতে না দেখাতে হয়, সেই কথা বলেও সবাইকে সতর্ক করেছেন।

কেউ যদি মন্ত্রিপরিষদ সচিবকে দুর্বল মনে করেন, তাহলে ভুল করবেন বলেও হুঁশিয়ার করেছেন নাসিমুল গনি। একইসঙ্গে দায়িত্ব পালনে গড়িমসি বা অযোগ্যতা দেখালে ব্যবস্থা নেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সচিবসভায় উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এ ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ কিছু মন্ত্রণালয়ের ধীরগতির বিষয়টি বৈঠকে আলোচনা হয়। অন্যদিকে শিক্ষাসহ কিছু মন্ত্রণালয় ভালো কার্যক্রম করছে বলে আলোচনায় স্থান পায়।

প্রকল্প বাস্তবায়নের বিষয়ে সচিবালয়ের ১ নং ভবনে এক সচিব স্ব স্ব মন্ত্রণালয়ের সচিবদের প্রকল্প পরিচালকদের সঙ্গে নিয়মিত বৈঠকের পরামর্শ দিয়েছেন। প্রকল্প পরিচালকরা অদক্ষ, নাকি প্রকল্প বাস্তবায়নে ইচ্ছাকৃতভাবে দেরি করছেন, তা খতিয়ে দেখার বিষয়টিতে গুরুত্ব দিতে বলেছেন।

এ ছাড়া, বৈঠকে মন্ত্রিসভা ও বিভিন্ন মন্ত্রিসভা কমিটির বৈঠকের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো প্রয়োজনীয় নথি অন্তত দু-তিনদিন আগে দেওয়ার কড়া তাগিদ দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। অনেক ক্ষেত্রে ক্রয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রস্তাবের নথি মন্ত্রিসভা কমিটির বৈঠকে সরাসরি উপস্থাপন করা হচ্ছে। এতে সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সমস্যা হচ্ছে। বিষয়টা সব সচিবকে গুরুত্ব দিয়ে প্রতি পালনের নির্দেশ দিয়েছেন নাসিমুল গনি।

RELATED ARTICLES

Most Popular