Homeস্পোর্টসআজকের এই দিনে: অভিষেক টেস্টের প্রথম দিনেই মিরাজের ৫ উইকেট

আজকের এই দিনে: অভিষেক টেস্টের প্রথম দিনেই মিরাজের ৫ উইকেট

১০ বছর আগে আজকের এই দিনে মেহেদী হাসান মিরাজ পেয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে স্মরণীয় অভিষেকের স্বাদ। ২০১৬ সালের ২০ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট শিকারের কীর্তি গড়েছিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্টের প্রথম দিনেই অফ স্পিনে ভেলকি দেখান মিরাজ। একে একে তার শিকার হন বেন ডাকেট, গ্যারি ব্যালান্স, জো রুট, মঈন আলী ও জনি বেয়ারস্টো।

দ্বিতীয় দিনে স্টুয়ার্ট ব্রডকে আউট করে নিজেকে আরও উঁচুতে নিয়ে যান মিরাজ। ক্যারিয়ারের প্রথম ম্যাচেই বল হাতে এমন চোখ ধাঁধানো পারফরম্যান্সে ক্রিকেট দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। প্রথম ইনিংসে তার বোলিং ফিগার ছিল— ৩৯.৫ ওভারে সাতটি মেডেনসহ ৮০ রান খরচায় ৬ উইকেট।

তবে জয়ের জোরালো আশা জাগিয়েও পঞ্চম ও শেষ দিনে গিয়ে টেস্টটি ২২ রানের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৯৩ রানের জবাবে তারা করেছিল ২৪৮ রান। এরপর দ্বিতীয় ইনিংসে সফরকারীরা ২৪০ রানে অলআউট হওয়ায় টাইগাররা পেয়েছিল ২৮৬ রানের লক্ষ্য। শেষমেশ স্বাগতিক দল পৌঁছাতে পারে ২৬৩ রান পর্যন্ত।

বাংলাদেশের জার্সিতে এক দশক পূর্ণ করা মিরাজ পরিণত হয়েছেন দলের অন্যতম সেরা পারফর্মারে। এখন পর্যন্ত ৬১টি টেস্ট, ১২৫টি ওয়ানডে ও ৩৪টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। আন্তর্জাতিক মঞ্চে সব মিলিয়ে সাড়ে চার হাজারের বেশি রান ও সাড়ে তিনশর বেশি উইকেট রয়েছে তার নামের পাশে।

RELATED ARTICLES

Most Popular