Homeসারাদেশআশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, সড়ক অবরোধের চেষ্টা

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, সড়ক অবরোধের চেষ্টা

শিল্পাঞ্চল আশুলিয়ায় আজও শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের জামগড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে আমরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেই।’

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে জামগড়া, নিশ্চিন্তপুর, নরসিংহপুর ও জিরাবো এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা সড়কে নামার চেষ্টা করেন। পরে জামগড়া এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

নিরাপত্তার স্বার্থে এসব এলাকার বেশ কিছু কারখানা ছুটি দেওয়া হয়েছে।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু ডেইলি স্টারকে বলেন, ‘আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ চলছে। আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের জিরাবো থেকে জামগড়া এলাকা পর্যন্ত সড়কের দুই পাশের অধিকাংশ কারখানা আজ ছুটি দেওয়া হয়েছে। সকালে জামগড়া এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। পুলিশ শ্রমিকদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।’

ওসি তারিকুল ইসলাম বলেন, ‘সকালে জামগড়া এলাকায় শ্রমিকদের সঙ্গে আমাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে সড়ক অবরোধেরও চেষ্টা করে।’

শিল্পাঞ্চলের নিরাপত্তায় জেলা পুলিশ ও শিল্প পুলিশের পাশাপাশি ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে বলে জানান তিনি।

RELATED ARTICLES

Most Popular