Homeআন্তর্জাতিকইউরেনিয়াম পেতে অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তি ভারতের

ইউরেনিয়াম পেতে অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তি ভারতের

ভারতের পরমাণু প্রকল্পের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে তেজস্ক্রিয় উপাদান ইউরেনিয়ামের নিরবচ্ছিন্ন সরবরাহের ওপর। সম্প্রতি সেই গুরুত্বপূর্ণ উপকরণ পেতে অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তি করেছে দেশটি।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন মতে, আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়া সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ইউরেনিয়াম বাণিজ্যের চুক্তিতে সই দিয়েছেন।

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতের মাথাপিছু বিদ্যুতের চাহিদা আকাশচুম্বী বললেও কম বলা হয়। এই প্রায় সীমাহীন চাহিদা পূরণে নতুন নতুন পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র স্থাপন ও পরিচালনার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন মোদি।

বিশ্বের মোট ইউরেনিয়াম মজুদের ২৮ শতাংশই অস্ট্রেলিয়ার মালিকানায়।

তবে এতদিন নানা আইনি বাধা ও রাজনৈতিক সংবেদনশীলতার কারণে নয়াদিল্লির কাছে ইউরেনিয়াম রপ্তানি করতে পারেনি ক্যানবেরা।

আলবানিজের সঙ্গে বৈঠকের পর মোদি বলেন, ‘পরমাণু শক্তি নিয়ে আমরা আজ একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে সই করেছি।

‘এতে অস্ট্রেলিয়া থেকে ভারতে ইউরেনিয়াম সরবরাহের পথ সুগম হয়েছে এবং আমাদের টেকসই জ্বালানিতে রূপান্তরের লক্ষ্যে নতুন গতির সঞ্চার হয়েছে,’ যোগ করেন ভারতের নেতা।

দুই দেশের পক্ষ থেকে প্রকাশিত যৌথ বিবৃতিতে জানানো হয়, ‘শুধুমাত্র শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য’ দীর্ঘ মেয়াদে ভারতে ইউরেনিয়াম রপ্তানিতে সম্মতি দিয়েছে অস্ট্রেলিয়া। 

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) বেঁধে দেওয়া নিরাপত্তা বিধি মেনেই ইউরেনিয়াম রপ্তানি করা হবে বলে নিশ্চিত করা হয়েছে।

গণমাধ্যমকে আলবানিজ বলেন, ‘এই চুক্তির ফলে ভারতে অস্ট্রেলীয় ইউরেনিয়াম রপ্তানির পথ খুলেছে। এর মাধ্যমে ভারত জীবাশ্মভিত্তিক জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প জ্বালানির সক্ষমতা বাড়াবে।’

২০১৫ সালে পরমাণু সহযোগিতা চুক্তিতে সই দেয় ভারত-অস্ট্রেলিয়া। ওই চুক্তির হাত ধরেই রপ্তানি চুক্তির বাস্তবায়ন হলো।

তবে এরপর ১০ বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও নানা আইনি বাধার কারণে এতদিন দুই দেশের পরমাণু বাণিজ্য শুরু হতে পারেনি।

বৈঠকের আগে আলবানিজ হাসিমুখে মোদির সঙ্গে সেলফি তোলেন।

অস্ট্রেলিয়ার নেতা মোদিকে ‘দ্য বস’ আখ্যা দিয়ে বলেন, তিনি একজন রক তারকার চেয়েও বেশি জনপ্রিয়।

মজা করে বলেন, ‘মার্কিন কালজয়ী রক তারকা ব্রুস স্প্রিংস্টিনের কনসার্টে যত মানুষ যোগ দেন, তার চেয়েও বেশি মানুষ মোদির জনসভায় যোগ দেন।’

আলবানিজ মোদির নেতৃত্বের প্রশংসা করেন এবং দাবি করেন, তিনি দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারে অবদান রেখেছেন।

ইন্দোনেশিয়া সফর শেষে অস্ট্রেলিয়ায় এসেছেন মোদি। এখান থেকে তিনি নিউজিল্যান্ড সফরে যাবেন।
 

RELATED ARTICLES

Most Popular