মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের উদ্যোগ নিয়েছেন রিপাবলিকান দলের আইনপ্রণেতা থমাস ম্যাসি। ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় কংগ্রেসের অনুমতি না নেওয়া, সংবিধান লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে অভিশংসনের আটটি ধারা উত্থাপন করেছেন তিনি। এ নিয়ে বুধবারের মধ্যে প্রতিনিধি পরিষদে ভোট হতে পারে।
ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে যখন বিভক্তি বাড়ছে, তখন এ উদ্যোগ নতুন করে চাপের মুখে ফেলেছে হেগসেথকে। গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প প্রশাসনের যুদ্ধনীতি নিয়ে ভোটারদের অসন্তোষের প্রতিফলন ঘটেছে। নির্বাচনের পর কংগ্রেসের অধিবেশন শুরুর প্রেক্ষাপটে বিষয়টি সামনে এসেছে।
রয়টার্স, দ্য নিউইয়র্ক টাইমস, অ্যাক্সিওস ও সিএনএনের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
যেসব অভিযোগ আনা হয়েছে
কেন্টাকির রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসি সোমবার প্রতিনিধি পরিষদে হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের আটটি ধারা উত্থাপন করেন। এর মধ্যে তিনটি অভিযোগ ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা সংক্রান্ত।
অভিযোগগুলোতে বলা হয়েছে, কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু ও পরিচালনা করেছেন হেগসেথ। যুদ্ধ বন্ধ করা অথবা তা চালিয়ে যাওয়ার জন্য অনুমোদন নেওয়ার বিষয়ে কংগ্রেসের নির্দেশ উপেক্ষা করে তিনি সামরিক অভিযান অব্যাহত রেখেছেন।
এ ছাড়া, যুদ্ধক্ষমতা-সংক্রান্ত আইনের নির্ধারিত সময়সীমা লঙ্ঘনের অভিযোগও আনা হয়েছে। ওই আইন অনুযায়ী, কংগ্রেসের অনুমোদন ছাড়া কোনো সামরিক সংঘাতে যুক্তরাষ্ট্রের বাহিনী ৬০ দিনের বেশি অবস্থান করতে পারে না। বিশেষ পরিস্থিতিতে এ সময় আরও ৩০ দিন বাড়ানোর সুযোগ রয়েছে।
অভিশংসনের বাকি পাঁচটি ধারায় সন্দেহভাজন মাদক পাচারকারীদের বিরুদ্ধে বেআইনি সামরিক হামলা, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বেআইনিভাবে আটক, ইয়েমেনে অনুমোদনহীন সামরিক অভিযান পরিচালনা, বেসামরিক মানুষের প্রাণহানি কমানোর আইন উপেক্ষা এবং সিনেটর মার্ক কেলির বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার অভিযোগ আনা হয়েছে।
ম্যাসির অভিযোগ, হেগসেথ সংবিধান ও আইনের শাসনের পরিপন্থি কাজ করেছেন এবং প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালনের সঙ্গে অসংগতিপূর্ণ আচরণ করেছেন।
ভোটে কী হতে পারে
প্রতিনিধি পরিষদের নিয়ম অনুযায়ী, কোনো আইনপ্রণেতা অভিশংসনের প্রস্তাব উত্থাপন করলে দুই কার্যদিবসের মধ্যে তা বিবেচনায় নিতে হয়। ম্যাসি সোমবার প্রস্তাবটি নতুন করে উত্থাপন করায় বুধবারের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে।
প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন সিদ্ধান্ত নেবেন, আটটি অভিযোগের প্রতিটিতে আলাদা ভোট হবে, নাকি সবগুলো একসঙ্গে বিবেচনা করা হবে।
তবে প্রস্তাবটি সরাসরি ভোটে না তুলতে রিপাবলিকান নেতৃত্ব প্রক্রিয়াগত পদক্ষেপ নিতে পারে। অভিযোগগুলো কমিটিতে পাঠানো, চূড়ান্ত সিদ্ধান্ত পিছিয়ে দেওয়া কিংবা প্রস্তাবটি বাতিলের উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে।
অভিশংসনের জন্য প্রতিনিধি পরিষদে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। সেখানে ডেমোক্র্যাটদের ব্যাপক সমর্থনের পাশাপাশি কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতার পক্ষ পরিবর্তনও ফল নির্ধারণে ভূমিকা রাখতে পারে।
ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস ইতোমধ্যে জানিয়েছেন, তিনি হেগসেথের অভিশংসনের পক্ষে ভোট দেবেন। ম্যাসি বলেছেন, রিপাবলিকানদের কাছ থেকে পর্যাপ্ত সমর্থন পাওয়া যাবে কি না, তা তিনি নিশ্চিত নন। তবে তার ভাষ্য, সঠিক মনে করছেন বলেই তিনি এই উদ্যোগ নিয়েছেন।
তবে প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন এ উদ্যোগের বিরোধিতা করেছেন। তার মতে, বিদেশে সামরিক সংঘাত চলার মধ্যে প্রতিরক্ষামন্ত্রীকে অভিশংসনের উদ্যোগ মিত্র ও প্রতিপক্ষ—উভয়ের কাছেই ভুল বার্তা দেবে।
ট্রাম্পের সমর্থন, হেগসেথের অনড় অবস্থান
অভিশংসনের এই উদ্যোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন হেগসেথ। সোমবার তিনি বলেন, এ নিয়ে তিনি বা তার দল উদ্বিগ্ন নয়। আজ মঙ্গলবার পেন্টাগনে সংবাদ সম্মেলন করে অভিযোগগুলোর জবাব দেওয়ার কথা রয়েছে তার।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রতিরক্ষামন্ত্রীর পাশে থাকার ঘোষণা দিয়েছেন। সোমবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, হেগসেথ দুটি যুদ্ধে জয় পেয়েছেন। তাহলে তাকে কেন অভিশংসন করা হবে?
হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, অভিশংসিত হলেও তিনি হেগসেথের পাশে থাকবেন। ম্যাসিকে ‘ব্যর্থ রাজনীতিক’ আখ্যা দিয়ে তার উদ্যোগের সমালোচনাও করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও অভিশংসনের উদ্যোগকে অন্যায্য বলে মন্তব্য করেছেন। তার মতে, হেগসেথ ভালো কাজ করছেন।
অন্যদিকে ম্যাসি সতর্ক করে বলেছেন, জানুয়ারিতে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর হেগসেথকে আরও কঠিন পরিস্থিতির মুখে পড়তে হতে পারে। তখন তার বিরুদ্ধে শুনানি, তদন্ত এবং সিনেটে অভিশংসনের বিচারপ্রক্রিয়া এগিয়ে নেওয়া হতে পারে।
সিনেটে অপসারণ কতটা সম্ভব
প্রতিনিধি পরিষদে অভিশংসিত হলেও সঙ্গে সঙ্গে পদ হারাবেন না হেগসেথ। অভিযোগগুলো সিনেটে পাঠানো হলে সেখানে বিচার হবে। তাকে দোষী সাব্যস্ত করে পদ থেকে সরাতে উপস্থিত সিনেটরদের দুই-তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন।
বর্তমানে সিনেটে রিপাবলিকানদের ১০০ আসনের মধ্যে ৫৩টি রয়েছে। ফলে সেখানে হেগসেথকে দোষী সাব্যস্ত করে অপসারণ করা কঠিন হতে পারে।
এর আগে, ১৮৭৬ সালে তৎকালীন যুদ্ধমন্ত্রী উইলিয়াম বেলকন্যাপ অভিশংসিত হয়েছিলেন। মার্কিন সামরিক বাহিনীর বেসামরিক প্রধানদের মধ্যে তিনিই এখন পর্যন্ত কংগ্রেসে অভিশংসিত হওয়া একমাত্র ব্যক্তি। তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল। প্রতিনিধি পরিষদ তাকে অভিশংসিত করলেও সিনেটে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন না পাওয়ায় তিনি দোষী সাব্যস্ত হননি।
প্রতিরক্ষা বাজেট নিয়েও উদ্বেগ
হেগসেথের সঙ্গে কংগ্রেসের সম্পর্কের অবনতিতে ট্রাম্প প্রশাসনের ১ লাখ ৫০ হাজার কোটি ডলারের প্রতিরক্ষা ব্যয় পরিকল্পনা বাধাগ্রস্ত হতে পারে বলে উদ্বেগ জানিয়েছেন কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা।
এ ছাড়া, ডেমোক্র্যাটরা হেগসেথের বিরুদ্ধে আরও তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন। জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যানসহ সামরিক বাহিনীর কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করার বিষয়টিও তদন্তের আওতায় আসতে পারে।
ম্যাসির মতে, জানুয়ারিতে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার আগেই ট্রাম্পের উচিত হেগসেথকে সরিয়ে নতুন কাউকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া। তবে ট্রাম্প এখন পর্যন্ত হেগসেথকে দায়িত্বে রাখার পক্ষেই অবস্থান নিয়েছেন।
