চ্যাম্পিয়ন্স লিগে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন লামিন ইয়ামাল। এবার পেছনে ফেললেন কিলিয়ান এমবাপেকেও। অ্যাস্টন ভিলার বিপক্ষে বার্সেলোনার জয়ের ম্যাচে গোল করে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে ২০ বছর পূর্ণ হওয়ার আগে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন স্প্যানিশ তারকা। এত দিন রেকর্ডটি ছিল এমবাপের দখলে। ফরাসি তারকার ১৩ গোল ছাড়িয়ে ইয়ামালের গোল এখন ১৪টি।
মঙ্গলবার রাতে স্পটিফাই ক্যাম্প ন্যুতে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ম্যাচে অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচের সপ্তম মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন ইয়ামাল। এরপর দ্বিতীয়ার্ধে রাফিনিয়ার জোড়া গোলে বড় জয় নিশ্চিত করে হান্সি ফ্লিকের দল।
ম্যাচের শুরুতেই ইয়ামালকে রেকর্ড গড়ার সুযোগ করে দেয় অ্যাস্টন ভিলার রক্ষণভাগের ভুল। নিজেদের বক্স থেকে বল বের করতে গিয়ে ভুল পাস দেন জোয়াও গোমেস। সেই বল পেয়ে বাঁ পায়ের নিখুঁত শটে গোলরক্ষক জিওন সুজুকিকে পরাস্ত করেন ইয়ামাল।
এর আগে ২০ বছর বয়স পূর্ণ হওয়ার আগে প্রতিযোগিতাটিতে সর্বোচ্চ ১৩ গোল করেছিলেন এমবাপে। গত মাসে পিএসজির বিপক্ষে গোল করে সেই রেকর্ড স্পর্শ করেছিলেন ইয়ামাল। এবার অ্যাস্টন ভিলার বিপক্ষে গোল করে এককভাবে শীর্ষে উঠে গেলেন তিনি।
চ্যাম্পিয়ন্স লিগে ৩৭ ম্যাচে ১৪ গোল করেছেন ইয়ামাল। সঙ্গে রয়েছে ১৩টি অ্যাসিস্ট। অন্যদিকে ২০ বছর পূর্ণ হওয়ার আগে ২৩ ম্যাচে ১৩ গোল করেছিলেন এমবাপে। বর্তমানে রিয়াল মাদ্রিদের হয়ে খেলা এই ফরাসি ফরোয়ার্ডের চ্যাম্পিয়ন্স লিগ ক্যারিয়ারে মোট গোল ৭২টি।
বয়সভিত্তিক রেকর্ডের ক্ষেত্রে অবশ্য ইয়ামালের সাফল্য এটাই প্রথম নয়। চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে কম বয়সে প্রথম একাদশে খেলার রেকর্ডও তার দখলে। ২০২৩ সালে পোর্তোর বিপক্ষে মাত্র ১৬ বছর ৮৩ দিন বয়সে শুরুর একাদশে জায়গা পেয়েছিলেন তিনি।
একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করা সবচেয়ে কম বয়সী ফুটবলারের রেকর্ডও গড়েছেন ইয়ামাল। এ ছাড়া চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে সবচেয়ে কম বয়সে গোল করার কীর্তিও তার।
১৮ বছর পূর্ণ হওয়ার আগে প্রতিযোগিতাটিতে সর্বোচ্চ পাঁচ গোল করার রেকর্ড গড়েছিলেন বার্সেলোনার এই উইঙ্গার। ১৯ বছর পূর্ণ হওয়ার আগেও সর্বোচ্চ ১১ গোল তারই। এবার সেই তালিকায় যোগ হলো ২০ বছর পূর্ণ হওয়ার আগে সর্বোচ্চ ১৪ গোলের নতুন রেকর্ড।
তবে চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বে সবচেয়ে কম বয়সে খেলার রেকর্ডটি আর ইয়ামালের দখলে নেই। চলতি বছর তাকে ছাড়িয়ে গেছেন আর্সেনালের ম্যাক্স ডাউম্যান।
ইয়ামালের জন্য সবচেয়ে বড় সুযোগ হচ্ছে, এই রেকর্ড আরও সমৃদ্ধ করার যথেষ্ট সময় রয়েছে তার হাতে। আগামী বছরের ১৩ জুলাই ২০ বছরে পা দেবেন তিনি। অর্থাৎ চলতি মৌসুমের বাকি সময়ে নিজের গোলসংখ্যা আরও বাড়াতে পারবেন।
সাম্প্রতিক পারফরম্যান্সও তাঁকে সেই সম্ভাবনার কথা মনে করিয়ে দিচ্ছে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ১৫ ম্যাচে ১৩ গোল ও ১১টি অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। বার্সেলোনার আক্রমণভাগে গোল করা এবং করানো, দুই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এই তরুণ।
