Homeসারাদেশখাগড়াছড়িতে ভূমি ও সমাজসেবা কার্যালয়ে আগুন, ভবনের পেছনে কেরোসিনের বোতল

খাগড়াছড়িতে ভূমি ও সমাজসেবা কার্যালয়ে আগুন, ভবনের পেছনে কেরোসিনের বোতল

খাগড়াছড়ি সদর উপজেলা ভূমি কার্যালয় ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে আগুনে পুড়ে গেছে নথিপত্র ও বিভিন্ন সরঞ্জাম।

বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলের পাশ থেকে তিন লিটারের একটি কেরোসিনের বোতল উদ্ধার করা হয়েছে।

আগুনে দুই কার্যালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভূমি কার্যালয়ের নিচতলার একটি কক্ষের সামনের অংশের কাগজপত্র পুড়ে গেছে। পাশের সমাজসেবা কার্যালয়েরও একটি অংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাতে ঘটনাস্থলে আসা কয়েকজনের ভাষ্য, প্রথমে ভূমি কার্যালয়ে আগুন দেওয়া হয়। পরে সেই আগুন পাশের সমাজসেবা কার্যালয়ে ছড়িয়ে পড়ে।

খাগড়াছড়ি সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা চম্পক কান্তি চাকমা বলেন, রাত পৌনে তিনটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ফোন পেয়ে তিনি কার্যালয়ে যান। ততক্ষণে আগুন নেভানো হয়। 

তিনি আরও বলেন, পরে ইউএনও, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও অন্যদের নিয়ে কার্যালয়ের পেছনে গিয়ে একটি কেরোসিনের বোতল ও টিন পাওয়া যায়। এ ঘটনায় সদর থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

খাগড়াছড়ি সদর উপজেলা ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) তাসনুভা ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রণে আনেন। কারা আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি। তদন্তের মাধ্যমে বিষয়টি বেরিয়ে আসবে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু ডেইলি স্টারকে বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সরকারি নথিপত্র পোড়ানোর উদ্দেশ্যে ভূমি কার্যালয়ের কানুনগোর নথি সংরক্ষণের কক্ষে আগুন দেওয়া হয়েছে। 

তবে ভূমি কার্যালয়ে শর্টসার্কিটের কারণে আগুন পাশের সমাজসেবা কার্যালয়ে ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।

ওসি আরও বলেন, ভূমি কার্যালয়ের পেছন থেকে তিন লিটারের একটি কেরোসিনের বোতল উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে পৌঁছানোর ১০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

RELATED ARTICLES

Most Popular