চাকরির সন্ধানে বরিশাল থেকে চট্টগ্রামে গিয়ে ফ্লাইওভার থেকে পড়ে প্রাণ হারিয়েছেন এক যুবক।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে নগরের টাইগারপাস এলাকায় ফ্লাইওভার থেকে নিচে পড়ে গুরুতর আহত হন ওই যুবক। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত মেহেদী হাসান (৩৫) বরিশালের বাসিন্দা ছিলেন বলে জানিয়েছে পুলিশ। গত সোমবার তিনি চাকরির উদ্দেশে চট্টগ্রামে যান।
পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার একটি প্রতিষ্ঠানে চাকরিতে যোগ দেন ওই যুবক।
ওসি জাহিদুল কবির বলেন, ‘মেহেদীর সঙ্গে মোবাইল ফোন ও মানিব্যাগ পাওয়া গেছে। তবে তিনি কীভাবে ফ্লাইওভার থেকে নিচে পড়ে গেলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’
‘তিনি কি দুর্ঘটনার শিকার নাকি, অন্য কিছু হয়েছে খতিয়ে দেখছে পুলিশ,’ বলেন তিনি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) হাবিবুর রহমান প্রামাণিক জানিয়েছেন, ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
