Homeসারাদেশজানুয়ারিতে প্রথম ধাপে ১০৫০ ইউপি নির্বাচন: ইসি সচিব

জানুয়ারিতে প্রথম ধাপে ১০৫০ ইউপি নির্বাচন: ইসি সচিব

আগামী বছরের ২১ জানুয়ারি প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ রোববার বিকেলে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, প্রথম ধাপের নির্বাচনে উপজেলা সদরের অধীন ইউনিয়ন পরিষদগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি জানান, কোনো নির্বাচনেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করবে না নির্বাচন কমিশন। তবে এই ইভিএমগুলো কী করা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এছাড়া কমিশন ছয় বছর বয়স থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের তথ্য সংগ্রহ ও সংরক্ষণের জন্য একটি ব্যবস্থা চালু করার কথাও বিবেচনা করছে বলে জানান তিনি।

তার ভাষ্য, আমরা ছয় বছর বয়স থেকেই নিবন্ধনের তথ্য সংগ্রহের কথা ভাবছি। প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির সময় শিশুদের সম্পর্কে যে তথ্য দেওয়া হয়, তা ব্যবহার করে একটি তথ্যভাণ্ডার তৈরির পরিকল্পনা করছি।

এ ব্যবস্থার মাধ্যমে শিশুদের তথ্য আগেভাগেই সংগ্রহ ও সংরক্ষণ করা সম্ভব হবে বলে জানান তিনি।

তিনি জানান, দেশে নির্বাচন উপযোগী প্রায় ৪ হাজার ৫০০টি ইউনিয়ন পরিষদের অধিকাংশেই প্রথম দুই ধাপে ভোট গ্রহণের পরিকল্পনা আছে। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ধাপে নির্বাচনের সংখ্যা তুলনামূলক কম হবে।

ইসি সচিব বলেন, ইউনিয়ন পরিষদগুলোর একটি প্রাথমিক তালিকা যাচাইয়ের জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। কোনো আইনি জটিলতা বা সীমানাসংক্রান্ত সমস্যা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে তালিকাটি চূড়ান্ত করার আশা করছে কমিশন।

তিনি আরও জানান, নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। নির্বাচনী সরঞ্জাম প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি ভোটার তালিকা চূড়ান্ত করার কাজ এবং তিন ধরনের ব্যালট পেপার ছাপানোর ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

RELATED ARTICLES

Most Popular