Homeস্পোর্টসজাপান ম্যাচের আগে ব্রাজিলের নতুন অধিনায়ক রাফিনিয়া

জাপান ম্যাচের আগে ব্রাজিলের নতুন অধিনায়ক রাফিনিয়া

ব্রাজিল জাতীয় ফুটবল দলের অধিনায়কের দায়িত্ব পেলেন বার্সেলোনার তারকা ফরোয়ার্ড রাফিনিয়া। নিয়মিত অধিনায়ক মার্কিনিয়োস চোটের কারণে ছিটকে যাওয়ায় জাপানের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচে সেলেসাওদের নেতৃত্ব দেবেন এই উইঙ্গার। সিঙ্গাপুরে অনুষ্ঠিত হতে যাওয়া লড়াইটি বাংলাদেশ সময় আগামী শনিবার বিকেল ৪টা ১৫ মিনিটে শুরু হবে।

গত ২১ অক্টোবর পিএসজির হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে ম্যাচে পেশির চোটে পড়েন অভিজ্ঞ ডিফেন্ডার মার্কিনিয়োস। সেকারণে ব্রাজিলের আসন্ন আন্তর্জাতিক সফর থেকে ছিটকে গেছেন তিনি। ফলে নতুন অধিনায়ক বেছে নেওয়ার প্রয়োজন পড়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কোচ কার্লো আনচেলত্তির। শেষ পর্যন্ত রাফিনিয়ার ওপরই আস্থা রেখেছেন এই ইতালিয়ান।

শুধু মাঠের পারফরম্যান্স কিংবা অভিজ্ঞতার কারণে নয়, জাতীয় দলের প্রতি রাফিনিয়ার নিবেদনও অধিনায়ক নির্বাচনে বড় ভূমিকা রেখেছে। জানা গেছে, বাঁ কানে থাকা সিস্ট অপসারণের অস্ত্রোপচারও নির্ধারিত সময়ের আগেই করিয়েছেন তিনি, যাতে সিঙ্গাপুর সফরে দলের সঙ্গে থাকতে পারেন। তার এই সিদ্ধান্ত জাতীয় দলের প্রতি দায়িত্ববোধেরই প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।

জাপানের বিপক্ষে ম্যাচ সামনে রেখে একাদশ সাজানোর কাজ অনেকটাই এগিয়ে নিয়েছেন আনচেলত্তি। গতকাল বুধবার সিঙ্গাপুরে অনুশীলন সেশনে রক্ষণভাগ ও আক্রমণভাগের সম্ভাব্য সমন্বয় নিয়ে কাজ করেছেন তিনি। তবে মাঝমাঠের খেলোয়াড় নির্বাচন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি ব্রাজিলের কোচ।

সম্ভাব্য একাদশে গোলবার সামলানোর দায়িত্ব পেতে পারেন বেন্তো। রক্ষণভাগে দেখা যেতে পারে ওয়েসলি, জাইর, গ্যাব্রিয়েল ও দগলাস সান্তোসকে। আক্রমণভাগের কেন্দ্রে রাফিনিয়াকে খেলানো হতে পারে। ভিনিসিয়ুস জুনিয়র ও এস্তেভাও নামতে পারেন যথাক্রমে লেফট উইং ও রাইট উইংয়ে।

তবে মাঝমাঠে কারা সুযোগ পাবেন, সেটিই এখন আনচেলত্তির প্রধান ভাবনার বিষয়। মারলন গোমেস, গ্যাব্রিয়েল বন্তেম্পো, আন্দ্রে সান্তোস, জোয়াও গোমেস ও আন্দ্রে লুইজকে অনুশীলনে বিভিন্নভাবে পরীক্ষা করে দেখেছেন তিনি। তাদের মধ্য থেকে সেরা সমন্বয় খুঁজে বের করার চেষ্টা চলছে।

মাঝমাঠে ব্রুনো গিমারায়েসের জায়গা অনেকটাই নিশ্চিত বলে ধারণা করা হচ্ছে। তবে পুরোপুরি ফিট না হলে তার খেলা নিয়েও তৈরি হতে পারে অনিশ্চয়তা। নিউক্যাসল ইউনাইটেডের এই মিডফিল্ডার টানা তিন দিন অনুশীলনে বিশ্রামে ছিলেন।

বছরের শেষ আন্তর্জাতিক সফর জয়ে রাঙাতে চায় ব্রাজিল। সে লক্ষ্যেই জাপানের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন আনচেলত্তি। গত জুনে বিশ্বকাপের মঞ্চে দুই দলের সবশেষ দেখায় ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলে জয়ের সুখস্মৃতিও রয়েছে সেলেসাওদের।

RELATED ARTICLES

Most Popular