গোপালগঞ্জে গত ১০ নভেম্বর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে সংঘটিত বিভিন্ন সহিংসতার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, ১৫৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৩০০-৪০০ জনকে আসামি করে উপপরিদর্শক (এসআই) মো. জালাল উদ্দিন বাদী হয়ে বুধবার রাতে মামলাটি করেন।
স্থানীয় সূত্রের বরাতে পুলিশ জানায়, ১০ নভেম্বর সকাল থেকে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লগি-বৈঠা, ঢাল-সড়কি ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেন নিষিদ্ধ ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় বিক্ষোভ, কাভার্ডভ্যান ভাঙচুরসহ বিভিন্ন সহিংসতার ঘটনা ঘটে।
এছাড়া, ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশ এবং গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়। এতে যান চলাচল ব্যাহত হয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।
ওসি আমিনুল বলেন, ‘এসব ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করা হয়েছে। এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে গতকাল তাদের কারাগারে পাঠানো হয়েছে।’
এদিকে, ১০ নভেম্বরের ধর্মঘটকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সংঘটিত বিভিন্ন সহিংসতা ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় আরেকটি মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী।
