নতুন জেমস বন্ড হিসেবে রবার্ট প্যাটিনসনকে নির্বাচনের প্রক্রিয়ায় নিজের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে জানিয়েছেন অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেফ বেজোস।
আজ বুধবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ক্যালিফোর্নিয়ায় এক অনুষ্ঠানে বেজোস বলেন, প্যাটিনসনকে শুরুতে তার পছন্দ হয়নি। কারণ, এই অভিনেতা আগে থেকেই বেশ পরিচিত ও জনপ্রিয়। সাধারণত জেমস বন্ডের চরিত্রে এমন অভিনেতাদের নেওয়া হয়, যারা তখনো খুব বেশি পরিচিত নন।
তবে অডিশনে প্যাটিনসনের অভিনয় দেখার পর তার ধারণা বদলে যায়।
বেজোসের ভাষায়, ‘স্ক্রিন টেস্ট দেখার পর বিষয়টি একেবারেই স্পষ্ট হয়ে যায়, সে-ই জেমস বন্ড।’
মঙ্গলবার সেমাফোর সিলিকন ভ্যালি অ্যান্ড দ্য ওয়ার্ল্ড আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন বেজোস।
তিনি জানান, প্যাটিনসনের মধ্যে বিশেষ কিছু ছিল, যা অন্যদের চেয়ে তাকে আলাদা করেছে।
এর আগে, সোমবার ফ্র্যাঞ্চাইজিটির সপ্তম জেমস বন্ড হিসেবে প্যাটিনসনের নাম ঘোষণা করা হয়। তিনি ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত হচ্ছেন। ২০২৮ সালে মুক্তির অপেক্ষায় থাকা বন্ড সিরিজের ২৬তম সিনেমায় দেখা যাবে তাকে।
এর আগে ‘ব্যাটম্যান’ ও ‘টোয়াইলাইট’ সিরিজসহ বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন প্যাটিনসন।
লন্ডনে জন্ম নেওয়া এই অভিনেতা এক বিবৃতিতে বলেছেন, ‘জেমস বন্ড সিনেমার অন্যতম কিংবদন্তি চরিত্র। ০০৭-এর দায়িত্ব পাওয়াটা জীবনের সবচেয়ে বড় সম্মানের।’
বন্ড সিরিজের পরবর্তী সিনেমাটি পরিচালনা করবেন দ্যনি ভিলনোভ। তবে সিনেমার নাম ও মুক্তির সুনির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি।
১৯৬২ সালে প্রথম জেমস বন্ড সিনেমা মুক্তির পর থেকে দীর্ঘদিন চরিত্রটির সৃজনশীল নিয়ন্ত্রণ ছিল ব্রকলি পরিবারের হাতে। তবে এবারই প্রথম তাদের নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। ২০২২ সালে এমজিএম স্টুডিও কিনে নেয় অ্যামাজন। এমজিএমের সঙ্গে বন্ড ফ্র্যাঞ্চাইজির মালিকানাতেও ভাগাভাগি আছে তাদের।
বেজোস জানান, নতুন বন্ড নির্বাচনের জন্য বেশ কয়েকজন অভিনেতার অডিশন নেওয়া হয়েছিল। তাদের মধ্যে ছিলেন জশ ও’কনর, ক্যালাম টার্নার ও জ্যাক লোডেন। শেষ পর্যন্ত পাঁচজনকে বাছাই করে চূড়ান্ত পরীক্ষা নেওয়া হয়।
প্রার্থীদের তিনটি ভিন্ন দৃশ্যে অভিনয় করতে বলা হয়েছিল। পরীক্ষায় ছিল পুরো সিনেমার পোশাক, বাস্তব সেট ও অন্য অভিনেতাদের সঙ্গে অভিনয়ের সুযোগ।
বেজোস বলেন, পাঁচজনই ভালো অভিনয় করেছিলেন। তবে প্যাটিনসনের অভিনয়ে আলাদা কিছু ছিল। পরিচালক ডেনিস ভিলনভসহ সবাই শেষ পর্যন্ত তার পক্ষেই একমত হন।
হলিউডে বর্তমানে সিনেমা নির্মাণ ও স্টুডিও পরিচালনায় ব্যয় কমানো এবং প্রতিষ্ঠান একীভূত করার প্রবণতা চলছে। সিনেমা হলে দর্শক টানাও কঠিন হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে পরিচিত ও জনপ্রিয় অভিনেতাকে বন্ড হিসেবে বেছে নেওয়াকে নিরাপদ সিদ্ধান্ত হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।
হলিউড সাংবাদিক ম্যাথিউ বেলোনির মতে, নতুন কোনো অভিনেতাকে তারকা হিসেবে প্রতিষ্ঠার সুযোগ হাতছাড়া হতে পারে। তবে বড় অঙ্কের বিনিয়োগ ও সংশ্লিষ্ট সবার স্বার্থ বিবেচনায় প্যাটিনসনকে বেছে নেওয়া নিরাপদ সিদ্ধান্ত।
