Homeস্পোর্টসপ্রথম বলে বিপর্যয়, শেষ বলে আক্ষেপ, মাঝে হৃদয়-লিটনের রেকর্ড

প্রথম বলে বিপর্যয়, শেষ বলে আক্ষেপ, মাঝে হৃদয়-লিটনের রেকর্ড

দিনের প্রথম বলেই উইকেট হারানোর ধাক্কা। এরপর মাত্র ২২ রানে ৩ উইকেট নেই। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর পর আবারও কাগিসো রাবাদার জোড়া আঘাত। একসময় মনে হচ্ছিল, জোহানেসবার্গে প্রথম দিনটা বুঝি দুঃস্বপ্ন হয়েই থাকবে বাংলাদেশের জন্য। কিন্তু তাওহিদ হৃদয় ও লিটন দাসের ব্যাটে বদলে গেল পুরো গল্প। দুজনের রেকর্ড গড়া জুটিতে বাংলাদেশ পৌঁছে গেল এমন এক উচ্চতায়, যেখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগে কখনো যেতে পারেনি। তবে দুর্দান্ত এই দিনের শেষটায় থাকল একটু আক্ষেপও। দিনের শেষ বলেই যে ফিরে গেলেন ১৩৭ রানের অসাধারণ ইনিংস খেলা হৃদয়!

জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩২৭ রান। টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। হৃদয়ের বিদায়ে ভাঙা ষষ্ঠ উইকেটে ২০৬ রানের জুটিতে তার সঙ্গী লিটন অপরাজিত আছেন ৯২ রানে। কাল দ্বিতীয় দিনে ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরির খোঁজে নামবেন তিনি।

দিনের শেষ বলটি করতে এসেছিলেন মার্কো ইয়ানসেন। ইয়র্কার লেংথের বলটি ফ্লিক করতে গিয়ে ঠিকঠাক ব্যাটে লাগাতে পারেননি হৃদয়। বল আঘাত করে তার প্যাডে। এলবিডাব্লিউর আবেদন মেনে আঙুল তোলেন আম্পায়ার। তাতেই শেষ হয় হৃদয়ের অসাধারণ ইনিংস, সঙ্গে বাংলাদেশের রেকর্ড গড়া একটি জুটিও।

অথচ দিনটা শুরু হয়েছিল সম্পূর্ণ অন্যভাবে। টস জিতে ব্যাটিং নেওয়া বাংলাদেশের হয়ে অভিষেক ম্যাচে প্রথম বল মোকাবিলা করতে নামেন মাহফিজুল ইসলাম রবিন। কাগিসো রাবাদার সেই বলেই গালিতে মার্কো ইয়ানসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ২২ বছর বয়সী ওপেনার। টেস্ট ইতিহাসে অভিষেক ম্যাচের প্রথম বলে আউট হওয়া চতুর্থ ব্যাটসম্যান হয়ে যান তিনি।

এরপর রাবাদার বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন মুমিনুল হক। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও বেশিক্ষণ টিকতে পারেননি। রাবাদার ভেতরে ঢোকা বলে তার স্টাম্প উপড়ে যায়। মাত্র ২২ রানে ৩ উইকেট হারিয়ে তখন রীতিমতো বিপর্যয়ে বাংলাদেশ।

সেই ধাক্কা সামলানোর দায়িত্ব নেন তানজিদ হাসান তামিম ও হৃদয়। শুরুতে দুজনই বেশ কয়েকবার বিপদে পড়েছিলেন। তানজিদের তুলে দেওয়া ক্যাচ ধরতে পারেননি অ্যাকারম্যান। হৃদয়ও অল্পের জন্য ক্যাচ দেওয়া থেকে বেঁচে যান। তবে সেসব সামলে ধীরে ধীরে স্বচ্ছন্দ হয়ে ওঠেন দুজন। তানজিদ তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট ফিফটি। মধ্যাহ্নভোজের বিরতিতে বাংলাদেশ পৌঁছায় ৩ উইকেটে ৯১ রানে।

দ্বিতীয় সেশনেও বাংলাদেশের প্রতিরোধ ধরে রাখেন তানজিদ ও হৃদয়। তাদের জুটি ৮৪ রান পেরোতেই হয় একটি রেকর্ড। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটির রেকর্ডটি এতদিন ছিল হান্নান সরকার ও হাবিবুল বাশারের। ২০০২ সালে পচেফস্ট্রুমে ৮৪ রান যোগ করেছিলেন তারা। ২৪ বছর পর সেই রেকর্ড ভেঙে দেন তানজিদ ও হৃদয়।

তবে জুটিটিকে শতরানে পৌঁছাতে দেননি রাবাদা। তার বাউন্সার খেলতে গিয়ে বল স্টাম্পে টেনে এনে বোল্ড হন তানজিদ। ভাঙে ৯৯ রানের চতুর্থ উইকেট জুটি। পরের বলেই তৃতীয় স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন মুশফিকুর রহিম। ৩ উইকেটে ১২১ রান থেকে মুহূর্তেই বাংলাদেশের স্কোর হয়ে যায় ৫ উইকেটে ১২১।

মুশফিককে ফিরিয়ে নিজের পাঁচ উইকেটও পূর্ণ করেন রাবাদা। টেস্ট ক্যারিয়ারে এটি তার ১৮তম পাঁচ উইকেটের কীর্তি। বাংলাদেশের বিপক্ষে পঞ্চমবারের মতো ইনিংসে পাঁচ উইকেট নিয়ে গড়েন নতুন রেকর্ডও। প্রথম বোলার হিসেবে বাংলাদেশের বিপক্ষে পাঁচবার পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন দক্ষিণ আফ্রিকার এই পেসার।

রাবাদার সেই জোড়া আঘাতের পর বাংলাদেশের ইনিংস কোথায় গিয়ে থামবে, সেটিই ছিল বড় প্রশ্ন। কিন্তু লিটনকে সঙ্গে নিয়ে আবারও প্রতিরোধ গড়েন হৃদয়। একদিকে হৃদয় ধরে রাখেন নিজের ছন্দ, অন্য প্রান্তে শুরু থেকেই বেশ স্বাচ্ছন্দ্যে ব্যাট করেন লিটন। দুজনের ৬৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৫ উইকেটে ১৮৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ।

চা বিরতির পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন দুই ব্যাটসম্যান। ৭১ বলে ক্যারিয়ারের ২২তম টেস্ট ফিফটি তুলে নেন লিটন। কিছুক্ষণ পর তাদের জুটি পেরিয়ে যায় এক শ রান। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে এই প্রথম বাংলাদেশের কোনো জুটি শতরান ছোঁয়। দিনের দ্বিতীয় সেশনে হৃদয় ও তানজিদের গড়া ৯৯ রানের রেকর্ডটিও টিকল না দুই ঘণ্টা।

তবে হৃদয় ও লিটন সেখানেই থামেননি। জুটিতে ১৩৮ রান পেরিয়ে ভেঙে দেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটির রেকর্ডও। আগের রেকর্ডটি ছিল জাকের আলী ও মেহেদী হাসান মিরাজের। ২০২৪ সালে মিরপুরে সপ্তম উইকেটে ১৩৮ রান যোগ করেছিলেন তারা।

এর মধ্যেই আরেকটি সেঞ্চুরি পেয়ে যান হৃদয়। সেঞ্চুরি পূর্ণ করে চেনা ভঙ্গিতে হেলমেট খুলে ব্যাটের আগায় তুলে ধরেন। সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ২৪২ রানের পর দক্ষিণ আফ্রিকার মাটিতেও দেখা গেল তার সেঞ্চুরি উদ্‌যাপন। মাত্র চতুর্থ টেস্ট খেলতে নামা হৃদয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করা বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যানও হয়ে যান। টেস্টে টানা তিন ইনিংসে পঞ্চাশ পেরোনোর কীর্তি আরও সমৃদ্ধ হলো তার। সিলেটে ডাবল সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৮২ রান।

হৃদয়ের সেঞ্চুরির পর লিটনও এগোতে থাকেন তিন অঙ্কের দিকে। তাদের ব্যাটে বাংলাদেশের সংগ্রহ পেরিয়ে যায় তিন শ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের আগের সর্বোচ্চ দলীয় সংগ্রহও ছাড়িয়ে যায় বাংলাদেশ। একসময় ২২ রানে ৩ উইকেট হারানো দলটির জন্য যা ছিল অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানোর গল্প।

 

RELATED ARTICLES

Most Popular