Homeস্পোর্টস‘বন্ধু, তুমি খেলে যাও, আমি এখানেই থামছি’

‘বন্ধু, তুমি খেলে যাও, আমি এখানেই থামছি’

বার্সেলোনায় একসঙ্গে কত স্মরণীয় মুহূর্তই না উপহার দিয়েছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। সময়ের পরিক্রমায় দুজনেই এখন ক্যারিয়ারের শেষ প্রান্তে। তবে বন্ধুত্ব আর মাঠের বোঝাপড়ায় এখনো ভাটা পড়েনি। ইন্টার মায়ামিতে আবারও একসঙ্গে খেলছেন, গোল করছেন, শিরোপা জিতছেন। কিন্তু কত দিন আর চলবে দুই বন্ধুর এই পথচলা? একই সঙ্গে কি ফুটবলকে বিদায় বলবেন তারা?

এমন প্রশ্নের জবাবে সুয়ারেজ জানালেন, যত দিন খেলাটা উপভোগ করবেন এবং জয়ের ক্ষুধা থাকবে, তত দিন থামতে চান না। তবে মেসির অফুরন্ত প্রাণশক্তি দেখে তার ধারণা, বন্ধুর আগেই হয়তো তাকে বুটজোড়া তুলে রাখতে হবে।

কাতালুনিয়া রেডিওর অনুষ্ঠান তত কোস্তাকে দেওয়া সাক্ষাৎকারে নিজেদের ভবিষ্যৎ নিয়ে খোলামেলা কথা বলেছেন ৩৯ বছর বয়সী সুয়ারেজ। বার্সেলোনার সোনালি সময়ের দুই সতীর্থ এখন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির হয়ে খেলছেন। বয়স বাড়লেও এখনই ফুটবল ছাড়ার কথা ভাবছেন না দুজনের কেউই।

মেসির সঙ্গে একই সময়ে অবসর নেওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে সুয়ারেজ বলেন, ‘কঠিন প্রশ্ন। তবে যত দিন সম্ভব, আমরা খেলে যাব। যত দিন খেলাটা উপভোগ করব, আনন্দ পাব, প্রতিদ্বন্দ্বিতা করার সেই বাড়তি তাড়না আর জেতার ইচ্ছা থাকবে, তত দিন থামব না। শুধু আমি কিংবা মেসি নই, কিছু অর্জন করার উচ্চাকাঙ্ক্ষা আছে, এমন কেউই থামতে চাইবে না।’

তবে একসঙ্গে অবসর নেওয়ার ইচ্ছা থাকলেও বাস্তবে সেটি সম্ভব হবে কি না, তা নিয়ে নিশ্চিত নন উরুগুইয়ান স্ট্রাইকার। বিশেষ করে মেসির মধ্যে এখনো খেলা চালিয়ে যাওয়ার যে আগ্রহ দেখছেন, তাতে বন্ধুর আগেই নিজের ক্যারিয়ার শেষ হওয়ার সম্ভাবনা দেখছেন তিনি।

সুয়ারেজ বলেন, ‘এমন একটা সময় আসবে, যখন দেখব ওর মধ্যে এখনো অনেক শক্তি, খেলা চালিয়ে যাওয়ার প্রবল ইচ্ছা আছে। তখন হয়তো আমাকে বলতে হবে, বন্ধু, সব ঠিক আছে। তুমি খেলা চালিয়ে যাও, কিন্তু আমি এখানেই থামছি।’

তবে সেই সময় এখনো আসেনি বলেই মনে করেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড, ‘আপাতত আমরা ভালো আছি, খুশি আছি, খেলাটা উপভোগ করছি। শারীরিকভাবেও ভালো অবস্থায় আছি। শুধু থাকার জন্য তো আর এখানে থাকছি না। ব্যক্তিগতভাবে আমি ভালো অনুভব করছি, লিও-ও ভালো আছে। এটা আমাদের অনেক সাহায্য করছে।’

ক্যারিয়ারের এই পর্যায়ে এসে ফুটবলকে আগের চেয়ে কিছুটা ভিন্নভাবে দেখছেন সুয়ারেজ। এখন মাঠের প্রতিটি মুহূর্ত আরও বেশি উপভোগ করতে চান। তবে বয়সের কারণে প্রতিদ্বন্দ্বিতার মানসিকতায় কোনো পরিবর্তন আসেনি তার।

‘এখন জীবনটাকে একটু বেশি উপভোগ করার চেষ্টা করি। কিন্তু ভেতরে সেই প্রতিদ্বন্দ্বিতার মানসিকতা তো আছেই। সব সময় জিততে চাই। ফুটবলে পরিসংখ্যান গুরুত্বপূর্ণ, বিশেষ করে একজন স্ট্রাইকারের জন্য। যত দিন দলের কাজে আসতে পারব, তত দিন নিজের কাছে স্বস্তি থাকবে,’ বলেন সুয়ারেজ।

গত মৌসুমের শেষ দিকে খুব বেশি খেলার সুযোগ না পেলেও সেটি নিয়ে আক্ষেপ নেই সুয়ারেজের। নিজের সামর্থ্যের সবটুকু দিয়েছেন বলেই মনে করেন তিনি। আর ইন্টার মায়ামির হয়ে এমএলএস কাপ জয়কে দেখেন ক্লাবের ইতিহাসের বিশেষ অর্জন হিসেবে।

দীর্ঘদিন পেশাদার ফুটবলে টিকে থাকার পেছনে আধুনিক সুযোগ-সুবিধার অবদানও দেখছেন সুয়ারেজ। তার মতে, ২০ বছর আগের তুলনায় ফুটবলারদের অনুশীলন, খাদ্যাভ্যাস ও চোট থেকে সেরে ওঠার পদ্ধতিতে অনেক পরিবর্তন এসেছে। ফলে আগের চেয়ে বেশি বয়স পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ে খেলে যাওয়ার সুযোগ পাচ্ছেন ফুটবলাররা।

ইন্টার মায়ামিতে নিজের ভবিষ্যৎ নিয়েও ইতিবাচক সুয়ারেজ। ক্লাবটির সঙ্গে তার বর্তমান চুক্তি শেষ হওয়ার কথা চলতি বছরেই। তবে আরও কিছুদিন থেকে যাওয়ার বিষয়ে আলোচনা চলছে।

এ নিয়ে সুয়ারেজ বলেন, ‘যত দিন নিজেকে খেলার উপযুক্ত মনে হবে এবং দলকে সাহায্য করতে পারব, তত দিন খেলে যেতে চাই। ক্লাবের সঙ্গে আমাদের আলোচনা চলছে। আমি ভালো আছি, ক্লাবও খুশি। তাই এগিয়ে যাওয়ার ব্যাপারে আমার কোনো আপত্তি নেই।’

এমএলএসের চলতি মৌসুমে এখন পর্যন্ত ৩২ ম্যাচে ১৭ গোল করেছেন সুয়ারেজ, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৮টি। সামনে এখন প্লে-অফের লড়াই। কিলি গঞ্জালেসের অধীনে ইন্টার মায়ামি আগামী শনিবার প্রথম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে কলম্বাস ক্রুর। ২৭ নভেম্বর হবে দ্বিতীয় ম্যাচ।

RELATED ARTICLES

Most Popular