Homeস্পোর্টস‘ব্যাটিংয়ের আউট হওয়াটা তখনও মাথায় ঘুরছিল’, হৃদয়ের ক্যাচ ছাড়া নিয়ে মাকেতা

‘ব্যাটিংয়ের আউট হওয়াটা তখনও মাথায় ঘুরছিল’, হৃদয়ের ক্যাচ ছাড়া নিয়ে মাকেতা

সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে আবারও আলোচনার কেন্দ্রে বাংলাদেশের ব্যাটার তাওহিদ হৃদয়; তবে এবার ইতিবাচক কোনো কারণে নয়। চা-বিরতির ঠিক আগের ওভারে দৃষ্টিকটু এক শটে আউট হওয়ার পর স্লিপে সহজ এক ক্যাচও হাতছাড়া করেন তিনি।

প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশের চাপ এতে আরও বেড়ে যায়। হৃদয়ের এমন ব্যাটিংয়ের সময় মাথায় কী চলছিল, তা নিশ্চিত না হলেও সহকারী কোচ মালিবোংওয়ে মাকেতার ধারণা, ওই আউটের ধাক্কা সামলাতে না পারার কারণেই ফিল্ডিংয়ে এমন ভুল করেছেন তিনি।

ওয়ান্ডারার্সে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করা হৃদয়কে এদিনও বেশ আত্মবিশ্বাসী মনে হচ্ছিল। টেস্ট ক্যারিয়ারের শুরুটা ভালো না হলেও সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডাবল সেঞ্চুরির পর থেকেই ছন্দে আছেন তিনি। সেই সিরিজের দ্বিতীয় ইনিংসে ম্যাচ বাঁচানো ৮২ রানের পর দক্ষিণ আফ্রিকার মাটিতে নিজের প্রথম টেস্টেই পেয়েছিলেন শতকের দেখা।

তবে সেঞ্চুরিয়নে চা-বিরতির আগের ওভারে পরিস্থিতি ছিল ভিন্ন। ৭৩ রানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ তখন ধুঁকছে, সময়ের দাবি ছিল ধৈর্য ধরে ক্রিজে টিকে থাকা। কিন্তু ৩৬ বলে ৭ রানে ব্যাট করতে থাকা হৃদয় হঠাৎই অফ স্পিনার সাইমন হার্মারের ওপর চড়াও হওয়ার সিদ্ধান্ত নেন। শিকল ভাঙার চেষ্টায় পরপর দুই বলে একটি ছক্কা ও একটি চার মারার পরের বলেই নেন দুই রান। কিন্তু বিরতির আগের শেষ বলে হার্মারকে ক্রিজ ছেড়ে খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৮৫ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ।

সেঞ্চুরিয়নে নিজেদের সর্বনিম্ন রানে অলআউট হওয়ার পর ব্যাটিং ধসের ব্যাখ্যা দিতে সংবাদ সম্মেলনে আসেন সহকারী কোচ মাকেতা। সেখানে শুরুতেই তাকে জবাব দিতে হয় হৃদয়ের ক্যাচ মিস নিয়ে। পেসার খালেদ আহমেদের বলে জুবাইর হামজার ব্যাটের কানায় লাগা সহজ ক্যাচটি স্লিপে ফেলে দেন হৃদয়।

মাকেতার বিশ্বাস, ব্যাটিংয়ের ওই আউটটির কথাই তখনও ভাবছিলেন হৃদয়। তবে ব্যাটারদের কাছ থেকে এমন ভুল মেনে নেওয়া যায় না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি।

‘আমার মনে হয়, ক্যাচটি যখন আসে তখনও সে নিজের ভেতরেই ডুবে ছিল। সে দারুণ ব্যাটিং করছিল, আর আমাদের বেশিরভাগ ব্যাটারের দিকে তাকালে দেখবেন, তারা ফিল্ডিংয়ে ভুল করেছে। আমার মনে হয়, বাজে ব্যাটিংয়ের ঘোর তারা তখনও কাটিয়ে উঠতে পারেনি। তবে এটি কোনো অজুহাত হতে পারে না। ব্যাটিং যেমনই হোক, জার্সির মর্যাদা রাখতে মাঠে আমাদের দৃঢ় মানসিকতা দেখাতে হবে। বিষয়টি কিছুটা হতাশাজনক ছিল। তবে আমি নিশ্চিত, আগামীকাল আমরা আরও শক্তভাবে ঘুরে দাঁড়াব।’

ক্যাচটি নিতে পারলে বাংলাদেশের বোলাররা দারুণ উজ্জীবিত হয়ে উঠতেন। সুযোগ হাতছাড়া হওয়ায় পুরো দলই হতাশ বলে জানান মাকেতা।
‘ক্যাচ সবাই মিস করে। আগেই বলেছি, সে হয়তো তখনও নিজের ব্যাটিং আর ওই শটটি নিয়েই ভাবছিল, পুরোপুরি বর্তমান মুহূর্তে ছিল না। এটি দলের জন্য খুব হতাশার ছিল, কারণ আমাদের লক্ষ্য ছিল আজ অন্তত ওদের তিনটি উইকেট তুলে নেওয়া, যা শেষ পর্যন্ত হয়নি।’

চা-বিরতির ঠিক আগে প্রোটিয়াদের ওপর চড়াও হওয়ার এমন কৌশল নিয়ে প্রশ্ন করা হলে গত মাসে জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়া মাকেতা জানান, বাজে কোনো সিদ্ধান্তের পর তিনি সাধারণত হৃদয়কে একা ছেড়ে দেন। মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টেও তিনি এমনটাই করেছিলেন।

‘ওর সঙ্গে আমার এখনও কথা হয়নি। সে কী ভাবছিল, আমি জানি না। ড্রেসিংরুমে ফেরার পর এ ধরনের কোনো শট খেললে আমরা সাধারণত একে অপরকে একটু সময় দিই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টেও সে এমনটা করেছিল, তখনও আমি তাকে কিছুটা সময় দিয়েছিলাম। আমি নিশ্চিত, আজ রাতে সে নিজেই আমার কাছে এসে কথা বলবে। এরপরই আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব।’
 

RELATED ARTICLES

Most Popular