ময়মনসিংহ নগরীর বরেরা মসজিদ মার্কেট এলাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক কর্মীকে ছুরিকাঘাতে খুনের পর ওই হত্যাকাণ্ডে অভিযুক্ত এক যুবককে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা।
গণপিটুনিতে নিহত মেহেদী হাসানের বয়স ৩১ বছর। তিনি নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের বরেরা মসজিদ রোড এলাকার বাসিন্দা।
আজ সোমবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন।
বরেরা মসজিদ মার্কেট এলাকায় ভোরে গণপিটুনিতে মেহেদী গুরুতর আহত হন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মেহেদী ওই ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমের ছোট ভাই।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, হত্যাকাণ্ডের পর বিক্ষুব্ধ জনতা মেহেদীকে মারধর করে।
একই এলাকায় গত সন্ধ্যায় ছুরিকাঘাতে নিহত হন স্বেচ্ছাসেবক দলের কর্মী মো. সুরজ জামান (৩৫)। তিনি মধ্য বরেরা এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে।
পরিবারের সদস্য ও স্থানীয়দের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, সন্ধ্যায় সুরজ মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। বরেরা মসজিদ মার্কেট মোড়ে পৌঁছে মেহেদীসহ কয়েকজন তার পথরোধ করে। এক পর্যায়ে তারা সুরজের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মামুন আরও জানান, ময়নাতদন্তের জন্য দুজনের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি এবং কাউকে আটক করা যায়নি। তবে তদন্ত শুরু করেছে। পাশাপাশি ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
