রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার চেষ্টার ঘটনায় আটক ৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন—আ ন ম আয়াস (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার (২৭)।
আজ রোববার ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলায় এই ৪ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ জানায়, গতকাল শনিবার রাষ্ট্র সংলাপ ফোরাম নামের একটি সংগঠনের সদস্যসচিব আয়াসসহ কয়েকজন শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে থাকা রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিটি মুছে ফেলতে গিয়েছিলেন।
আজ আদালতে জমা দেওয়া পুলিশের ফরোয়ার্ডিং রিপোর্টে বলা হয়, ৪ আসামিকে শাহবাগ থানায় পেনাল কোডের ১২০ বি, ১৫৩ এ এবং ২৯৫ এ ধারায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
তাদের ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনায় জড়িত অন্যান্য আসামি, ঘটনার ইন্ধনদাতা, পরিকল্পনাকারী ও অর্থদাতাদের শনাক্ত ও গ্রেপ্তার করা প্রয়োজন বলে ফরোয়ার্ডিংয়ে উল্লেখ করেছে পুলিশ।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল খালেক একাডেমির সামনে থেকে আয়াসকে আটক করার কথা জানিয়েছিলেন।
গত ৫ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করে। এরপর, ফুটপাত সংলগ্ন দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়।
নোট: বিকেল ৫টায় পাওয়া সবশেষ তথ্য অনুযায়ী প্রতিবেদনটি সংশোধন করা হয়েছে।
