ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপে উড়তে থাকা বাংলাদেশের জন্য বড় দুঃসংবাদ হয়ে এসেছে ডিফেন্ডার সাদ উদ্দিনের চোট। অ্যাকিলিস টেন্ডনে (পায়ের পেছনের দিকের নিচের অংশের পেশি) চোট পাওয়ায় টুর্নামেন্টের বাকি অংশে খেলা হচ্ছে না এই রাইট-ব্যাকের।
গতকাল বুধবার জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের দাপুটে জয়ের ম্যাচের শেষদিকে চোট পান সাদ। তাই ৮১তম মিনিটে তাকে তুলে নিয়ে বদলি হিসেবে মাঠে নামানো হয় রহমত মিয়াকে।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের চিকিৎসক ডা. তুষার মাহমুদ বৃহস্পতিবার জানান, সাদের অ্যাকিলিস টেন্ডন ক্ষতিগ্রস্ত হয়েছে। গত রাতে তার এমআরআই পরীক্ষা করা হয়েছে এবং আজ রিপোর্ট পাওয়ার কথা রয়েছে।
তিনি বলেন, ‘এমআরআই রিপোর্টের ভিত্তিতে সাদের চোটের মাত্রা নির্ধারণ করা হবে। তবে এটা নিশ্চিত যে, সাফ চ্যাম্পিয়নশিপের বাকি ম্যাচগুলোতে সে খেলতে পারবে না।’
সহকারী কোচ হাসান আল মামুন জানান, এই ধরনের চোট থেকে সেরে উঠতে সাধারণত ছয় থেকে আট মাস সময় লাগতে পারে। তবে সাদের সুস্থ হতে কত দিন লাগবে, তা এমআরআই রিপোর্ট পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।
সাদের চোটকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে হাসান বলেন, ‘সাদের জন্য, বাংলাদেশ দলের জন্য ও তার ক্লাবের (মোহামেডান স্পোর্টিং ক্লাব) জন্য এটি সত্যিই দুর্ভাগ্যজনক। সে দারুণ ফর্মে ছিল এবং দেশের জন্য ভালো কিছু করার সামর্থ্য দেখাচ্ছিল।’
সাফে ছন্দে থাকা সাদের ব্যক্তিগত হতাশার কথাও জানান হাসান। চোটে পড়ে বারবার ছিটকে যাওয়ার সাদ আক্ষেপ প্রকাশ করেছেন এই সহকারী কোচের কাছে, ‘যখনই আমি ভালো ফর্মে থাকি, তখনই কোনো না কোনো চোটে পড়ে ছিটকে যাই।’
এর আগে দুবার হাঁটুর চোটে পড়েছিলেন সাদ। তবে পুনর্বাসন প্রক্রিয়া শেষে সফলভাবে মাঠে ফিরেছিলেন তিনি।
আগামী শনিবার সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। সাদের অনুপস্থিতিতে রাইট-ব্যাক পজিশনে বিকল্প হিসেবে রয়েছেন তার ছোট ভাই তাজ উদ্দিন, রহমত মিয়া ও বিশ্বনাথ ঘোষ। এছাড়া, তারিক কাজীও খেলতে পারেন এই ভূমিকায়।
