Homeঅর্থনীতিসাভার-আশুলিয়ায় নতুন করে ২০ কারখানা ছুটি, ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি

সাভার-আশুলিয়ায় নতুন করে ২০ কারখানা ছুটি, ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি

শ্রমিক বিক্ষোভের কারণে শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় আজ মঙ্গলবার অন্তত ২০টি পোশাক কারখানায় ছুটি দেওয়া হয়েছে বলে জানিয়েছে শিল্পপুলিশ।

আশুলিয়া শিল্পপুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া সাংবাদিকদের এ কথা জানান।

এদিকে, জননিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

দুপুরে সাভারের রাজফুলবাড়ি এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আশুলিয়ার শিল্পপুলিশ কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, ‘সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে ১৩(১) ধারায় কারখানা বন্ধ আছে ৮টি। এছাড়া শ্রমিকেরা কাজে যোগ না দেওয়াসহ বিভিন্ন কারণে আজ আরও প্রায় ২০টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে।’

‘সকালে আশুলিয়ার চারাবাগ এলাকায় কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করায় শ্রমিকরা সড়কে নামেন। পরে তারা শান্তিপূর্ণভাবে সেখান থেকে চলে যান। তবে একই সময়ে সাভারে কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করায় শ্রমিকরা বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন,’ বলেন তিনি।

আজ সাভার ও আশুলিয়া এলাকায় শিল্প পুলিশের ৬০০ জনের বেশি সদস্য দায়িত্ব পালন করছেন বলে জানান মমিনুল।

এদিকে এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, ঢাকার মিরপুর, সাভার, হেমায়েতপুর এবং কাঠগড়া, জিরাবো, হামিম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়াসহ আশুলিয়া এলাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাশ ও সালনা এলাকায় মোতায়েন করা হয়েছে ১৫ প্লাটুন।

আর, নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং কার্যক্রম সমন্বয়ের জন্য বিজিবির সদর দপ্তরে বিশেষ মনিটরিং সেল কাজ করছে।

RELATED ARTICLES

Most Popular