তাওহিদ হৃদয় যেন একটা ঘোরের মধ্যে আছেন। আগের দিন ব্যাটের তাণ্ডবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কী কাণ্ড করে ফেলেছেন বুঝতেও যেন সময় লাগছে। দলকে খাদের কিনার থেকে টেনে ইতিহাস গড়া ২৪২ রানের ইনিংসের পর ডানহাতি ব্যাটার জানালেন, যা চেয়েছিলেন পেয়ে গেছে তারও বেশি। স্বপ্ন এভাবে সত্যি হওয়ায় আপ্লুত তিনি।
মাত্র পঞ্চম টেস্ট ইনিংসে নেমেই একাধিক রেকর্ড গড়ে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের নতুন অধ্যায় লিখলেন ২৫ বছর বয়সী এই ব্যাটার।
রবিবার সিলেটে চতুর্থ দিনের খেলা শুরুর আগে সম্প্রচারকারীদের হৃদয় বলেন, ‘সত্যি বলতে, এটা নিশ্চিতভাবেই আমার একটা স্বপ্ন ছিল। স্বপ্নটা এভাবে সত্যি হওয়ায় আমি ভীষণ আনন্দিত, হয়তো যা ভেবেছিলাম তার চেয়ে একটু আগেই পেয়ে গেলাম। সবকিছুর জন্য আমি ভীষণ কৃতজ্ঞ।’
দলের ইনিংস যখন দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল, ঠিক তখনই শেষ তিন ব্যাটার হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদের সঙ্গে জুটি বেঁধে নিজের ইনিংসের ১৬১ রানই সংগ্রহ করেন হৃদয়।
তবে এই অবিস্মরণীয় ইনিংসের পরও নিজের জন্য নির্দিষ্ট কোনো দূরবর্তী লক্ষ্য বেঁধে দিতে চান না এই ব্যাটার।
নিজের ভাবনার কথা জানাতে গিয়ে শেষে তিনি বলেন, ‘আপাতত নিজের কোনো ব্যক্তিগত লক্ষ্য নেই, দল যা চাইবে তা-ই করতে চাই। আগেই যেমনটা বলেছি, সুযোগ পেলেই দলের জন্য অবদান রাখতে চাই। ম্যাচের পরিস্থিতি যা দাবি করবে কিংবা দল যেভাবে চাইবে, আমি সেভাবেই খেলে যাওয়ার চেষ্টা করব।’
