বাংলাদেশের ফুটবলে দীর্ঘদিন ধরে ভরসার নাম জামাল ভূঁইয়া। জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন বছরের পর বছর। সেই জামাল এবার হামজা চৌধুরীকে দেখছেন বাংলাদেশের সম্ভাব্য সর্বকালের সেরা ফুটবলার হিসেবে। শুধু মাঠের পারফরম্যান্সেই নয়, নেতৃত্বের যোগ্যতায়ও হামজাকে এগিয়ে রাখছেন অভিজ্ঞ এই মিডফিল্ডার।
শ্রীলঙ্কার বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের অধিনায়কত্বের আর্মব্যান্ড উঠেছিল হামজার হাতে। নেতৃত্ব পাওয়ার উপলক্ষটা গোল করেও রাঙিয়েছেন তিনি। দলের ৪-০ গোলের জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। হামজার নেতৃত্ব ও পারফরম্যান্সে মুগ্ধ জামালও।
হামজার অধিনায়কত্ব নিয়ে জানতে চাইলে বৃহস্পতিবার জামাল বলেন, ‘হামজা এটা ডিজার্ভ করে। ও ভালো খেলেছে। আর হামজা সম্ভবত বাংলাদেশের সর্বকালের সেরা ফুটবলার। অবশ্যই সে সবচেয়ে বড় তারকা, দলের সেরা খেলোয়াড়। হামজার জন্য আমি খুব খুশি।’
দীর্ঘদিন জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া জামালের মুখে হামজাকে নিয়ে এমন প্রশংসা বিশেষ তাৎপর্যপূর্ণ। নিজের অভিজ্ঞতা আর নেতৃত্বের জায়গা থেকে কোনো দ্বিধা ছাড়াই হামজার যোগ্যতার স্বীকৃতি দিলেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি-ফাইনালে উঠেছে বাংলাদেশ। চার গোলের পাশাপাশি নিজেদের জালও অক্ষত রাখতে পেরেছে দল। সব মিলিয়ে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট জামাল। তবে আপাতত আনন্দে ভেসে যাওয়ার সুযোগ দেখছেন না তিনি। সামনে যে অপেক্ষা করছে পাকিস্তানের চ্যালেঞ্জ।
‘ম্যাচ ভালো ছিল। আমরা চার গোল করেছি, এটা ভালো ব্যাপার। আবার ক্লিন শিটও রেখেছি। সব মিলিয়ে সবাই সন্তুষ্ট, সবাই খুশি। এখন আমাদের মনোযোগ পাকিস্তান ম্যাচে। কারণ আমার মনে হয়, পাকিস্তান শ্রীলঙ্কার চেয়ে ভালো দল,’ বলেন জামাল।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বিশ্রাম পেয়েছিলেন দলের কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার। ঠাসা সূচিতে সামনে এগিয়ে যেতে পুরো স্কোয়াডের প্রয়োজনীয়তার কথাও মনে করিয়ে দিয়েছেন জামাল। বিশেষ করে সাদ উদ্দিনের চোটের পর বিকল্প খেলোয়াড়দের প্রস্তুত থাকার গুরুত্ব তুলে ধরেছেন তিনি।
জামালের ভাষায়, ‘পুরো স্কোয়াড দরকার। কারণ একটা ম্যাচের দুই দিন পরই আবার খেলতে হচ্ছে। সাদ উদ্দিন চোট পেয়েছে। অবশ্যই সেখানে বিকল্প লাগবে। আপনারা দেখেছেন, হৃদয় সেন্টার ব্যাক হিসেবে খেলেছে। তাই পুরো স্কোয়াডের সবাইকে দরকার।’
