Homeস্পোর্টসহামজাকে পাত্তা দিচ্ছে না পাকিস্তান!

হামজাকে পাত্তা দিচ্ছে না পাকিস্তান!

শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের জয়ে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা ছিলেন হামজা চৌধুরী। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই গোল করেছেন, সতীর্থকে দিয়েও করিয়েছেন। তার নেতৃত্বে দুর্দান্ত ফুটবল খেলে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই পাকিস্তানের বিপক্ষে শেষ চারের লড়াইয়ের আগে আলোচনার কেন্দ্রে ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।

তবে হামজাকে নিয়ে মোটেও চিন্তিত নন পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ ইজাজ বাট। বরং পাল্টা আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন তিনি। জানিয়েছেন, বাংলাদেশের হামজা থাকলে পাকিস্তানেরও বেশ কয়েকজন দুর্দান্ত প্রবাসী ফুটবলার রয়েছেন। তাদের নিয়েই ফাইনালে ওঠার স্বপ্ন দেখছেন বাট।

আগামীকাল শনিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি। গ্রুপ পর্বে দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। অন্যদিকে ভারতের কাছে ৩-২ গোলে হারের পর মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ চারে উঠেছে পাকিস্তান।

তবে গ্রুপ পর্বের পাকিস্তান আর সেমিফাইনালের পাকিস্তান এক নয়। ফিফার আন্তর্জাতিক বিরতি শুরু হওয়ায় নতুন করে পাঁচজন প্রবাসী ফুটবলার যোগ দিয়েছেন দলটিতে। তাদের অন্তর্ভুক্তিতে পাকিস্তানের শক্তি অনেকটাই বেড়েছে। আর সেটিই বাংলাদেশ ম্যাচের আগে আত্মবিশ্বাস জোগাচ্ছে বাটকে।

আজ শুক্রবার বসুন্ধরা কিংস অ্যারেনা এলাকায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হামজাকে নিয়ে প্রশ্নের জবাবে পাকিস্তানি গোলরক্ষক বলেন, ‘হামজাকে নিয়ে আমার মাথাব্যথা নেই। আমি বরং আমার ভালো বন্ধু জামাল ভূঁইয়ার বিপক্ষে খেলার কথা ভাবছি। বাংলাদেশের ভালো খেলোয়াড় আছে, কিন্তু আমাদেরও খুব ভালো ফুটবলার রয়েছে।’

এরপর নিজেদের প্রবাসী ফুটবলারদের নাম উল্লেখ করে বাট বলেন, ‘হামজা চৌধুরীকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে। কিন্তু আমাদের আবদুল্লাহ ইকবাল আছে, ইসা সুলিমান আছে, আদিল নবী আছে, আবদুল সামাদ আরশাদ আছে। আমার কাছে ওরাও অসাধারণ ফুটবলার। আমি নিশ্চয়তা দিতে পারি, আমাদের দলেও দুর্দান্ত কিছু খেলোয়াড় রয়েছে।’

পাকিস্তানের নতুন যোগ দেওয়া ফুটবলারদের মধ্যে সবচেয়ে বড় নামগুলোর একটি আবদুল্লাহ ইকবাল। সুইডেনের ক্লাব ফুটবলে খেলা এই ডিফেন্ডারের ইউরোপিয়ান প্রতিযোগিতার বাছাইপর্বে খেলার অভিজ্ঞতাও রয়েছে। অন্যদিকে ইংল্যান্ডের বয়সভিত্তিক জাতীয় দলে খেলা ইসা সুলিমান বর্তমানে আজারবাইজানের ক্লাব সুমগায়িতে খেলছেন।

এ ছাড়া ইংলিশ ক্লাব ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের একাডেমিতে বেড়ে ওঠা আদিল নবী, ডেনমার্কে খেলা আবদুল সামাদ আরশাদ এবং আলী আকবর খানও পাকিস্তানের শক্তি বাড়িয়েছেন। এই পাঁচ ফুটবলার গ্রুপ পর্বের ম্যাচগুলোতে ছিলেন না।

নতুন ফুটবলারদের অন্তর্ভুক্তিতে সন্তুষ্ট বাট। তবে শুধু ব্যক্তিগত নৈপুণ্যের ওপর নির্ভর করতে চান না তিনি। বাংলাদেশের বিপক্ষে দলীয় পারফরম্যান্সকেই বেশি গুরুত্ব দিচ্ছেন পাকিস্তানি গোলরক্ষক।

তিনি বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। নতুন পাঁচজন ফুটবলার দলকে সাহায্য করতে পারবে। তবে দিন শেষে বিষয়টি দলীয় পারফরম্যান্সের, কোনো একজন ফুটবলারের নয়। আমরা সবাই মিলে বাংলাদেশের বিপক্ষে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আশা করি, সেটাই যথেষ্ট হবে।’

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের অতীত লড়াইয়ের কথাও মনে করিয়ে দিয়েছেন বাট। বিশেষ করে ২০১৮ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচটি এখনো মনে আছে তার।
সেবার গ্রুপ পর্বে পাকিস্তানকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে স্বাগতিকরা কিছুটা ভাগ্যের সহায়তা পেয়েছিল জানিয়ে পাকিস্তানি গোলরক্ষক বলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সব সময় ভালো ম্যাচ হয়। ২০১৮ সালে ঢাকায় ওরা বেশ ভাগ্যবান ছিল। একটি আত্মঘাতী গোলের সুবাদে ম্যাচটি জিতেছিল।’

তবে বাটের স্মৃতিতে আত্মঘাতী গোলের কথা থাকলেও বাস্তবে সেই ম্যাচে বাংলাদেশের জয়সূচক গোলটি করেছিলেন তপু বর্মণ। ৮৫তম মিনিটে তার হেডেই পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ।

এবারের সেমিফাইনালে অবশ্য প্রযুক্তিগত একটি সুবিধা পাচ্ছে দুই দল। শেষ চারের ম্যাচ থেকে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি ব্যবহার করা হবে। বিষয়টি নিয়ে বেশ খুশি বাট।
তার মতে, ঘরের মাঠে বিপুল দর্শকের সামনে খেলতে নামলে স্বাগতিক দলের পক্ষে বাড়তি চাপ তৈরি হতে পারে। এমন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সঠিকভাবে নিতে ভিএআর সহায়ক হবে।

বাট বলেন, ‘বাংলাদেশের দর্শকদের কাছ থেকে যে প্রবল চাপ আসবে, সেটা আমরা জানি। তবে ব্যক্তিগতভাবে আমি খুশি যে এবার ভিএআর থাকবে। এটা আমাদের জন্য অনেক সাহায্য করবে। স্বাগতিক দল যখন নিজেদের সমর্থকদের সামনে খেলে, তখন চাপ অনেক বেশি থাকে। ভিএআর থাকায় সিদ্ধান্তগুলো আরও সুশৃঙ্খলভাবে নেওয়া সম্ভব হবে বলে মনে করি। ম্যাচটির জন্য আমি মুখিয়ে আছি।’

বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনাল জিতে ফাইনালে ওঠার স্বপ্নও দেখছেন পাকিস্তানের এই গোলরক্ষক। তবে তার বিশেষ ইচ্ছা, শিরোপা নির্ধারণী ম্যাচে আবারও ভারতের মুখোমুখি হওয়া।
গ্রুপ পর্বে ভারতের কাছে ৩-২ গোলে হেরেছিল পাকিস্তান। সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পেতে চান বাট।

তিনি বলেন, ‘আমি সত্যিই আবার ভারতের বিপক্ষে খেলতে চাই। কারণ গত ১২-১৩ বছরের মধ্যে ভারতের বিপক্ষে আমরা সবচেয়ে বাজে ম্যাচগুলোর একটি খেলেছি। তাই আশা করছি, ইনশাআল্লাহ ফাইনালে আবার তাদের মুখোমুখি হতে পারব। তবে একবারে একটি ম্যাচ নিয়েই ভাবতে হবে। আপাতত আমাদের সামনে বাংলাদেশ।’

অবশ্য ফাইনালে যাওয়ার আগে পাকিস্তানের সামনে কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে। ঘরের মাঠে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ। ভুটানকে ১-০ গোলে হারানোর পর শ্রীলঙ্কার বিপক্ষে চার গোল করেছে থমাস ডুলির দল। দুই ম্যাচে কোনো গোলও হজম করেনি স্বাগতিকরা।

এর সঙ্গে যোগ হয়েছে হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদদের অন্তর্ভুক্তি। বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার অধিনায়কত্ব করতে নেমেই হামজা যেভাবে দলের পারফরম্যান্সে প্রভাব রেখেছেন, তাতে পাকিস্তানের বিপক্ষে তাকে ঘিরেই থাকবে বড় প্রত্যাশা।

RELATED ARTICLES

Most Popular