সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের মধ্যে হামলা ও কারখানা ভাঙচুরের ঘটনায় দুটি মামলায় পাঁচ শ্রমিক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া ১৮টি মামলায় মোট ৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, গত ২৯ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত সাভার ও আশুলিয়ায় পোশাক খাতে অস্থিরতার ঘটনায় পুলিশের সাতটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন ঘটনায় শিল্প পুলিশ ও ঢাকা জেলা পুলিশের প্রায় ৫০ জন সদস্য আহত হয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ৪ নভেম্বর ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিক ও অন্য ব্যক্তিসহ পাঁচ থেকে ছয় হাজার মানুষ হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। এ ঘটনায় ৫ নভেম্বর সাভার মডেল থানায় মামলা হয়।
মামলার এজাহার অনুযায়ী, পুলিশ যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করলে বিক্ষোভকারীরা ইটপাটকেল, ককটেল ও পেট্রোলবোমা দিয়ে পুলিশের ওপর হামলা চালান। এতে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ২০-৩০ জন পুলিশ সদস্য আহত হন। এ মামলায় গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস (৫১) ও কেন্দ্রীয় সভাপতি মোছা. সুলতানা বেগমকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১৭ নভেম্বর রাতে মিরপুর এলাকায় আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্যের বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে কারখানার মালিকদের কাছ থেকে চাঁদা আদায় এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।
এদিকে, আশুলিয়ায় কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় গত ৩ নভেম্বর আশুলিয়া থানায় আরেকটি মামলা হয়। পরে তিন শ্রমিক ফেডারেশন নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন—বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়নের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শামীম (৪৮), বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. মনসুর আলী (৪৬) এবং জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা ইউনিটের সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম (৩৭)।
পুলিশ জানায়, নির্দিষ্ট মামলায় উত্থাপিত অভিযোগের ভিত্তিতে এসব গ্রেপ্তার করা হয়েছে। কোনো শ্রমিক সংগঠনের সদস্য হওয়া কিংবা ন্যায্য মজুরির দাবিতে অংশ নেওয়ার কারণে গ্রেপ্তার করা হয়নি।
জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, কাউকে হয়রানির জন্য নয়, প্রকৃত দোষীদেরই গ্রেপ্তার করা হয়েছে। আমাদের তদন্তে আরও শ্রমিক সংগঠনের নেতাদের নাম এসেছে। তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
