বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ছয় তলার সিঁড়ির খোলা জানালা দিয়ে নিচে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া শিরিন বেগম (৬৫) বগুড়া সদর উপজেলার ঝোপগাড়ি এলাকার সোলায়মান হোসেনের স্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা যায়, মাথাব্যথা ও মাথা ঘোরার সমস্যা নিয়ে গত ১২ নভেম্বর তিনি হাসপাতালের ছয় তলায় মেডিসিন বিভাগে ভর্তি হন। তবে শিরিনের মেয়ে শামীমা জানান, তার মা গত বুধবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। এরপর বৃহস্পতিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
শিরিনের স্বামী সোলায়মান হোসেন জানান, সন্ধ্যায় স্ত্রীকে রেখে তিনি নামাজ পড়তে যান। এর মধ্যেই তিনি ছয় তলা থেকে সাত তলায় যাওয়ার পথে সিঁড়ির খোলা জানালা দিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়াও একই তথ্য জানিয়েছেন।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা ও উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর শিরিন বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছিল। তবে পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
আজ সকালে সরেজমিনে দেখা যায়, হাসপাতালটিতে এ ধরনের আরও কয়েকটি অরক্ষিত সিঁড়ি রয়েছে। এসব সিঁড়ির জানালায় কোনো গ্রিল নেই এবং অধিকাংশ জানালার কাচের পাল্লা খোলা থাকে। মেডিসিন বিভাগের সঙ্গে যুক্ত সিঁড়িটি রোগীরাও নিয়মিত ব্যবহার করছেন।
নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের এক কর্মচারী বলেন, এই সিঁড়িগুলো মূলত চিকিৎসক ও হাসপাতালের কর্মীদের ব্যবহারের জন্য। তবে ছয়তলা ও সাততলায় চিকিৎসক ও নার্সরা থাকায় অনেক সময় তাদের সঙ্গে দেখা করতে রোগীরাও এই সিঁড়ি দিয়ে যাতায়াত করেন।
তিন সদস্যের তদন্ত কমিটি
সিঁড়ির খোলা জানালা ও মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চাইলে শজিমেক হাসপাতালের উপপরিচালক ও মুখপাত্র ডা. মনজুর-এ-মুর্শেদ বলেন, সিঁড়ির জানালা দিয়ে কীভাবে রোগী নিচে পড়ে মারা গেলেন, তা তদন্তে আজ তিন বিভাগের তিনজন চিকিৎসককে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, ‘সিঁড়ির অরক্ষিত জানালার বিষয়ে আমরা স্থানীয় গণপূর্ত বিভাগের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করেছি। সংশ্লিষ্ট কর্মকর্তারা এসে ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করবেন। এরপর বাজেট বরাদ্দ সাপেক্ষে স্থানগুলো সুরক্ষিত করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে। আমরা নিজেরা চাইলেও হাসপাতালের কোনো সংস্কারকাজ সরাসরি করতে পারি না।’
