পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চিকিৎসার জন্য দাবি উঠেছিলো জোরালো। বিশ্বের সাবেক অনেক কিংবদন্তি ক্রিকেটার খোলাচিঠিতে পাকিস্তানের সরকারের কাছে জানিয়েছিলেন এই দাবি। চিকিৎসা অবশ্য পেলেন তিনি, তবে কয়েক ঘন্টার বেশি হাসপাতালে থাকার সুযোগ মেলেনি।
ইমরানকে চিকিৎসক দেখিয়ে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে রয়টার্সকে জানিয়েছে একটি সূত্র।
মঙ্গলবার রাতে সাবেক এই পাকি প্রধানমন্ত্রীকে আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের ‘পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস’ হাসপাতালে নেওয়া হয়েছিল।
একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইমরান খানের উচ্চ রক্তচাপজনিত সমস্যা দেখা দেওয়ায় হাসপাতালে তার প্রয়োজনীয় চিকিৎসা ও চোখের পরীক্ষা করানো হয়। চিকিৎসা শেষে রাতেই আবার তাকে করাগার কক্ষে নিয়ে যাওয়া হয়েছে।
৭৪ বছর বয়সী সাবেক এই তারকা ক্রিকেটার ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর থেকে একাধিক দুর্নীতির মামলায় ৩ বছরের বেশি সময় ধরে কারাবন্দী রয়েছেন। একটি মামলা ছাড়া তার বাকি সব সাজাই স্থগিত বা বাতিল হলেও আপিলগুলো এখনো বিবেচনাধীন। ইমরান তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ শুরু থেকেই ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করে আসছেন। অবশ্য সরকারের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
ইমরান খানের আইনজীবীদের মতে, কারাগারে তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে এবং তিনি ডান চোখের দৃষ্টিশক্তি অনেকটা হারিয়ে ফেলেছেন। গত বছরের আগস্টের পর এটিই ইমরান খানকে হাসপাতালে নেওয়ার প্রথম ঘটনা।
এদিকে, একটি আদালত ইমরান ও তার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য তাদের আইনি প্রতিনিধি দলকে অনুমতি দিতে জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে।
অন্যদিকে ইমরান খানের দল পিটিআই-এর সহ-সভাপতি শাহ মাহমুদ কুরাইশিকেও মঙ্গলবার লাহোরের একটি কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি চিকিৎসাধীন অবস্থায় বর্তমানে হাসপাতালেই রয়েছেন।
