বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল তৌহিদুল আহমেদ।
বাহিনীটির বিদ্যমান মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়া মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমানকে বিআইআইএসএসের মহাপরিচালক করা হয়েছে। এজন্য তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
একই দিনে জারি করা পৃথক একটি প্রজ্ঞাপনে আরও দুই মেজর জেনারেলকে নতুন পদায়নের তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মেজর জেনারেল হাফিজুর রহমান ও সাঈদ আনোয়ার মাহমুদকে রাষ্ট্রদূত করার উদ্দেশ্যে তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
