মাঝ-আকাশে দরজা খুলে যাওয়ায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে একটি এয়ার অ্যাম্বুলেন্স। ভারতের আগরতলা থেকে কলকাতায় যাচ্ছিল উড়োজাহাজটি।
আজ রোববার দুপুরে অবতরণের পর এয়ার অ্যাম্বুলেন্সে থাকা এক নারী রোগীকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।
মারা যাওয়া নারী অঞ্জনা ভৌমিককে চিকিৎসার জন্য কলকাতায় নেওয়া হচ্ছিল।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. রিয়াজ উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, মাঝ-আকাশে উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে এর একটি দরজা খুলে যায়।
তিনি জানান, পাইলটরা তাৎক্ষণিকভাবে ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি চান। এরপর দুপুর ১টা ৩৭ মিনিটের দিকে উড়োজাহাজটি নিরাপদে বিমানবন্দরে অবতরণ করে।
রিয়াজ উদ্দিন বলেন, অবতরণের পর রোগীকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
দ্য ডেইলি স্টারের হাতে আসা যাত্রী তালিকা অনুযায়ী, উড়োজাহাজটিতে পাঁচজন যাত্রী ও দুজন পাইলট ছিলেন। এই সাতজনের সবাই ভারতীয় নাগরিক।
রিয়াজ উদ্দিন বলেন, সন্ধ্যা পর্যন্ত উড়োজাহাজটি ঢাকা বিমানবন্দরেই ছিল। পূর্বনির্ধারিত সূচি ছাড়া অবতরণের কারণে সৃষ্ট জটিলতা সমাধানে তারা কাজ করছেন।
তিনি জানান, এয়ার অ্যাম্বুলেন্সটি ভারতের অভ্যন্তরীণ রুটে চলাচল করছিল। তাই ফ্লাইটে থাকা লোকজনের কাছে আন্তর্জাতিক ভ্রমণের জন্য প্রয়োজনীয় পাসপোর্ট ও ভিসা ছিল না।
এই কর্মকর্তা আরও জানান, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় হাইকমিশন সমন্বয় করে কাজ করছে।
