Homeসারাদেশজাবি ক্যাম্পাস থেকে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার

জাবি ক্যাম্পাস থেকে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাস থেকে বিপন্ন প্রজাতির একটি ধুম কাছিম উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রংপুর পুকুর ও মেডিকেল পুকুরের মাঝের সড়ক থেকে কচ্ছপটি উদ্ধার করেন বন্যপ্রাণী সংরক্ষণকর্মী অরিত্র সাত্তার।

কচ্ছপটির খোলসের দৈর্ঘ্য ৬০ সেন্টিমিটার এবং প্রস্থ ৪৬ সেন্টিমিটার। এর ঘাড়ের দৈর্ঘ্য ২৫ সেন্টিমিটার।

অরিত্র জানান, প্রাথমিকভাবে পরীক্ষা করে ধুম কাছিমটিকে সুস্থ মনে হয়েছে। তবে জন্মগতভাবে এর সামনের ডান পা নেই। কচ্ছপটিকে তার বাসার সুইমিং পুলে অল্প পানির মধ্যে রাখা হয়েছে। একজন পশুচিকিৎসককে ডাকা হয়েছে। পাশাপাশি বন বিভাগের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে প্রাণিবিজ্ঞানী অধ্যাপক ড. এম এ আজিজ জানান, কচ্ছপটি বিরল প্রজাতির এবং এখানকার স্থানীয় প্রজাতি নয়।

তিনি বলেন, ‘এটি অত্যন্ত বিরল একটি কচ্ছপ। এই এলাকার স্থানীয় প্রজাতি নয়। সাধারণত বড় নদীতে এদের দেখা যায়। আমাদের ধারণা, কেউ হয়তো কচ্ছপটিকে এখানে ছেড়ে দিয়েছে।’

ধুম কাছিমের বৈজ্ঞানিক নাম নিলসোনিয়া হুরাম। প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের আন্তর্জাতিক সংস্থার (আইইউসিএন) বিপন্ন প্রজাতির লাল তালিকায় কচ্ছপটিকে ‘বিপন্ন’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular