Homeস্পোর্টস৫৯ রানে ৭ উইকেট হারিয়ে গুটিয়ে গেল বাংলাদেশ

৫৯ রানে ৭ উইকেট হারিয়ে গুটিয়ে গেল বাংলাদেশ

সাদমান ইসলামের ব্যাটে আগের দিন বড় পুঁজির ভিত পেয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় দিনে নেমে বদলে গেল ছবি। প্রথম সেশনেই এলোমেলো হয়ে গেল ব্যাটিং। জোমেল ওয়ারিকন, শামার জোসেফ, জশুয়া বিশপদের তোপে মাত্র ৫৯ রানে ৭ উইকেট হারিয়ে অলআউটই হয়ে গেল বাংলাদেশ।

বৃহস্পতিবার মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের লাঞ্চের ৬ মিনিট আগে বাংলাদেশ অলআউট হয় ২৭২ রানে। অথচ দিনের শুরুতে স্বাগতিকদের সংগ্রহ ছিল ৩ উইকেটে ২১৩ রান।

দলের হয়ে সর্বোচ্চ ১০৫ রান করেন সাদমান। চোটে আগের দিন ৪২ রানে বেরিয়ে যাওয়া তাওহিদ হৃদয় ফিরে এদিন আর কোনো রান যোগ না করে আত্মাহুতি দেন বাজে শটে। সঙ্গীর অভাবে লিটন অপরাজিত থেকে যান ৩৪ রানে।

বাংলাদেশকে ধসিয়ে দেওয়ার নায়ক ওয়ারিকন। ৫৩ রানে ৫ শিকার ধরেছেন তিনি। ৬১ রানে ২ উইকেট নেন অভিষিক্ত বিশপ। পেসার শামার জোসেফও নেন ২ উইকেট।

দিনের শুরুতে সাদমান ইসলামের সেঞ্চুরির জন্য অপেক্ষা ছিল সবার, খেলতে নেমে সময় নেননি তিনি, দ্বিতীয় বলেই পৌঁছান কাঙ্ক্ষিত ঠিকানায়। আউট হতেও অবশ্য সময় লাগেনি। সেঞ্চুরি করেই জশুয়া বিশপের স্পিনে এলবিডব্লিউতে কাটা ১০৫ করা সাদমান।

এরপর তাওহিদ হৃদয় এসে সবচেয়ে দৃষ্টিকটু দৃশ্যের জন্ম দেন। আগের দিন ৪২ রান করে পেশির টানে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছিলেন। সেরে উঠে নেমে বিশপকে স্টাম্প ছেড়ে অহেতুক স্লগ করতে গিয়ে হন বোল্ড।

কঠিন হয়ে ওঠা কন্ডিশনে রান বাড়ানো কঠিন হয়ে পড়ছিল লিটনের জন্য। অসমান বাউন্সে ভুগতে থাকেন বাংলাদেশের কিপার-ব্যাটার। তবে তিনিই ছিলেন দলের ভরসা। মেহেদী হাসান মিরাজ তার সঙ্গে দাঁড়িয়ে যাওয়ার আভাস দিলেও পেরে ওঠেননি। থিতু হওয়ার পথে থাকা মিরাজকে দারুণ ভেতরে ঢোকা ডেলিভারিতে বোল্ড করে দেন জোমেল ওয়ারিকন।

নাঈম হাসান আর হাসান মাহমুদ কাবু শামার জোসেফের পেসে। নাঈম ক্যাচ দেন স্লিপে, হাসান ধরা দেন কিপারের গ্লাভসে।

তাইজুল, শরিফুলকে পরপর ছেঁটে বাংলাদেশকে গুটিয়ে দেন ওয়ারিকন।

 

RELATED ARTICLES

Most Popular