Homeসারাদেশসাভার, আশুলিয়া ও গাজীপুরে ২৬০টির বেশি পোশাক কারখানা ছুটি

সাভার, আশুলিয়া ও গাজীপুরে ২৬০টির বেশি পোশাক কারখানা ছুটি

শ্রমিক বিক্ষোভের ঘটনায় সাভার, আশুলিয়া ও গাজীপুরে আজ মঙ্গলবার ২৬০টির বেশি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া এবং গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুপুর ৩টার দিকে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মমিনুল দ্য ডেইলি স্টারকে মুঠোফোনে বলেন, ‘শ্রমিক বিক্ষোভের কারণে আজ সাভার ও আশুলিয়ায় অন্তত ২০০ কারখানায় ছুটি দেওয়া হয়েছে।’

এসপি আরও জানান, তার আওতাধীন এলাকার প্রায় আট শতাধিক কারখানার মধ্যে শতাধিক বন্ধ রয়েছে। এসব কারখানার অধিকাংশই নরসিংহপুর, নিশ্চিন্তপুর ও জিরাবো এলাকায় অবস্থিত। তবে, সাভারের অন্য এলাকার কারখানাগুলোতে কাজ চলছে। এ ছাড়া, কিছু কারখানায় সাময়িকভাবে উৎপাদন বন্ধ করা হয়েছে। দুপুরের পর কয়েকজন মালিক ফোন করে কারখানা চালু করতে নিরাপত্তা চেয়েছেন।

পুলিশ মাঠে রয়েছে এবং ওইসব কারখানাকে নিরাপত্তা দিতে প্রস্তুত বলে জানান এসপি মমিনুল।

এই কর্মকর্তার ভাষ্য, ‘সাধারণ শ্রমিকেরা কাজ করতে চান। কিন্তু বহিরাগত কিছু লোকের ইন্ধনে একটি পক্ষ প্রতিদিন সকালে কাজে যোগ দিতে আসা শ্রমিকদের উসকানি দিয়ে কারখানা থেকে বের করে আনার চেষ্টা করছে। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে শিল্প পুলিশ তৎপর রয়েছে।’

গাজীপুরের নাওজোড়, কোনাবাড়ী, গাজীপুর-সিলেট মহাসড়কের বাইপাস এলাকা এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন শ্রমিকরা।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সকাল ৭টার দিকেই ওইসব এলাকার ১৫টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে আরও ৪৫টি কারখানা ছুটি ঘোষণা করে।’

তিনি জানান, গতকাল গাজীপুরে অন্তত ১৫০টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছিল।

RELATED ARTICLES

Most Popular