Homeস্পোর্টসআন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল

গত বছর ওয়ানডে ছেড়েছিলেন, এবার পুরোপুরিই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ার বিস্ফোরক ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। ৩৮ বছর বয়সী এই অস্ট্রেলীয় অলরাউন্ডার আন্তর্জাতিক অঙ্গনের পাশাপাশি প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ক্রিকেটকেও বিদায় জানিয়েছেন। তবে বিগ ব্যাশ লিগে খেলা চালিয়ে যাবেন তিনি, যেখানে মেলবোর্ন স্টার্স-এর সঙ্গে তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে ২০২৭-২৮ মৌসুম পর্যন্ত। 

গত বছরের জুনে ওয়ানডে ছাড়ার পর টি-টোয়েন্টি খেলে যাওয়া এই তারকা চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর দেশের হয়ে আর মাঠে নামেননি। ফলে গত ফেব্রুয়ারি মাসে ওমানের বিপক্ষে ম্যাচটিই হয়ে রইল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ, যেখানে ব্যাট করার সুযোগ না পেলেও বল হাতে ২টি উইকেট পান তিনি।

ঘরোয়া ক্রিকেটেও ভিক্টোরিয়ার হয়ে ক্যারিয়ারের শেষ লিস্ট ‘এ’ ম্যাচের কথা স্মরণ করে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন এই তারকা অলরাউন্ডার। ড্রেসিংরুমে সতীর্থদের কাছ থেকে বিদায় নেওয়ার মুহূর্তে নিজের অনুভূতি ধরে রাখা কঠিন ছিল বলে স্বীকার করেন তিনি। 

অস্ট্রেলিয়ার হয়ে ১৩০টি টি-টোয়েন্টি খেলে ১৫৪.৪২ স্ট্রাইক রেটে ২,৮৯৭ রান ও ৫১টি উইকেট নেওয়া ম্যাক্সওয়েল এই ফরম্যাটে যৌথভাবে সর্বোচ্চ ৫টি শতকের বিশ্বরেকর্ডের মালিক। পাশাপাশি ৭টি টেস্টে ৩৩৯ রান করার পথে ২০১৭ সালে ভারতের রাঁচিতে হাঁকিয়েছিলেন তার একমাত্র টেস্ট শতকটি।

 

RELATED ARTICLES

Most Popular