খুলনার ডুমুরিয়া উপজেলায় এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার আমভিটা-রামকৃষ্ণপুর এলাকার জোড়া বটতলায় একটি চায়ের দোকানে এই হত্যাকাণ্ড হয়।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) আনিসুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত তরিকুল ইসলাম শেখ (৩৫) ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম শেখের ছেলে।
পুলিশ জানিয়েছে, তরিকুল একটি চায়ের দোকানে বসেছিলেন। সে সময় তাকে হত্যা করা হয়।
যোগাযোগ করা হলে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ডেইলি স্টারকে বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহ খুলনা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’
এ বিষয়ে আর বিস্তারিত জানাতে চাননি এই পুলিশ কর্মকর্তা।
