তৈরি পোশাক খাতে অস্থিরতা সৃষ্টিতে ইন্ধন ও টাকা ঢালার অভিযোগে ১০০ জনের বেশি ব্যক্তির ব্যাংক হিসাব ফ্রিজ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে প্রায় ১২৫টি কোম্পানির আর্থিক লেনদেনের তথ্য তলব করা হয়েছে।
এনবিআর সূত্র জানিয়েছে, তাদের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) এবং আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট এই উদ্যোগ নিয়েছে। এসব ব্যাংক হিসাব ইতোমধ্যে অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কোম্পানিগুলোর লেনদেনের বিবরণী দিতে বলা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কাজ করছি।’
যাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে, তাদের বেশিরভাগই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত। এই তালিকায় সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও প্রভাবশালী ব্যবসায়ীরা রয়েছেন। তাদের কেউ কেউ কারাগারে আছেন, আর বাকিরা পলাতক বলে জানা গেছে।
তালিকায় রয়েছেন বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সাবেক সংসদ সদস্য ও এনভয় গ্রুপের মালিক আবদুস সালাম মুর্শেদী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং সাবেক স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।
এছাড়া ওয়েল গ্রুপের আবদুস সালাম, নিপা গ্রুপের খসরু চৌধুরী, স্ট্যান্ডার্ড গ্রুপের এ কে এম মোশাররফ হোসেন, তুসুকা গ্রুপের ফয়জুর রহমান এবং তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি এস এম মান্নান কচিও এই তালিকায় আছেন। এদের কয়েকজনের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে।
