বাংলাদেশের আক্রমণভাগের সমস্যার সমাধান খুঁজতে গিয়ে কিছুটা অপ্রত্যাশিতভাবেই সেন্টার ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে বেছে নিয়েছেন প্রধান কোচ টমাস ডুলি। সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ফরোয়ার্ড হিসেবে খেলার পর আবারও সেই দায়িত্ব কাঁধে নিতে প্রস্তুত অভিজ্ঞ এই ডিফেন্ডার। দ্য ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের নতুন ভূমিকা, সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ের লক্ষ্যসহ নানা বিষয়ে কথা বলেছেন বিশ্বনাথ। সাক্ষাৎকারের নির্বাচিত অংশ তুলে ধরা হলো—
দ্য ডেইলি স্টার: এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। এই মুহূর্তে জাতীয় দলের সার্বিক অবস্থা কেমন?
বিশ্বনাথ ঘোষ: সবাই ভালো আছে। মানসিকভাবে সবাই চাঙা, শারীরিকভাবেও ভালো অবস্থায় আছে। আমাদের একমাত্র লক্ষ্য ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা। ভুটানের বিপক্ষে পয়েন্ট পাওয়ায় আমরা খুশি। তবে একটি জয়ই যথেষ্ট নয়। আমাদের ফাইনাল পর্যন্ত যেতে হবে। সেই লক্ষ্য অর্জনে খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্ট সবাই পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে।
ডেইলি স্টার: শ্রীলঙ্কা-ভুটান ম্যাচ কি দেখেছেন? আপনাদের পরবর্তী প্রতিপক্ষকে কীভাবে মূল্যায়ন করছেন?
বিশ্বনাথ: হ্যাঁ, আমরা সবাই হোটেলে একসঙ্গে বসে ম্যাচটি দেখেছি। শ্রীলঙ্কাকে যতটা শক্তিশালী মনে করেছিলাম, মাঠে তাদের ততটা শক্তিশালী মনে হয়নি। তবে আমরা তাদের গুরুত্বের সঙ্গেই নিচ্ছি। কাঙ্ক্ষিত ফল পেতে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। অন্যদিকে, ভুটান তাদের লড়াকু মানসিকতা দিয়ে আমাদের অবাক করেছে।
ডেইলি স্টার: গ্রুপ চ্যাম্পিয়ন হতে বাংলাদেশের জন্য ড্র করাই যথেষ্ট। সে ক্ষেত্রে কি শক্তি বাঁচিয়ে খেলার পরিকল্পনা থাকবে, নাকি পূর্ণ তিন পয়েন্টের জন্যই খেলবেন?
বিশ্বনাথ: আমাদের লক্ষ্য সব সময় সম্ভাব্য সেরা ফল অর্জন করা। কখনো আমরা ভালো খেলি, কখনো ভালো খেলতে পারি না। কিন্তু সব সময়ই নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। ম্যাচের ফল কী হবে, সেটা আমি আগে থেকে বলতে পারি না। তবে আমরা পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে চাই।
ডেইলি স্টার: গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ। সে ক্ষেত্রে সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে ভারত কিংবা পাকিস্তানের মধ্যে কোনো দলকে কি বিশেষভাবে চাইবেন?
বিশ্বনাথ: না। আমাদের সামনে যে দলই আসুক, সবাই সমান প্রতিপক্ষ। ভারত হোক কিংবা পাকিস্তান, সেমিফাইনালের বাধা আমাদের পেরোতেই হবে। আমাদের প্রধান লক্ষ্য শিরোপার লড়াইয়ে টিকে থাকা এবং ট্রফিটা দেশের মাটিতেই রেখে দেওয়া।
ডেইলি স্টার: ভুটানের বিপক্ষে স্ট্রাইকার হিসেবে খেলেছেন। শ্রীলঙ্কার বিপক্ষেও যদি নম্বর নাইন হিসেবে খেলতে হয়, সে ক্ষেত্রে কতটা প্রস্তুত আছেন?
বিশ্বনাথ: সত্যি বলতে, পরের ম্যাচে আমি স্ট্রাইকার হিসেবে খেলব, নাকি ডিফেন্ডার হিসেবে, সেটা আমার জানা নেই। দল ও কোচের যেখানে আমাকে প্রয়োজন হবে, আমি সেখানেই খেলতে প্রস্তুত। একজন প্রকৃত ফরোয়ার্ড যা যা করতে পারে, হয়তো তার সবকিছু আমি করতে পারব না। কিন্তু আমার দিক থেকে চেষ্টার কোনো ঘাটতি থাকবে না।
গত ম্যাচে যদি আমি গোল করতে পারতাম, তাহলে হয়তো সমালোচনাটা অন্য রকম হতো। মানুষ হয়তো বলত, ফরোয়ার্ডরা গোল করতে পারেনি, অথচ একজন ডিফেন্ডার সামনে গিয়ে গোল করেছে। আমি কয়েকটি সুযোগ তৈরি করেছিলাম এবং নিজের সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু সেগুলো থেকে গোল করতে পারিনি। হয়তো আমার ভাগ্য সহায় ছিল না। তবে চেষ্টার কোনো কমতি ছিল না। কোচ যদি আবারও আমাকে আক্রমণভাগে খেলাতে চান, তাহলে আমার যা কিছু আছে, তার সবটুকু দিয়েই চেষ্টা করব।
ডেইলি স্টার: ভুটানের বিপক্ষে আপনাকে স্ট্রাইকার হিসেবে খেলানোর সিদ্ধান্তটি কোচ কীভাবে ব্যাখ্যা করেছিলেন?
বিশ্বনাথ: কোচ আমাকে বলেছিলেন, তিনি আমাকে স্ট্রাইকার হিসেবে খেলানোর কথা ভাবছেন। কারণ নিয়মিত ফরোয়ার্ডদের মধ্যে তিনি যে ধরনের সহজাত প্রবণতা দেখতে চাইছেন, সেটা পাচ্ছেন না। আমি তখন তাকে বলেছিলাম, মাঠের যেকোনো পজিশনে আমাকে খেলাতে পারেন। তবে রক্ষণভাগে নিজের স্বাভাবিক পজিশনে আমি যতটা কার্যকর, অন্য পজিশনে ততটা কার্যকর হতে পারব না।
এরপর তিনি আমাকে বলেছিলেন, প্রতিপক্ষের রক্ষণভাগের খেলোয়াড়দের স্বাভাবিক খেলায় ব্যাঘাত ঘটাতে হবে, তাদের চাপে রাখতে হবে এবং গোল করার চেষ্টা করতে হবে। তিনি বিশ্বাস করেছিলেন, আমি কাজটা করতে পারব। আর আমিও সেই দায়িত্ব গ্রহণ করেছি।
ডেইলি স্টার: সোমবার দলের সঙ্গে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। তার উপস্থিতি দলে কতটা পার্থক্য গড়ে দেয়?
বিশ্বনাথ: এখন পর্যন্ত মাত্র দুটি ম্যাচে তার সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করার সুযোগ হয়েছে আমার। তার উপস্থিতি আমাদের মধ্যে একটি পরিপূর্ণ দল হওয়ার অনুভূতি তৈরি করে। সবকিছু যেন হামজাকে কেন্দ্র করেই হয়। তার অভিজ্ঞতা ও উপস্থিতি খেলোয়াড়দের অনুপ্রাণিত করে এবং দলের ভেতরের সামগ্রিক পরিবেশটাই বদলে দেয়।
