Homeঅর্থনীতিস্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যাংকিং কিনতে আগ্রহ হারাচ্ছে ব্যাংকগুলো

স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যাংকিং কিনতে আগ্রহ হারাচ্ছে ব্যাংকগুলো

বেসরকারি খাতে ঋণপ্রবাহে ধীরগতি এবং উচ্চ বেতনের দেড় হাজার কর্মীর দায়িত্ব নেওয়ার বাধ্যবাধকতায় স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের (এসসিবি) রিটেইল ব্যাংকিং কার্যক্রম কিনতে আগ্রহ হারাচ্ছে দেশের ব্যাংকগুলো। 

শুরুতে অন্তত ছয়টি ব্যাংক এ ব্যবসা কেনার আগ্রহ দেখালেও এখন পর্যন্ত শুধু সিটি ব্যাংকই এ বিষয়ে গোপনীয়তার চুক্তি বা নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট (এনডিএ) সই করেছে।

গত মাসে যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক ব্যাংকটি বাংলাদেশে তাদের রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দেয়। তবে সম্ভাব্য ক্রেতাদের একে একে সরে দাঁড়ানোর কারণে ব্যবসাটি বিক্রির প্রক্রিয়া কঠিন হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের রিটেইল ব্যাংকিং ব্যবসা কিনতে গত কয়েক মাসে অন্তত ছয়টি বাণিজ্যিক ব্যাংক জোর আগ্রহ দেখিয়েছিল। এগুলো হলো ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, পূবালী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক ও ডাচ-বাংলা ব্যাংক।

তবে এখন পর্যন্ত শুধু সিটি ব্যাংকই স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সঙ্গে এনডিএ সই করেছে।

ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তারা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, বর্তমান শর্তে এ ব্যবসা কেনার প্রক্রিয়ায় আর না এগোনোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন তারা। 

অন্য কয়েকটি ব্যাংকের কর্মকর্তারা বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ডাচ-বাংলা ব্যাংকেরও এ ব্যবসা অধিগ্রহণের সক্ষমতা নেই।

দেশীয় ব্যাংকগুলোর কাছে স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যাংকিং ব্যবসার সবচেয়ে বড় আকর্ষণ ছিল এর স্বল্প সুদের আমানত। কিন্তু ঋণ বিতরণ কমে যাওয়ায় সেই আমানতের অর্থ দিয়ে কী করা হবে, এখন সেটাই সম্ভাব্য ক্রেতাদের বড় প্রশ্ন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ছিল মাত্র ৪ দশমিক ১৭ শতাংশ। আগস্টে এ হার ছিল ৪ দশমিক ৭৫ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তারা বলছেন, ঋণপ্রবাহের এমন নিম্নগতি ১৯৯৩ সালের পর থেকে আর দেখা যায়নি।

রিটেইল ব্যাংকিং কার্যক্রম কিনতে আগ্রহী ছিল, এমন একটি ব্যাংকের শীর্ষ কর্মকর্তা বলেন, ‘আমরা আপাতত এ প্রক্রিয়ায় না এগোনোর সিদ্ধান্ত নিয়েছি।’

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ঐতিহাসিকভাবে সর্বনিম্ন পর্যায়ে। তাদের স্বল্প সুদের আমানত নিয়ে আমরা কী করব? কোথায় ঋণ দেব? এ কারণেই আমরা তাদের পরিকল্পনা থেকে সরে এসেছি।’

তিনি আরও বলেন, ‘স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যাংকিং কার্যক্রম বিক্রির জন্য এটা ভালো সময় নয়। কারণ দেশের ব্যবসা-বাণিজ্যের পরিস্থিতি ভালো না।’

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের রিটেইল ব্যাংকিং বিভাগে কর্মীর সংখ্যাও সম্ভাব্য ক্রেতাদের উদ্বেগের আরেকটি কারণ।

ব্যাংকটির এ বিভাগে প্রায় ১ হাজার ৫০০ কর্মী রয়েছেন। তাদের বেতনও তুলনামূলক বেশি। ব্যবসা বিক্রির শর্ত হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড জানিয়েছে, নতুন ক্রেতাকে এসব কর্মীর দায়িত্ব নিতে হবে। তবে সম্ভাব্য ক্রেতাদের অনেকেই বলছেন, এত বিপুলসংখ্যক উচ্চ বেতনের কর্মীকে নিজেদের প্রতিষ্ঠানে যুক্ত করা তাদের জন্য কঠিন হবে।

ব্যবসাটি কিনতে আগ্রহী একটি ব্যাংকের ওই কর্মকর্তা প্রশ্ন তুলে বলেন, ‘এত বড় বেতন কাঠামোর দায়িত্ব নিয়ে আমরা কী করব? এর বিনিময়ে কী ফল পাব?’

আরেক ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, একই কারণে তারাও এ প্রক্রিয়া থেকে সরে এসেছেন।

তিনি বলেন, ‘আমরা ব্যাংকটির রিটেইল ব্যাংকিং ব্যবসা নিতে চাই না। দেড় হাজার কর্মীর বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা পিছিয়ে এসেছি। তাদের বেতন-ভাতা অনেক বেশি।’

তার মতে, এ ব্যবসা বিক্রি করা সহজ হবে না। একই সঙ্গে দেড় হাজার কর্মীর দায়িত্ব নিয়ে ব্যবসাটি অধিগ্রহণ করাও কঠিন। অনেক ব্যাংকেরই এত কর্মীর ব্যয় বহন করার সক্ষমতা নেই।

অক্টোবরের শুরুতে এক বিবৃতিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ তাদের ওয়েলথ ও রিটেইল ব্যাংকিং (ডব্লিউআরবি) ব্যবসা বিক্রির ঘোষণা দেয়। করপোরেট ও বিনিয়োগ ব্যাংকিংয়ে আরও বেশি মনোযোগ দেওয়ার কৌশলের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় ব্যাংকটি। আনুষ্ঠানিক ঘোষণার আগেই দেশের বেশ কয়েকটি ব্যাংকের সঙ্গে এ বিষয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ জানিয়েছে, ওয়েলথ ও রিটেইল ব্যাংকিং কার্যক্রম হস্তান্তরের প্রক্রিয়া শেষ হতে ১৮ থেকে ২৪ মাস লাগতে পারে। তবে তা চুক্তির অগ্রগতি ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের ওপর নির্ভর করবে।

রিটেইল ব্যাংকিং ব্যবসা কিনতে আগ্রহী ব্যাংকের ওই কর্মকর্তা, যিনি প্রথমে কথা বলেছিলেন, তিনি বলেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেয়। কিন্তু একেক দেশের পরিস্থিতি একেক রকম।

তিনি বলেন, ‘তাদের পরিকল্পনা বাংলাদেশের বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে হবে। শ্রীলঙ্কায় যে পরিকল্পনা সফল হয়েছে, সেটা বাংলাদেশে সরাসরি প্রয়োগ করা যাবে না। প্রত্যেকটা দেশের পরিস্থিতি আলাদা।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘ক্রেতা না পেলে তারা হয়তো পরিকল্পনাটি স্থগিত রাখতে পারে। তবে ঘোষণা দেওয়ার পর সেই সিদ্ধান্ত থেকে সরে এলে তাদের সুনাম ক্ষুণ্ন হবে।’

এদিকে সিটি ব্যাংকের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, তারাই একমাত্র ব্যাংক, যারা স্ট্যান্ডার্ড চার্টার্ডের সঙ্গে এনডিএ সই করেছে। তবে পরবর্তী কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি এ কথা বলেন।

ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা বিষয়টি বিবেচনা করছি। তাদের দেড় হাজার কর্মী আছে, যাদের বেতন অনেক বেশি।’

তিনি বলেন, ‘আমরা এখনো পরবর্তী পর্যায়ের প্রক্রিয়া এগোইনি। আলোচনা চলছে। এ ব্যবসা লাভজনক হবে কি না, তা বোঝার চেষ্টা করছি। দেড় হাজার কর্মীর দায়িত্ব নেওয়া আমাদের জন্য বাড়তি বোঝা হয়ে দাঁড়াতে পারে। এটা একটা বড় বিষয়।’

লন্ডনভিত্তিক বহুজাতিক স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংক ১২০ বছর ধরে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে। পাঁচ বছর আগে বাংলাদেশে তাদের ২৪টি শাখা ও প্রায় ৯০টি এটিএম বুথ ছিল।

ব্যাংকটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে তাদের ১৮টি শাখা আছে। এছাড়া এটিএম ও ক্যাশ রিসাইক্লিং মেশিনসহ স্বয়ংক্রিয় সেবা দেওয়ার টার্মিনাল রয়েছে ৭০টি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড ও মার্কেটিং বিভাগের প্রধান বিটপী দাস চৌধুরী বলেন, সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে এনডিএ সই করা হয়েছে। গোপনীয়তা রক্ষার বাধ্যবাধকতা থাকায় এ বিষয়ে ব্যাংকটি কোনো মন্তব্য করবে না।

এর আগে গত বছর এইচএসবিসি বাংলাদেশও দেশে তাদের রিটেইল ব্যাংকিং কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছিল।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের ওয়েলথ ও রিটেইল ব্যাংকিং ব্যবসা অন্য ব্যাংকের কাছে বিক্রির প্রস্তাবের পর কর্মীরা তাদের জন্য বর্ধিত আর্থিক সুবিধার দাবি জানিয়েছেন। এ বিষয়ে ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো একটি চিঠি দ্য ডেইলি স্টারের হাতে এসেছে।

২০২৬ সালের ৫ অক্টোবর লেখা ওই চিঠিতে ‘অ্যাফেক্টেড এমপ্লয়ি গ্রুপ’ বা ক্ষতিগ্রস্ত কর্মীদের একাংশ বলেছে, কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার অধিকার বৈশ্বিক গ্রুপের থাকলেও এর প্রভাব কর্মীদের ওপর পড়বে। তাই এ বিষয়ে স্বচ্ছতা ও ন্যায্যতার ভিত্তিতে আলোচনা হওয়া প্রয়োজন।

চিঠিতে ওই কর্মীরা তাদের সর্বশেষ মোট মাসিক বেতনের ১২০ মাসের সমপরিমাণ অর্থ ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি ৫ শতাংশ শ্রমিক মুনাফা অংশগ্রহণ তহবিলের (ডব্লিউপিপিএফ) পুরো অর্থ পরিশোধের দাবিও জানিয়েছেন তারা।

এছাড়া কর্মীদের কাছে ব্যাংকের পাওনা ঋণ ও ক্রেডিট কার্ডের দায় মওকুফ করার দাবি জানানো হয়েছে। কর্মীরা অন্য ব্যাংকে স্থানান্তরিত হলে তাদের ঋণের ক্ষেত্রে কর্মী হিসেবে পাওয়া বিশেষ সুদের হার আর কার্যকর থাকবে না। সে ক্ষেত্রে অতিরিক্ত সুদের যে অর্থ দিতে হবে, তা ব্যাংককে বহন করতে হবে বলেও দাবি জানানো হয়েছে।

২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত কর্মীদের কর্মদক্ষতাভিত্তিক বোনাস ও ত্রৈমাসিক প্রণোদনা নিশ্চিত করার দাবি জানিয়েছে কর্মীদের দলটি। 

পাশাপাশি শেয়ারভিত্তিক সুবিধা ও গ্র্যাচুইটির অর্থ পরিশোধের কথাও বলা হয়েছে। এমনকি যেসব কর্মীর চাকরির মেয়াদ পাঁচ বছরের কম, তাদেরও গ্র্যাচুইটি দেওয়ার দাবি জানানো হয়েছে।

একই পদে তিন বছর বা তার বেশি সময় ধরে কাজ করছেন, এমন কর্মীদের পদোন্নতি ও ন্যায্য বেতন বৃদ্ধি নিশ্চিত করার দাবিও রয়েছে চিঠিতে।

ব্যবসা হস্তান্তরের পুরো সময়ে কোনো কর্মীকে পারফরম্যান্স ইমপ্রুভমেন্ট প্ল্যানে (পিআইপি) অন্তর্ভুক্ত করা বা চাকরিচ্যুত করা যাবে না বলেও দাবি জানিয়েছে কর্মীদের দলটি। তবে শৃঙ্খলাজনিত কারণে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে এ শর্ত প্রযোজ্য হবে না।

এছাড়া গ্রাহকদের কাছে ব্যবসা হস্তান্তর সম্পর্কে একই ধরনের বার্তা দেওয়ার ব্যবস্থা এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ক্ষতিগ্রস্ত কর্মীদের সঙ্গে সরাসরি আলোচনা করার দাবি জানিয়েছে তারা।

RELATED ARTICLES

Most Popular