Homeস্পোর্টসটানা আট জয়ের পরও দুশ্চিন্তায় মরিনহো

টানা আট জয়ের পরও দুশ্চিন্তায় মরিনহো

টানা আট ম্যাচে জয়। মাঠে দুর্দান্ত ছন্দে রিয়াল মাদ্রিদ। একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকার কথা জোসে মরিনহো। কিন্তু উল্টো দুশ্চিন্তায় পড়েছেন পর্তুগিজ এই কোচ। কারণটা দলের পারফরম্যান্স নয়, আন্তর্জাতিক বিরতি। ক্লাব ছেড়ে জাতীয় দলের হয়ে খেলতে যাচ্ছেন তার দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার। টানা ম্যাচ খেলে ক্লান্ত খেলোয়াড়দের এই সময়ে বিশ্রামের প্রয়োজন বলে মনে করেন মরিনহো। অথচ জাতীয় দলে গিয়ে তাদের আবারও মাঠে নামতে হবে। তাতেই চোটের শঙ্কা দেখছেন রিয়াল কোচ।

গত শনিবার স্প্যানিশ লা লিগায় ভ্যালেন্সিয়াকে তাদের মাঠ মেস্তায়ায় ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ফেদেরিকো ভালভের্দে, আরদা গুলের ও কিলিয়ান এমবাপের গোলে পাওয়া এই জয় সব প্রতিযোগিতা মিলিয়ে তাদের টানা অষ্টম। এমন দুর্দান্ত ছন্দে থেকেই আন্তর্জাতিক বিরতিতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্টরা। তবে ম্যাচ শেষে জয়ের আনন্দের চেয়ে ফুটবলারদের শারীরিক অবস্থা নিয়েই বেশি উদ্বেগ প্রকাশ করেছেন মরিনহো।

বিশেষ করে সাম্প্রতিক সময়ে রিয়ালকে যে ব্যস্ত সূচির মধ্য দিয়ে যেতে হয়েছে, সেটিই দুশ্চিন্তার বড় কারণ। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে অল্প সময়ের ব্যবধানে একাধিক ম্যাচ খেলতে হয়েছে দলটিকে। এর সঙ্গে যোগ হয়েছে এক শহর থেকে আরেক শহরে ভ্রমণের ধকল। ফলে অনেক ফুটবলারই এখন শারীরিকভাবে ক্লান্ত।

এই অবস্থায় আন্তর্জাতিক বিরতিতে তাদের বিশ্রাম ও পুনরুদ্ধারের জন্য বিশেষ ব্যবস্থা নিতে চেয়েছিলেন মরিনহো, ‘আমি এখনই বলছি, আন্তর্জাতিক বিরতি নিয়ে আমি চিন্তিত। কারণ খেলোয়াড়েরা যদি আমার এবং আমার কোচিং স্টাফের সঙ্গে থাকত, তাহলে তাদের শারীরিকভাবে সুস্থ করে তুলতে বিশেষ যত্ন নিতে পারতাম। কিন্তু তারা এখন নিজেদের জাতীয় দলের সঙ্গে থাকবে।’

শুধু উদ্বেগ প্রকাশ করেই থামেননি পর্তুগিজ কোচ। জাতীয় দলের কোচদের প্রতিও বার্তা দিয়েছেন তিনি, ‘আমি কখনো জাতীয় দলের কোচিং করাইনি। তবে বুঝতে পারি, জাতীয় দলের কোচরা খেলোয়াড়দের নিয়ে কাজ করতে চাইবেন। কিন্তু এই মুহূর্তে এই ফুটবলারদের অনুশীলন করার মতো অবস্থা নেই। আগে তাদের বিশ্রাম প্রয়োজন, যেন পরে জাতীয় দলের হয়ে খেলতে পারে। শারীরিকভাবে পুনরুদ্ধারের এই সময়ে তাদের অনেক বেশি যত্ন দরকার।’

অবশ্য জাতীয় দলের কোচদের অবস্থানও বোঝেন মরিনহো। কিছুটা রসিকতা করেই বলেছেন, ‘আমি জানি না কখনো জাতীয় দলের কোচ হব কি না। তবে আমার মনে হয়, যদি কখনো সেই দায়িত্ব পাই, তাহলে ক্লাবগুলোর জন্য বেশ বিরক্তিকর একজন কোচ হয়ে উঠব। কারণ তখন আমি নিজের এবং নিজের দলের কথাই ভাবব।’

সেই কারণেই জাতীয় দলের কোনো কোচকে ফোন করে খেলোয়াড়দের বিষয়ে অনুরোধ করতে চান না রিয়াল কোচ। এমনকি নিজের ঘনিষ্ঠ বন্ধু ও ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তিকেও নয়। মরিনহোর ভাষায়, ‘এ কারণেই কাউকে ফোন করতে ইচ্ছা করে না। এমনকি আমার বন্ধু কার্লোকেও না।’

আনচেলত্তির অধীনে ব্রাজিল দলে যাওয়া দুই ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র ও এন্দ্রিককে নিয়ে ভিন্নভাবে ভাবছেন তিনি, ‘কার্লোর দলে কারা যাচ্ছে, সেটি দেখুন। ভিনিসিয়ুস আছে, যার খেলা প্রয়োজন। এন্দ্রিকও আছে। কার্লো যদি তাকে খেলায়, তাহলে আমি বরং কৃতজ্ঞ থাকব। তাই কার্লোর দিক থেকে পরিস্থিতি নিয়ে আমার খুব একটা উদ্বেগ নেই।’

তবে শুধু নিজের দলের কথা ভেবে ফুটবলারদের শারীরিক অবস্থাকে উপেক্ষা না করার আহ্বানও জানিয়েছেন তিনি, ‘আমার মনে হয় না, অতিরিক্ত খেলার চাপ থেকে কোনো ফুটবলার চোটে পড়লে জাতীয় দলের কোচরাও খুশি হবেন। খেলোয়াড়দের শারীরিকভাবে সুস্থ করে তোলার ক্ষেত্রেও তাঁদের পেশাদার আচরণ করা উচিত।’

মরিনহোর উদ্বেগের পেছনে যুক্তিও রয়েছে। টানা ম্যাচের ধকল কাটিয়ে ওঠার আগেই জাতীয় দলে যোগ দিতে হচ্ছে ফুটবলারদের। নতুন পরিবেশে ভ্রমণ, অনুশীলন এবং আন্তর্জাতিক ম্যাচের চাপ তাঁদের ক্লান্তি আরও বাড়াতে পারে। এমন পরিস্থিতিতে চোট পেলে আন্তর্জাতিক বিরতি শেষে রিয়ালের দুর্দান্ত ছন্দ ধরে রাখাও কঠিন হয়ে উঠতে পারে।

এত উদ্বেগের মধ্যেও দলের সাম্প্রতিক পারফরম্যান্সে সন্তুষ্ট মরিনহো। অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে হারের পর যেভাবে ঘুরে দাঁড়িয়ে টানা আটটি ম্যাচ জিতেছে রিয়াল, তাতে খেলোয়াড়দের মানসিক দৃঢ়তারও প্রশংসা করেছেন তিনি।

তবে টানা আট জয়ে অতিরিক্ত উচ্ছ্বাসে ভেসে যেতে চান না মরিনহো। তবে এই মুহূর্তে মাঠের পারফরম্যান্সের চেয়ে আন্তর্জাতিক বিরতিতে খেলোয়াড়দের সুস্থভাবে ফিরে আসাটাই বড় ভাবনা রিয়াল কোচের। সবশেষে মরিনহোর কণ্ঠে তাই একটাই প্রত্যাশা, ‘আশা করি, আমাদের ভাগ্য কিছুটা সহায় হবে।’
 

RELATED ARTICLES

Most Popular