রাজধানীর উত্তরখানের হেলাল মার্কেট এলাকার একটি বাসা থেকে সানজিদা আক্তার ইমা (২২) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী আমিনুল ইসলামকে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গতকাল রোববার সকাল থেকে সন্ধ্যার মধ্যে যেকোনো সময় ঘটনাটি ঘটে থাকতে পারে। গতরাতে মরদেহ উদ্ধারের পর আজ সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) মো. নিসার আলী তিতুমীর জানান, খবর পেয়ে গতকাল রাতে দোবাদিয়া রোডের একটি ১০ তলা ভবনের ৯ তলার ফ্ল্যাট থেকে ইমার মরদেহ উদ্ধার করা হয়। মেঝেতে পড়ে থাকা মরদেহটির গলায় ওড়না পেঁচানো ছিল।
এসআই আরও জানান, পারিবারিক কলহের জেরে স্বামী আমিনুল ওড়না পেঁচিয়ে ইমাকে শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে তারা জানতে পেরেছেন। আমিনুলকে আটক করে আজ আদালতে পাঠানো হয়েছে।
ইমার চাচা মো. সাইফুল ইসলাম জানান, তাদের গ্রামের বাড়ি পাবনার আমিনপুরে। বাবার নাম এ বি এম শফিকুল ইসলাম। তিন বোনের মধ্যে ইমা ছিলেন সবার ছোট।
তিনি জানান, ইমা ও আমিনুল পাবনা এডওয়ার্ড কলেজে একসঙ্গে পড়তেন। প্রায় ১১ মাস আগে পরিবারের অমতে তারা বিয়ে করেন। এরপর থেকে তারা ঢাকায় ভাড়া থাকতেন। তাদের বিদেশে যাওয়ারও কথা ছিল। গতকাল রাতে পুলিশের মাধ্যমে তারা জানতে পারেন যে আমিনুল ইমাকে শ্বাসরোধে হত্যা করেছেন।
ইমার ফুফু খাদিজা খাতুন দ্য ডেইলি স্টারকে বলেন, ইমা কিছুদিন আগে চার্টার্ড অ্যাকাউন্টিংয়ে ভর্তি হয়েছিলেন। তার স্বামীও একই বিষয়ে পড়ালেখা করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
তিনি বলেন, ‘তিন মাস আগে তাদের সঙ্গে আমার শেষ কথা হয়েছিল। আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, এ ঘটনায় নিহতের চাচা সাইফুল ইসলাম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।
