Homeসারাদেশ২৪ হাজারের বেশি রাজনৈতিক মামলা প্রত্যাহার

২৪ হাজারের বেশি রাজনৈতিক মামলা প্রত্যাহার

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, হয়রানির হাতিয়ার হিসেবে ব্যবহৃত ২৪ হাজার ১৩টি রাজনৈতিক মামলা এ পর্যন্ত প্রত্যাহার করেছে সরকার।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে এমপি কেরামত আলীর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে রাজনৈতিক মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয় এবং বর্তমান সরকার সেটি আরও জোরদার করেছে।

বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে করা মামলাগুলো প্রত্যাহারের অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছিলেন ওই সংসদ সদস্য কেরামত আলী।

উত্তরে আইনমন্ত্রী বলেন, কোনো মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বা ব্যক্তিবিশেষকে হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে বলে প্রমাণিত হলে, প্রত্যাহারের আবেদন ও সংশ্লিষ্ট জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে সরকার তা প্রত্যাহারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

প্রক্রিয়াটি সুশৃঙ্খল করতে গত ৫ মার্চ জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চার সদস্যের জেলা পর্যায়ের কমিটি গঠন করা হয়। কমিটিটি মামলা প্রত্যাহারের আবেদন, অভিযোগ, প্রযোজ্য ক্ষেত্রে চার্জশিটের সত্যায়িত অনুলিপি ও সরকারি কৌঁসুলিদের মতামত পর্যালোচনা করে। এরপর কোনো মামলা রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে কি না, মামলাটির বিচার অব্যাহত রাখা জনস্বার্থে প্রয়োজনীয় কি না এবং মামলা চলতে থাকলে রাষ্ট্রীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে কি না—এসব বিষয় যাচাই করে সুপারিশ দেয় কমিটি।

আইনমন্ত্রী জানান, জেলা কমিটিগুলোর সুপারিশ পর্যালোচনা ও সারা দেশে মামলা প্রত্যাহার প্রক্রিয়ার সমন্বয় করতে ৮ মার্চ তার নেতৃত্বে ছয় সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

‘রাজনৈতিক মামলা, এমনকি হত্যা মামলাও প্রত্যাহার করা হবে’

বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের এক সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘শুধুমাত্র ধর্ষণ মামলা ছাড়া অন্য যেকোনো ধরনের মামলা, এমনকি হত্যা মামলা হলেও সেটা যদি রাজনৈতিক মামলা হয় এবং আমাদের স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে আসে, সেগুলো প্রত্যাহার করা হবে। এখানে ইফস অ্যান্ড বাটসের কোনো সুযোগ নেই।’

আসাদুজ্জামান বলেন, ‘মামলা যখন ফাইল হয় তখন কোনোটার গায়ে “রাজনৈতিক মামলা” লেখা থাকে না। এ কারণে আমরা প্রত্যেক ভুক্তভোগী রাজনৈতিক নেতাকর্মীদের বলেছি, যাদের বিরুদ্ধে মামলা আছে তারা নির্ধারিত ফরমে যদি মামলা প্রত্যাহারের দরখাস্ত করেন, ডিউ প্রসেসে আমরা প্রত্যাহার করে দেবো।’

তিনি আরও উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের মামলাগুলো প্রত্যাহারের জন্য কখনো আবেদন করেননি। বরং কোনো বিশেষ বিবেচনা না চেয়ে আদালতের মাধ্যমেই তাদের মামলাগুলোর নিষ্পত্তি হয়েছে।

RELATED ARTICLES

Most Popular