আজ ১১ নভেম্বর। তারিখটা একটু ভালো করে খেয়াল করুন। ১১/১১, মানে চারটি এক! যেন একা থাকারই প্রতীক। আর এই দিনটিই চীনে উদযাপিত হয় সিঙ্গেলস ডে। অর্থাৎ, যাদের জীবনে এখনো বিশেষ কেউ আসেনি, কিংবা যারা একাই বেশ ভালো আছেন, আজ তাদের দিন।
অবশ্য সিঙ্গেলস ডে মানে মন খারাপ করে বসে থাকা নয়। বরং উল্টোটা। নিজের পছন্দের খাবার খাওয়া, ইচ্ছেমতো ঘুরে বেড়ানো, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া কিংবা নিজের জন্য উপহার কেনা—সবই হতে পারে উদযাপনের অংশ। মানে সহজ করে বললে, দিনটির মূল কথা সঙ্গী না থাকলেই জীবন পানসে হয়ে যায় না।
সিঙ্গেলস ডের জন্ম ১৯৯০-এর দশকে, চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ে। চার অবিবাহিত শিক্ষার্থী একা থাকার আনন্দ উদযাপনের জন্য ১১ নভেম্বর দিনটিকে বেছে নেন। তারিখের চারটি ১ তাদের ভাবনার সঙ্গে বেশ মিলে যায়। শুরুতে দিনটির নাম ছিল ‘ব্যাচেলরস ডে’। পরে নারী-পুরুষ সবার মধ্যেই ছড়িয়ে পড়ে এই আয়োজন।
তবে একা থাকার উৎসবটি যে একসময় কেনাকাটার মহোৎসবে পরিণত হবে, তা হয়তো শুরুতে কেউ ভাবেননি। ২০০৯ সালে চীনের ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা সিঙ্গেলস ডে উপলক্ষে বিশেষ ছাড়ের আয়োজন করে। ব্যস, আর যায় কোথায়! কেনাকাটার ধুম পড়ে যায়। ধীরে ধীরে দিনটি বিশ্বের অন্যতম বড় অনলাইন শপিং উৎসবে পরিণত হয়।
২০১৭ সালে মাত্র ২৪ ঘণ্টায় আলিবাবার বিক্রি ছাড়িয়ে যায় ২৫ বিলিয়ন ডলার। ভাবা যায়! এক দিনে এত কেনাকাটা!
সিঙ্গেলস ডে উদযাপনে সঙ্গী খুঁজতে হবে, এমন কোনো কথা নেই। বরং নিজের সঙ্গেই একটা দারুণ দিন কাটানো যায়। অনেক দিনের পছন্দের রেস্তোরাঁয় খেতে যাওয়া, সিনেমা দেখা কিংবা পছন্দের কোনো জিনিস কিনে ফেলা সবই হতে পারে।
বন্ধুদের নিয়ে আয়োজন করা যায় জমজমাট আড্ডা। চাইলে নিজের ভালো দিকগুলো নিয়ে একটি তালিকাও বানানো যায়। কী কী কাজ ভালো পারেন, কোন অর্জনগুলো নিয়ে গর্ব হয়, নিজের কোন অভ্যাসগুলো সবচেয়ে প্রিয় সব লিখে ফেলুন কাগজে কিংবা মোবাইলের নোটপ্যাডে।
আসলে জীবনের আনন্দ উপভোগ করতে সব সময় দুজনের প্রয়োজন হয় না। কখনো এক কাপ কফি, প্রিয় একটি বই কিংবা নিজের সঙ্গে কাটানো নির্ভার বিকেলও দারুণ হতে পারে। তাই সিঙ্গেলস ডেতে মনে রাখুন, জীবনে বিশেষ কেউ না থাকলেও জীবনটা কিন্তু বিশেষ হতে পারে, কেবল দরকার একটু পরিকল্পনা।
