ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ একটি আইনি বিষয় এবং সেই অনুযায়ী এটি সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
আজ মঙ্গলবার নয়াদিল্লিতে সংবাদ ব্রিফিংয়ে জয়সওয়াল জানান, যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়টি নিষ্পত্তি করা হবে।
হাসিনার প্রত্যর্পণ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই মানুষের ভ্রমণের জন্য একটি ভ্রমণ নথি প্রয়োজন।’
হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সম্পর্কে জানতে চাইলে জয়সওয়াল সাংবাদিকদের পরামর্শ দেন, তারা যেন নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কাছ থেকে বিষয়টি পরিষ্কার করে নেয়।
তিনি বলেন, ‘এ বিষয়ে জবাব দেওয়ার জন্য তারাই সবচেয়ে উপযুক্ত।’
সোমবার যুক্তরাজ্যভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কাছে হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানায়।
তবে ঢাকা এমন কোনো সম্ভাবনার কথা নাকচ করে দিয়েছে। বাংলাদেশের বক্তব্য, দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই হাসিনাকে দেশে ফিরতে হবে।
বাংলাদেশ মিশন ইমেইলটি পাওয়ার বিষয় নিশ্চিত করেছে। তবে হাসিনার পক্ষ থেকে এমন অনুরোধ জানানোর জন্য প্রতিষ্ঠানটির অনুমোদন ছিল কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছে।
সোমবার দ্য ডেইলি স্টারকে মিশনের প্রেস মিনিস্টার মো. সাইদুর রহমান জানান, ম্যাট্রিক্স চেম্বার্স নামে একটি প্রতিষ্ঠানের কাছ থেকে হাসিনার পাসপোর্ট ও এনআইডি চেয়ে ইমেইল পেয়েছেন তারা।
তিনি বলেন, ‘কিন্তু, অনুরোধটি আসল কি না, সে বিষয়ে আমরা নিশ্চিত না। শেখ হাসিনার পক্ষে অনুরোধটি করা হয়েছে কি না, সেটা নিশ্চিত হওয়ার কোনো উপায় আমাদের নেই। কারণ, ল ফার্মটির পাঠানো ইমেইলের সঙ্গে হাসিনার অনুমতির কোনো নথি বা প্রমাণ সংযুক্ত ছিল না। তবে আমরা ইমেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছি।’
৯ নভেম্বর তারিখের চিঠিতে ম্যাট্রিক্স চেম্বার্স নিজেদের হাসিনার আইনি পরামর্শক দাবি করে এবং তাদের মক্কেলের জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি নথি চায়। প্রতিষ্ঠানটি উল্লেখ করে, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ তার বিদ্যমান পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে।
তবে হাসিনা প্রতিষ্ঠানটিকে এ কাজের জন্য নিয়োগ দিয়েছেন এমন কোনো অনুমোদনপত্র বা সহায়ক নথি ইমেইলের সঙ্গে সংযুক্ত করা হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ মিশন।
নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘পাসপোর্ট ও এনআইডি অত্যন্ত ব্যক্তিগত নথি। কেবলমাত্র সংশ্লিষ্ট ব্যক্তির যথাযথ অনুমোদন থাকলেই তার আইনগত প্রতিনিধি এমন আবেদন করতে পারেন।’
ওই কর্মকর্তা বলেন, ‘আইনজীবী হিসেবে তারা অন্যদের চেয়ে প্রক্রিয়াটি ভালো জানেন। ধরুন, হাসিনার পাসপোর্ট ও এনআইডি চেয়ে ১০টির বেশি প্রতিষ্ঠান এমন ইমেইল পাঠালো। তাহলে বাংলাদেশ কর্তৃপক্ষ কাকে জবাব দেবে? তাই ম্যাট্রিক্স চেম্বার্সের ইমেইল পাওয়ার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, শেখ হাসিনা সত্যিই প্রতিষ্ঠানটিকে এ কাজের অনুমতি দিয়েছে কি না।’
২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে যান হাসিনা। ২০২৫ সালের নভেম্বরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) তার মৃত্যুদণ্ড দেন।
২০২৪ সালের ডিসেম্বরে কূটনৈতিক নোট ভারবালের মাধ্যমে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে হাসিনার প্রত্যর্পণ চায় ঢাকা। তার দণ্ডাদেশের পর আবারও সেই অনুরোধ জানানো হয়।
বাংলাদেশ এই অনুরোধ জানানোর সময় ২০১৩ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তির আওতায় প্রয়োজনীয় আইনি নথিও দিয়েছিল। এ চুক্তিতে অপরাধের অভিযোগে অভিযুক্ত বা দণ্ডিতদের হস্তান্তরের বিধান রয়েছে। তবে কিছু রাজনৈতিক অপরাধ এর আওতামুক্ত। কিন্তু, চুক্তিতে হত্যা, নরহত্যা, হামলা ও হত্যায় উসকানিসহ গুরুতর কিছু অপরাধের কথা উল্লেখ রয়েছে, যেগুলোকে স্বয়ংক্রিয়ভাবে রাজনৈতিক অপরাধ হিসেবে বিবেচনা করা যায় না।
সম্প্রতি চলতি বছরের ডিসেম্বরেই বাংলাদেশে ফেরার দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন হাসিনা।
অন্যান্য বিষয়
গঙ্গার পানি বণ্টন সম্পর্কে জানতে চাইলে জয়সওয়াল জানান, এ বিষয়ে নতুন কোনো তথ্য নেই।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও কোনো হালনাগাদ তথ্য নেই বলে জানান তিনি।
চীনা ভ্লগাররা কয়েক মাস ধরে ঢাকার বস্তি এলাকায় ভিডিও ধারণ করে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের সময় এসব জায়গাকে নয়াদিল্লির বিভিন্ন এলাকা হিসেবে উপস্থাপন করছেন। এ বিষয়ে জয়সওয়াল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘এ বিষয়ে আমরা গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখেছি। কোনো দেশের বিকৃত চিত্র তুলে ধরার এ ধরনের প্রচেষ্টা দুঃখজনক।’
তিনি আরও বলেন, ‘ঢাকাকে দিল্লি হিসেবে তুলে ধরতে বিদেশি উপাদান ব্যবহারের যে প্রচেষ্টা, সে ক্ষেত্রে মিথ্যা বয়ান প্রচারে যারা কাজ করছেন এবং এর পেছনে যারা রয়েছেন, তাদের বিশ্বাসযোগ্যতাই ক্ষুণ্ন হচ্ছে। এ ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই।’
