বাংলা একাডেমির প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত পরিবর্তনের লক্ষ্যে ২০২৫ সালের ৭ জুলাই বিশেষ সংস্কার কমিটি গঠন করেছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার।
তিন মাসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল কমিটির। কিন্তু এক বছর পেরোলেও এখনো কমিটির প্রতিবেদন সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
কমিটির সদস্যরা বলছেন, তারা সুপারিশসহ প্রতিবেদন সংস্কৃতি মন্ত্রণালয়ে জমা দিয়েছেন। অন্যদিকে মন্ত্রণালয়ের দাবি, তাদের কাছে প্রতিবেদন জমা পড়েনি।
বাংলা একাডেমির মতো জাতীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে এমন ঘটনা ‘দায়িত্বজ্ঞানহীন ও অপেশাদার আচরণ’ বলে মনে করছেন বিশিষ্টজনেরা।
বাংলা একাডেমি সূত্রে জানা গেছে, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ১৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের সংস্কার কমিটি গঠন করেছিল। বিশিষ্ট লেখক ফয়জুল লতিফ চৌধুরীকে কমিটির সভাপতি এবং বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমকে সদস্যসচিব করা হয়।
কমিটির সঙ্গে সংশ্লিষ্টরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে তারা সাতটি বৈঠক করেন। এসব বৈঠকের পর চূড়ান্ত প্রতিবেদনও তৈরি করা হয়।
সংস্কার কমিটি সূত্রে জানা গেছে, তাদের অন্যতম সুপারিশ ছিল বাংলা একাডেমির কর্তৃত্ব একটি স্বাধীন ও শক্তিশালী ‘বাংলা একাডেমি’র ওপর ন্যস্ত করা।
২১ থেকে ৩১ সদস্যের এই পরিষদ আইনের বিধান মেনে একাডেমির কার্যক্রম তদারকি করবে। পাশাপাশি নির্বাহী পরিষদকে দিকনির্দেশনা দেবে।
একাডেমির ২০১৩ সালের বিদ্যমান আইনে ‘জীবন সদস্য ও সাধারণ সদস্যদের’ সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচনের বিধান রয়েছে।
তবে নতুন প্রস্তাবে সাধারণ সদস্যদের ভোটাধিকারের বদলে শিক্ষা, সাহিত্য ও গবেষণায় অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে পরিষদ গঠনের কথা বলা হয়েছে। এসব সদস্য সরকার মনোনীত করবে।
সংশ্লিষ্টদের ধারণা, এই প্রস্তাব একাডেমির গণতান্ত্রিক চরিত্র ও স্বায়ত্তশাসনের সঙ্গে সাংঘর্ষিক। এ কারণে আমলাতান্ত্রিক পর্যায়ে প্রতিবেদনটি আটকে থাকতে পারে।
অন্যদিকে সংস্কার কমিটির ভেতরেও আদর্শিক মতপার্থক্য ছিল বলে জানা গেছে।
কমিটির সদস্য, কবি ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান আবদুল হাই শিকদার দ্য ডেইলি স্টারকে বলেন, প্রথম বৈঠকে অংশ নেওয়ার পর তার অভিজ্ঞতা ভালো হয়নি। এ কারণে তিনি আর কোনো বৈঠকে যাননি।
বাংলা একাডেমির মূল স্লোগান ‘বাঙালির মনন’ নিয়েও আপত্তি জানান তিনি।
আবদুল হাই শিকদার বলেন, ‘স্লোগানে যদি শুধু “বাঙালির মনন” কথাটি এককভাবে রাখা হয়, তবে দেশের অন্যান্য ক্ষুদ্র জাতিগোষ্ঠী বা ভাষাভাষী মানুষের অধিকার ও প্রতিনিধিত্ব বাংলা একাডেমিতে কোথায়?’
এদিকে, প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে কি না, জানতে চাইলে কমিটির সদস্যসচিব ও বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা সভাপতির সম্মতি ও সইসহ প্রতিবেদনটি তখনই মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি।’
প্রতিবেদন জমা দেওয়ার কোনো দাপ্তরিক প্রমাণ বা রসিদ আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘সভাপতির কাছে খোঁজ নিন।’
এ বিষয়ে কমিটির সভাপতি ফয়জুল লতিফ চৌধুরী বলেন, ‘যথাযথ নিয়ম মেনে প্রতিবেদনটি তখনই মন্ত্রণালয়ে পাঠিয়েছি। তবে যতদূর মনে পড়ছে, কাজ শেষে একটা মিটিং হয়েছিল। আমি দেশে না থাকায় সেই মিটিংয়ে থাকতে পারিনি। চূড়ান্ত কপি জমার বিষয়টি কমিটির সদস্যসচিব জানেন।’
পরে আবারও যোগাযোগ করা হলে সদস্যসচিব মোহাম্মদ আজম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বাংলা একাডেমি নিয়ে সংস্কার কমিটিটি স্বতন্ত্র। এটি বাংলা একাডেমি নিয়ে হলেও পাঠানো বাংলা একাডেমির কাজ নয়। আমি সভাপতিকে দিয়েছি। সভাপতি পাঠিয়েছে কি না আমার জানা নেই।’
বিষয়টি নিয়ে জানতে চাইলে সংস্কৃতি মন্ত্রণালয়ের তৎকালীন (অন্তর্বর্তী সরকারের সময়ে) সচিব মো. মফিদুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমি দায়িত্বে থাকাকালে অফিসিয়ালি কোনো সংস্কার প্রতিবেদন আমাদের কাছে আসেনি। পরে এসেছে কি না আমার জানা নেই।’
পরে যোগাযোগ করা হয় সংস্কৃতি মন্ত্রণালয়ের লাইব্রেরি শাখার উপসচিব মোহা. খালিদ হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘সংস্কারের লক্ষ্যে গঠিত বিশেষ কমিটির প্রতিবেদন আমাদের নথিতে নেই। জমা দিলে নিশ্চয়ই থাকত। আমরা এমন কোনো প্রমাণ পাইনি।’
বর্তমান পরিস্থিতি নিয়ে জানতে চাইলে সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এমন একটা কমিটি হয়েছিল বলে শুনেছিলাম। আমাদের কিছু ব্যস্ত সময় যাচ্ছে। কিছুদিন পরেই আমরা এটা নিয়ে সিরিয়াসলি ভাববো।’
তবে প্রতিবেদনটি আদৌ মন্ত্রণালয়ে জমা পড়েছে কি না, কিংবা তিনি নিজে প্রতিবেদনটি দেখেছেন কি না, জানতে চাইলেও এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো জবাব দেননি প্রতিমন্ত্রী।
বাংলা একাডেমির মতো জাতীয় প্রতিষ্ঠানকে ঘিরে এমন ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির সাবেক সভাপতি অধ্যাপক ওয়াকিল আহমদ।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘অভ্যুত্থান হয়েছে রাষ্ট্র ও সমাজ সংস্কারের জন্য। অথচ বাংলা একাডেমি ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের এই আচরণ চরম অপেশাদার। প্রতিবেদন জমা দিলে একাডেমি প্রমাণ রাখেনি কেন? আর যদি প্রতিবেদন জমা না হয়ে থাকে, তবে মন্ত্রণালয় এতদিন কেন তার খোঁজ রাখেনি?’
