Homeঅর্থনীতি১৬ বছরে ফল আমদানি ৫০০ কোটি থেকে বেড়ে ১১ হাজার কোটি টাকা

১৬ বছরে ফল আমদানি ৫০০ কোটি থেকে বেড়ে ১১ হাজার কোটি টাকা

গত ১৬ বছরে চট্টগ্রামের ফলমণ্ডি পাইকারি বাজারে ফলের ধরনে বড় পরিবর্তন এসেছে। দ্য ডেইলি স্টারকে এমনটাই বলছিলেন ফল ব্যবসায়ী আমিনুল হক। তার মতে, একসময় বাজারে আপেল, কমলা ও আঙুরের আধিপত্য ছিল। কিন্তু, কিউই, নাশপাতি ও অ্যাভোকাডোর মতো ফল পাওয়া যেত খুব কম।

তিনি বলেন, এখন ক্রেতারা বিভিন্ন দেশের এবং বিভিন্ন দামের ফল খোঁজেন। স্বাস্থ্যসচেতনতাও বেড়েছে। একসময় অপরিচিত বা দামি বলে যেসব ফল কম কিনতেন, এখন সেগুলোও খুঁজছেন ক্রেতারা।

বাজার ঘুরেও এই পরিবর্তন চোখে পড়ে। এখন ক্রেতারা অ্যাভোকাডো, রামবুটান, ম্যাঙ্গোস্টিন, পারসিমন ও ডুরিয়ানসহ আমদানি করা ৪০টিরও বেশি জাতের ফল কিনতে পারেন।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ১৬ বছরে ফল আমদানির পরিমাণ পাঁচ গুণেরও বেশি বেড়েছে। দামও বেড়েছে প্রায় ২২ গুণ।

২০০৯ সালে বাংলাদেশ ৯৭ হাজার ২৮০ টন ফল আমদানি করে। শুল্ক-করসহ এর পেছনে মোট ব্যয় ছিল প্রায় ৫০০ কোটি টাকা। ২০২৫ সালে আমদানির পরিমাণ বেড়ে দাঁড়ায় ৫ লাখ ৪৭ হাজার টনে, আর ব্যয় বেড়ে হয় ১১ হাজার ৮ কোটি টাকা।

২০২৬ সালেও এই প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। অক্টোবর পর্যন্ত বছরের প্রথম ১০ মাসে দেশে ৪ লাখ ৭৭ হাজার টন ফল আমদানি হয়েছে, যার মোট ব্যয় ৯ হাজার ৬১৪ কোটি টাকা।

একসময় মূলত সচ্ছল পরিবারের বিলাসী পণ্যের বাজার হিসেবে পরিচিত এই খাতে ধীরে ধীরে মধ্যবিত্ত ক্রেতারাও যুক্ত হয়েছেন। ব্যবসায়ীদের মতে, ভোক্তাদের পছন্দের পরিবর্তন এবং দেশের অভ্যন্তরীণ সরবরাহে ঘাটতি—দুই কারণেই বাজার সম্প্রসারণ হচ্ছে।

স্বপ্ন সুপারমার্কেটের চট্টগ্রামের একটি আউটলেটের বিক্রয় ব্যবস্থাপক মো. আলাউদ্দিন বলেন, ‘বছরের পর বছর ধরে আমরা দেখছি, মধ্যবিত্ত ক্রেতারাও আমদানি করা ফলের দিকে ঝুকছেন। ক্রেতারা এখন বিভিন্ন জাতের ফল সম্পর্কে জানেন। কিউই, অ্যাভোকাডো ও আপেলের মতো ফলের বিক্রি ক্রমেই বাড়ছে।’

২০২৪ সালের নভেম্বরে প্রকাশিত ফোরসাইট৪ফুড ইনিশিয়েটিভ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যৌথ এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশে উৎপাদিত ফল দিয়ে বাংলাদেশের মোট চাহিদার মাত্র ৪০ শতাংশের মতো পূরণ হয়। বিশেষ করে সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত আমদানি বাড়ছে। বছরে গড়ে প্রায় ৬ শতাংশ হারে এই আমদানি বৃদ্ধি পাচ্ছে।

ইন্টারন্যাশনাল জার্নাল অব এগ্রিকালচারাল রিসার্চ, ইনোভেশন অ্যান্ড টেকনোলজিতে ২০২৬ সালে প্রকাশিত এক পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ফল উৎপাদন বছরের কয়েকটি মাসে বেশি হয়। মে থেকে আগস্টের মধ্যে বার্ষিক মোট ফলনের প্রায় ৫৬ শতাংশ পাওয়া যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, সারা বছর ফল সরবরাহের ক্ষেত্রে অপর্যাপ্ত কোল্ড-চেইন সুবিধা, মৌসুমের পরে উৎপাদনের উপযোগী জাতের অভাব এবং ফসল তোলার পর ব্যবস্থাপনার দুর্বলতা রয়েছে। এর ফলে আমদানি করা ফলের, বিশেষ করে সারা বছর পাওয়া যায় এমন আপেল, কমলা ও আঙুরের চাহিদা সবসময় থাকছে।

ভোক্তাবিষয়ক গবেষণাতে ক্রয়ক্ষমতার গুরুত্বও উঠে এসেছে। ২০২২ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আশপাশের শহরতলিসংলগ্ন এলাকায় ১৫৫ জনের ওপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, আয়, শিক্ষা ও পুষ্টিবিষয়ক জ্ঞানের সঙ্গে ফল খাওয়ার ইতিবাচক সম্পর্ক রয়েছে। বিশেষ করে আপেল, আঙুর ও কমলা খাওয়ার সঙ্গে আয়ের ইতিবাচক সম্পর্ক পাওয়া গেছে। অন্যদিকে, দাম বাড়লে ফল কেনার পরিমাণ কমে যায়।

বিদেশি বা অপ্রচলিত ফলের বদলে মূলত পরিচিত ফলের মাধ্যমেই এই প্রবৃদ্ধি এসেছে।

২০০৯ সালে আপেল আমদানি হয়েছিল ৩৪ হাজার ২৭৪ টন, যা ২০২৫ সালে বেড়ে ১ লাখ ৬৫ হাজার টনের বেশি হয়েছে। একই সময়ে কমলা আমদানি ২০ হাজার ২৫ টন থেকে বেড়ে ১ লাখ ৫৭ হাজার টনের বেশি হয়েছে। ২০২৫ সালে যত ফল আমদানি হয়েছে, তার প্রায় তিন-পঞ্চমাংশই এই দুই ফল।

পরিমাণে কম হলেও নতুন জাতের ফলও আমদানি হচ্ছে। যদিও এসব ফলের আমদানি বৃদ্ধির হার বেশ উল্লেখযোগ্য। ২০০৯ সালে বাংলাদেশ মাত্র ১২৯ কেজি কিউই আমদানি করেছিল, যার মূল্য ছিল ১৮ হাজার ২৬৫ টাকা। ২০২৫ সালে এর আমদানি বেড়ে দাঁড়ায় ১৪ হাজার ৫৮২ কেজিতে, যার মূল্য ৫২ লাখ ৫৯ হাজার টাকা। ২০২৬ সালের প্রথম ১০ মাসে কিউই আমদানি হয়েছে ২৪ হাজার ২১৪ কেজি।

পরিসংখ্যান দেখলে বোঝা যায়, কিউইর এই বাড়তি আমদানির ফলে সেটি বাজারের প্রচলিত কোনো ফলের জায়গা দখল করেনি। বরং ভোক্তাদের জন্য সহজলভ্য ফলের বৈচিত্র্য বাড়িয়েছে।

আমিনুল বলেন, ‘বিশেষ করে শহরের ভোক্তাদের ক্রয়ক্ষমতা বেড়েছে এবং তাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন এসেছে। এ কারণে আমদানি করা নানা ধরনের ফলের চাহিদা তৈরি হয়েছে। সুপারমার্কেট ও ফলের দোকানের সুবাদে এসব ফল ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে।’

বাজারের এই সম্প্রসারণ অবশ্য নিরবচ্ছিন্ন ছিল না। ২০২২ সাল থেকে আমদানিকারকদের ওপর চাপ বাড়তে থাকে। ওই সময় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্ষয় ঠেকাতে আমদানি নিরুৎসাহিত করার উদ্যোগ নেয় সরকার।

ফল আমদানির জন্য ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক ১০০ শতাংশ মার্জিনের শর্ত দেয়। এমনকি সরকার নিয়ন্ত্রণমূলক ও সম্পূরক শুল্কও বাড়ায়। ফলে সামগ্রিক করের বোঝা বেড়ে যায়।

শাহ আমানত ফ্রুটস ইমপোর্টসের মালিক সাইফুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আগে ব্যাংকের সঙ্গে সম্পর্ক ও ব্যবসায়িক রেকর্ডের ওপর নির্ভর করে আমদানিকারকরা ১০ থেকে ৩০ শতাংশ মার্জিনে এলসি খুলতে পারতেন। এখন এলসির পুরো টাকা অগ্রিম পরিশোধ করতে হয়, আমদানি কর বেড়েছে, ডলারের সংকট—সবমিলিয়ে ফল আমদানি করার খরচ অনেক বেড়ে গেছে এবং আমাদের আমদানি করার সক্ষমতাও তুলনামূলক কমে গেছে।’

এসব ব্যয়ের বোঝা শেষ পর্যন্ত ভোক্তাদের ওপরই চাপানো হয় বলে জানান তিনি।

বাণিজ্য মন্ত্রণালয়ে গত ২৭ অক্টোবর পাঠানো এক প্রতিবেদনে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) জানিয়েছে, ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত তিন বছরে আপেল, কমলা, মাল্টা, আঙুর, নাশপাতি ও ডালিম আমদানি এক-তৃতীয়াংশের বেশি কমে গিয়েছিল। ২০২৫-২৬ অর্থবছরে সেটা প্রায় ১০ শতাংশ পুনরুদ্ধার হয়েছে।

কমিশন এর জন্য ধারাবাহিকভাবে শুল্ক ও কর বাড়ানোকে দায়ী করেছে। ২০২০-২১ অর্থবছরে এসব ফলের ওপর সম্মিলিত শুল্ক-কর হার ছিল প্রায় ৮৯ শতাংশ। সেটা বাড়তে বাড়তে চলতি অর্থবছরে প্রায় ১২২ শতাংশে দাঁড়িয়েছে।

ডলারের বিপরীতে টাকার দাম কমে যাওয়ার কারণেও এই চাপ বেড়েছে। কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত পাঁচ বছরে স্থানীয় মুদ্রায় ডলারের দাম প্রায় ৪৩ শতাংশ বেড়েছে।

শুল্ক বেড়ে যাওয়ায় আমদানি কমলেও সরকারের রাজস্ব আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠেছে আমদানি করা ফল।

চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন বলেন, ‘এসব পণ্যে তুলনামূলক বেশি কর আরোপের কারণে আমদানি করা ফল শুল্ক রাজস্ব আদায়ে বড় অবদান রাখছে।’

এনবিআর আমদানি করা ফল থেকে ২০০৯ সালে রাজস্ব আদায় করেছে ১৮৬ কোটি টাকা। ২০২৫ সালে সেটা বেড়ে ৫ হাজার ৯৬৭ কোটি টাকায় দাঁড়িয়েছে। ২০০৯ সালে গড় শুল্ক-কর হার ছিল প্রায় ৫৯ শতাংশ, যা ২০২৫ সালে ১১৯ শতাংশে পৌঁছায়। শুধু ২০২৬ সালের প্রথম ১০ মাসেই রাজস্ব আদায় হয়েছে ৫ হাজার ২২২ কোটি টাকা।

বাংলাদেশে বাণিজ্যিকভাবে উৎপাদিত হয় না, এমন ফলের ওপর সম্পূরক ও নিয়ন্ত্রণমূলক শুল্ক অব্যাহতির সুপারিশ করেছে বিটিটিসি। এ ধরনের ফলের মধ্যে আপেল, কমলা, মাল্টা, আঙুর, নাশপাতি ও ডালিমের নাম উল্লেখ করেছে কমিশন।

কমিশন যে পাঁচটি দেশের মধ্যে তুলনা করেছে, তার মধ্যে বাংলাদেশে মোট করের হার সবচেয়ে বেশি এবং নেপালে সবচেয়ে কম।

কমিশনের হিসাব অনুযায়ী, গড় নির্ধারিত মূল্য প্রতিকেজি ৯০ টাকা ধরে করের হার আবার ৮৯ শতাংশে নামিয়ে আনলে আমদানির পরিমাণ ২০২১-২২ অর্থবছরের পর্যায়ে ফিরতে পারে। একইসঙ্গে রাজস্ব আয় সাড়ে ৬ হাজার কোটি টাকার বেশি হতে পারে।

আমদানি করা ফল যেন সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে না যায় এবং বাজারে সরবরাহ স্বাভাবিক থাকে, তা নিশ্চিত করাই ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জ।

সরকারের প্রতি আলম আহ্বান জানান, রাজস্ব আয় ও বৈদেশিক মুদ্রার পাশাপাশি ভোক্তাদের জন্য সব ধরনের খাদ্যপণ্যের প্রাপ্যতার নিশ্চিতের বিষয়টিও যেন বিবেচনায় রাখা হয়।

RELATED ARTICLES

Most Popular