Homeসারাদেশ‘স্বামী-স্ত্রী দুজনের চাকরি পছন্দ নয়’—কী বার্তা দেয় প্রতিমন্ত্রীর এই মন্তব্য?

‘স্বামী-স্ত্রী দুজনের চাকরি পছন্দ নয়’—কী বার্তা দেয় প্রতিমন্ত্রীর এই মন্তব্য?

বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন। তার দীর্ঘ রাজনৈতিক নেতৃত্ব দলটির ইতিহাসে নারীর নেতৃত্বের গুরুত্বপূর্ণ উদাহরণ। 

দলটি ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারেও নারীর অর্থনৈতিক স্বাধীনতা, আনুষ্ঠানিক খাতে কর্মসংস্থান বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে ডে-কেয়ার ও স্তন্যদান কর্নার চালুর প্রতিশ্রুতি দিয়েছে। নারীর নেতৃত্ব ও নীতিনির্ধারণে অংশগ্রহণ বাড়ানোর কথাও বলেছে।

সেই দলেরই প্রতিনিধি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, স্বামী-স্ত্রী দুজনের চাকরি করা তার ব্যক্তিগতভাবে পছন্দ নয়। একজন চাকরি করলে পরিবারের জন্য ভালো হয়।

তার যুক্তি, বাবা-মা দুজনই চাকরি করলে এর প্রভাব সন্তানদের ওপর পড়ে। সন্তান অন্য কেউ লালন-পালন করতে পারে, কিন্তু বাবা-মায়ের ছত্রছায়ায় বড় হলে তাদের মধ্যে আলাদা উপলব্ধি তৈরি হয়।

গতকাল মঙ্গলবার আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক অনুষ্ঠানে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রীর এই মন্তব্যে প্রশ্ন উঠেছে, কর্মজীবী নারী ও পরিবারের দায়িত্ব নিয়ে তার দৃষ্টিভঙ্গি কী বার্তা দিচ্ছে? বিশেষ করে যে সময়ে নারীর কর্মসংস্থান বাড়ানো এবং কর্মক্ষেত্রকে নারীবান্ধব করার প্রতিশ্রুতি দিয়েছে তার দল, তখন এ ধরনের বক্তব্য কতটা সামঞ্জস্যপূর্ণ?

তাছাড়া, প্রতিমন্ত্রীর দায়িত্বে থেকে সরকারি অনুষ্ঠানে দেওয়া বক্তব্য কি ব্যক্তিগত মন্তব্য বলে ধরে নেওয়ার সুযোগ আছে?

এ প্রসঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে সহযোগী অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘একজন প্রতিমন্ত্রী তার পদমর্যাদায় থেকে যে মন্তব্য করেন, সেটিকে পুরোপুরি ব্যক্তিগত পর্যায়ে রাখার সুযোগ নেই। বিশেষ করে তার বক্তব্য যখন তার দলের নির্বাচনী ইশতেহার ও রাষ্ট্রের কাছে তুলে ধরা দলীয় অবস্থানের সম্পূর্ণ বিপরীত, তখন তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।’

তার মতে, ‘একজন ব্যক্তি যখন কোনো রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে থেকে সেই দলের ঘোষিত অবস্থানের বিপরীত বক্তব্য দেন, তখন শুধু তার ব্যক্তিগত ভাবমূর্তি নয়, দল ও সরকারের প্রতিও জনগণের অনাস্থা তৈরি হতে পারে।’

নারীপক্ষের প্রতিষ্ঠাতা সদস্য ও মানবাধিকারকর্মী শিরীন পারভিন হক বলেন, ‘এ ধরনের পশ্চাৎপদ চিন্তার কোনো জায়গা বাংলাদেশে নেই। একজন প্রতিমন্ত্রী হয়ে তিনি এ ধরনের মন্তব্য করেছেন। আমি আশা করি, মন্ত্রিসভার অন্য সদস্যরা এ বিষয়ে আপত্তি জানাবেন এবং তাকে বক্তব্যটি প্রত্যাহারের অনুরোধ করবেন।’

প্রতিমন্ত্রীর ওই মন্তব্য উদ্বেগজনক বলে মনে করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনীষা চক্রবর্তী। তিনি ডেইলি স্টারকে বলেন, ‘একজন প্রতিমন্ত্রী যখন এ ধরনের বক্তব্য দেন, তখন সেটিকে শুধু তার ব্যক্তিগত মতামত হিসেবে দেখার সুযোগ নেই। তিনি সরকারের প্রতিনিধি। ফলে তার বক্তব্যে সরকারের অবস্থানের প্রতিফলন রয়েছে বলে মানুষ মনে করতে পারে। সরকারের অবস্থান যদি সত্যিই এমন হয়, তাহলে তা উদ্বেগজনক।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের পোশাকশিল্পসহ বিভিন্ন খাতে অসংখ্য নারী কাজ করেন। তাদের স্বামীরাও অনেকে কর্মজীবী। প্রতিমন্ত্রীর বক্তব্যের অর্থ যদি হয়, স্বামী-স্ত্রী দুজনের চাকরি করা উচিত নয়, তাহলে কর্মজীবী নারীদের কাজের অধিকার নিয়েই প্রশ্ন তৈরি হয়।’

বাংলাদেশে পরিবার ও কর্মজীবন নিয়ে প্রচলিত সামাজিক ধারণায় পুরুষকে প্রধান উপার্জনকারী এবং নারীকে সন্তান পালন ও ঘর সামলানোর দায়িত্বে থাকা ব্যক্তি হিসেবে দেখার প্রবণতা রয়েছে। নারীরা চাকরি করলেও সংসারের বড় অংশের দায়িত্ব তাদেরই সামলাতে হয়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২১ সালের সময় ব্যবহার জরিপ অনুযায়ী, নারীরা প্রতিদিন গড়ে ৫ দশমিক ৯ ঘণ্টা বিনা পারিশ্রমিকের গৃহস্থালি ও পরিচর্যার কাজে ব্যয় করেন। পুরুষেরা ব্যয় করেন শূন্য দশমিক ৮ ঘণ্টা। অর্থাৎ নারীরা পুরুষের তুলনায় ৭ দশমিক ৩ গুণ বেশি সময় এসব কাজে দেন।

মনীষা চক্রবর্তী বলেন, সন্তান রাষ্ট্রের ভবিষ্যৎ নাগরিক। তাদের বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় পরিবেশ ও পরিচর্যার সুযোগ নিশ্চিত করাও রাষ্ট্রের দায়িত্ব। বিএনপি নির্বাচনী ইশতেহারে ডে-কেয়ার সেন্টার নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে। প্রতিমন্ত্রীর বক্তব্য দলের সেই অঙ্গীকারের সঙ্গেও সাংঘর্ষিক।

তার মতে, প্রতিমন্ত্রীর উচিত ছিল নারীদের জন্য সহায়ক কর্মপরিবেশ তৈরির বিষয়ে কথা বলা। অনেক কর্মক্ষেত্রে এখনো ডে-কেয়ার সেন্টার নেই। কর্মজীবী নারীদের জন্য পর্যাপ্ত আবাসন, নারী হোস্টেল ও নিরাপদ গণশৌচাগারেরও অভাব রয়েছে। এসব সুবিধা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) একটি গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে বাংলাদেশে পুরুষের কর্মসংস্থানের হার ছিল ৭৭ দশমিক ৯ শতাংশ, নারীর ৪০ দশমিক ২ শতাংশ। কর্মরত নারীদের মাত্র ১৯ শতাংশ মজুরিভিত্তিক কাজে ছিলেন। পুরুষদের ক্ষেত্রে এ হার ৪৮ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, দেশের উচ্চশিক্ষিত জনগোষ্ঠীর প্রায় ৩৫ শতাংশ নারী হলেও তাদের মধ্যে মাত্র ৫ শতাংশ কর্মজীবী বা আয়ভিত্তিক কাজে যুক্ত। ব্যবস্থাপনা পর্যায়ের পদগুলোতেও নারীর অংশ মাত্র ৬ দশমিক ২ শতাংশ।

আইএলওর গবেষণায় আরও বলা হয়েছে, বাংলাদেশের নারীরা পুরুষের তুলনায় মাসে গড়ে ২২ থেকে ২৫ শতাংশ কম আয় করেন। বাইরে কাজ করার পাশাপাশি নারীরা সপ্তাহে গড়ে ২৭ দশমিক ৭ ঘণ্টা গৃহস্থালির কাজ করেন। পুরুষেরা করেন ৭ দশমিক ৭ ঘণ্টা। ঘরের কাজে বেশি সময় দেওয়ায় নারীদের উচ্চ মজুরির কাজ নেওয়া ও কর্মজীবনে এগিয়ে যাওয়ার সুযোগ সীমিত হয়।

জাতিসংঘের নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদের (সিডও) ৫(ক) অনুচ্ছেদে নারী-পুরুষের সামাজিক ভূমিকা নিয়ে প্রচলিত কুসংস্কার ও প্রথাগত ধারণা পরিবর্তনের কথা বলা হয়েছে। ১১ অনুচ্ছেদে কর্মক্ষেত্রে নারীর সমান অধিকার নিশ্চিত করা এবং বিবাহ ও মাতৃত্বের কারণে কর্মসংস্থানে বৈষম্য রোধের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

অধ্যাপক স্নিগ্ধা মনে করিয়ে দিয়ে বলেন, ‘বিএনপি সরকার গঠনের পর থেকে বারবার বলেছে, তারা নারীর ক্ষমতায়নে বিশ্বাসী। কিন্তু মুখে নারীর ক্ষমতায়নের কথা বললেই হবে না। গুরুত্বপূর্ণ পদে যদি এমন ব্যক্তিরা থাকেন, যারা নারীর ক্ষমতায়নে বিশ্বাসী নন, তাহলে বুঝতে হবে বিএনপির সেই অবস্থান কেবল নির্বাচনী প্রচারণার মধ্যেই সীমাবদ্ধ ছিল। এর বেশি কিছু নয়।’

মনীষা চক্রবর্তীর মতে, প্রতিমন্ত্রীর এ ধরনের মন্তব্য পিতৃতান্ত্রিক ধারণাকে আরও শক্তিশালী করে। রাজনৈতিক অঙ্গনে নারীদের কম অংশগ্রহণ এবং কর্মক্ষেত্রে তাদের পিছিয়ে রাখার প্রবণতাকেও উৎসাহিত করতে পারে।

তিনি আশা করেন, প্রতিমন্ত্রী বক্তব্যটি প্রত্যাহার করবেন এবং নারীদের কর্মসংস্থান ও নিরাপদ, নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করতে উদ্যোগ নেবেন।

 

RELATED ARTICLES

Most Popular