Homeআন্তর্জাতিকসৌদিতে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়ায় কেনিয়ার গৃহকর্মীকে ১০০ দোররা

সৌদিতে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়ায় কেনিয়ার গৃহকর্মীকে ১০০ দোররা

বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়ায় সৌদি আরবে কেনিয়ার এক নারী গৃহকর্মীকে ১০০ দোররা মারার সাজা দেওয়া হয়েছে। দেশটিতে ওই নারী এক সন্তান জন্ম দেওয়ার পর এই রায় দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সাজাপ্রাপ্ত ওই গৃহকর্মী এক মিসরীয় নাগরিকের সঙ্গে সম্পর্কের পর অন্তঃসত্ত্বা হন। ওই ব্যক্তি পরে সৌদি আরব ছেড়ে চলে যান। ওই নারী ২০২৫ সালের আগস্টে এক ছেলেসন্তানের জন্ম দেন।

প্রতিবেদনে বলা হয়, কয়েক দফা শুনানির পর গত অক্টোবরে ওই নারীকে দোররা মারার সাজা দেওয়া হয়। বিচার চলাকালে তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তবে আদালতের একজন অনুবাদক তাকে সহায়তা করেন।

কেনিয়ায় থাকা তার অন্য সন্তানদের কাছে ফিরে যাওয়ার আশায় এই রায়ের বিরুদ্ধে আপিল করেননি ওই নারী। আইনি জটিলতার কারণে এক বছরের বেশি সময় ধরে তিনি ছেলেকে নিয়ে সৌদি আরব ছাড়তে পারছেন না। এর মধ্যে তার দেশে ফেরার নথিপত্রের মেয়াদও শেষ হয়ে গেছে।

দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, আদালতের রায়ে ওই সন্তানের বাবাকে খোঁজার বা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়নি। এ ছাড়া কবে এই সাজা কার্যকর করা হবে, তা-ও সুনির্দিষ্টা করে উল্লেখ করা হয়নি।

রায়ের ব্যাপারে ওই নারী দ্য নিউইয়র্ক টাইমসকে বলেন, এতগুলো দোররার আঘাত সহ্য করতে পারবেন কি না, তা নিয়ে তিনি ভয়ে আছেন। তিনি বলেন, ‘এই শাস্তি আমার প্রাপ্য নয়।’

২০২৪ সালে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবে বিয়েবহির্ভূত সম্পর্কের কঠিন সাজার ভয়ে সন্তানের বাবারা কেনিয়ার অনেক অবিবাহিত মাকে ফেলে পালিয়ে গেছেন।

RELATED ARTICLES

Most Popular