যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারচিয়েভ মারা গেছেন। আজ বুধবার ৬৬ বছর বয়সে আকস্মিকভাবে তার মৃত্যু হয়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
এএফপি ও তাসের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে দারচিয়েভের আকস্মিক মৃত্যু হয়েছে। তিনি একজন ‘অসাধারণ কূটনীতিক, অভিজ্ঞ নেতা ও সদয় সহকর্মী’ ছিলেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
তার মৃত্যুর বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি মস্কো।
২০২৫ সালের মার্চে যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান দারচিয়েভ। এর আগে ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি কানাডায় রাশিয়ার রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার কিছুদিন পর তাকে ওয়াশিংটনে নিয়োগ দেওয়া হয়। সে সময় ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে কেন্দ্র করে মস্কোর সঙ্গে পশ্চিমা দেশগুলোর কয়েক বছর ধরে উত্তেজনা চলছিল।
রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন দারচিয়েভ। ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকাবিষয়ক বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর দারচিয়েভ ওই পদক্ষেপকে ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ বলে অভিহিত করেছিলেন।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, দারচিয়েভ ছিলেন আমেরিকাবিষয়ক একজন উজ্জ্বল বিশেষজ্ঞ এবং পেশাদার কূটনীতিক। তার মৃত্যুতে মন্ত্রণালয়ের কর্মকর্তারা পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
