ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা আপাতত স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধের পর তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে হরমুজ প্রণালিতে নৌ অবরোধ অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি।
অন্যদিকে, যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে নিজেদের সাতটি শর্ত মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে ইরান। দেশটির দাবি, ওয়াশিংটনকে এসব শর্ত মেনে আত্মসমর্পণ করতে হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, সামরিক হামলা কিংবা নিষেধাজ্ঞা বাড়িয়ে এই যুদ্ধের অবসান ঘটানো সম্ভব নয়। সম্মানজনক আচরণ ও আলোচনার মাধ্যমেই সমাধান খুঁজতে হবে।
একই সময়ে ইরান নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়ানোরও দাবি করেছে। দেশটির অভিযোগ, পারমাণবিক স্থাপনায় হামলার ঘটনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রসির প্রতিক্রিয়ায় দ্বৈতনীতি দেখা গেছে।
রয়টার্স ও আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
নতুন হামলা আপাতত নয়, অবরোধ চলবে
সোমবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার এবং হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আপাতত ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা চালানোর পরিকল্পনা নেই তার। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানিসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সর্বোচ্চ সক্ষমতার সামরিক সরঞ্জাম প্রস্তুত রেখেছে। তবে সেগুলো ব্যবহারের প্রয়োজন হবে বলে তিনি মনে করছেন না।
এ সময় তিনি কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতের নাম উল্লেখ করেন। এসব দেশ নতুন করে হামলা শুরুর বিপক্ষে বলে জানান তিনি।
তবে হরমুজ প্রণালিতে নৌ অবরোধ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ট্রাম্প। যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া আগের প্রস্তাবও এখন পর্যন্ত গ্রহণ করেনি ওয়াশিংটন।
গত সপ্তাহে তেহরান সফরের পর সোমবার ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন কাতারের প্রধানমন্ত্রী। তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গেও আলোচনা করেন। বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, চুক্তিতে পৌঁছানো এবং অঞ্চলে শান্তি ফেরানোর বিষয়ে আলোচনা ইতিবাচক হয়েছে।
তবে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় অঞ্চলের জ্যেষ্ঠ কর্মকর্তারা শিগগিরই কোনো সমঝোতা হওয়ার সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
ইরানের সাত শর্ত, আত্মসমর্পণের আহ্বান
ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি বলেছেন, যুদ্ধ বন্ধ করতে হলে যুক্তরাষ্ট্রকে তেহরানের সাতটি শর্ত মেনে নিতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি ওয়াশিংটনকে ‘কাল্পনিক আলোচনা’ নিয়ে ভুয়া খবর ছড়ানো বন্ধের আহ্বান জানান।
আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, ইরান এখন যুদ্ধের বিষয়ে আগের চেয়ে আত্মবিশ্বাসী অবস্থান তুলে ধরছে। দেশটির নেতারা নিজেদের শর্ত পূরণ ছাড়া যুদ্ধের সমাপ্তি মেনে নেওয়া হবে না, এমন বার্তা দিতে চাইছেন।
The war on Iran has already wrecked the US government. But Washington flails like a desperate gambler. FOLD YOUR HAND. STOP manufacturing FAKE NEWS about imaginary talks. Stop denying the West Asian NEW ORDER. Time to SURRENDER to the seven conditions Iran has repeatedly set out.
ইরানের প্রস্তাব অনুযায়ী, দেশটির বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার, কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং হামলা বন্ধ করতে হবে। এর বিনিময়ে হরমুজ প্রণালি খুলে দেবে তেহরান। এরপর দেশটির পারমাণবিক কর্মসূচি ও অন্যান্য নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হতে পারে।
তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রোববার ইরানের শর্তগুলোকে ‘অবাস্তব ও অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন। অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার বলেন, আলোচনার টেবিলে থাকা প্রস্তাবগুলোর মধ্যে এটিই সবচেয়ে যুক্তিসংগত।
সামরিক হামলা ও নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না: আরাগচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, সামরিক উপায়ে কিংবা নিষেধাজ্ঞা বাড়িয়ে যুদ্ধের অবসান ঘটানো যাবে না। এর জন্য সম্মানজনক ভাষায় আলোচনা করতে হবে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে ইরানের দাবি ও শর্ত অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। দুই দিনের পরিকল্পনায় এসব শর্ত তুলে ধরা হয়েছে এবং সেগুলো এখনো আলোচনার জন্য বহাল রয়েছে।
আরাগচির দাবি, ইরানের বিরুদ্ধে যুদ্ধে ট্রাম্পের কোনো লক্ষ্যই অর্জিত হয়নি, ভবিষ্যতেও হবে না। এ বিষয়টি ট্রাম্পের আরও আগেই উপলব্ধি করা উচিত ছিল।
গত মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলের পরাজয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইরানের সঙ্গে যুদ্ধের বিরোধিতা করছেন যুক্তরাষ্ট্রের জনগণ। ইসরায়েলকে সমর্থন দিতে গিয়ে দেশটি যেন বারবার যুদ্ধে জড়িয়ে না পড়ে, সেটিই তারা চান।
হরমুজ প্রণালি ও উপসাগরে পাল্টাপাল্টি হামলা
নতুন করে হামলা স্থগিত রাখার কথা বললেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক তৎপরতা বন্ধ হয়নি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে রয়টার্স জানিয়েছে, রোববার রাতে দেশটির কেশম দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এতে গুরুত্বপূর্ণ অবকাঠামো বা সেবাব্যবস্থার ক্ষতি হয়নি বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা। হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
ইরানের এক জ্যেষ্ঠ সূত্র রয়টার্সকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্য ছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ও জাহাজ চলাচলে ব্যবহৃত রাডারব্যবস্থা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্র এবং সমুদ্রপথে মাইন স্থাপনের সরঞ্জাম।
অন্যদিকে, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে ট্যাংকারে হামলার ঘটনা বেড়েছে। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, গত অক্টোবর থেকে এ ধরনের হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং যুদ্ধ শুরুর পর থেকে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদকের দাবি, গত ১০ দিনে ১১টি ট্যাংকার অচল করে দেওয়া হয়েছে। এ ছাড়া, রোববার হরমুজ প্রণালির পূর্বদিকে একটি ট্যাংকার মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তেহরান।
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়া ঠেকাতে কূটনৈতিক তৎপরতাও চলছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন, তিনি ট্রাম্পকে বলেছেন, আঙ্কারা নতুন করে উত্তেজনা বাড়তে দেখতে চায় না। সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধানের ওপর জোর দিয়েছেন তিনি।
সংযুক্ত আরব আমিরাতের জ্যেষ্ঠ কর্মকর্তা আনোয়ার গারগাশও বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পূর্ণাঙ্গ রাজনৈতিক সমঝোতা কঠিন বলে মনে হচ্ছে। দীর্ঘ সময় ধরে অনিশ্চয়তা চলতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।
পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে আইএইএর বিরুদ্ধে অভিযোগ
জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা আইএইএর প্রধান রাফায়েল গ্রসির বিরুদ্ধে দ্বৈতনীতির অভিযোগ তুলেছে ইরান।
বার্তা সংস্থা মেহেরের বরাতে আল জাজিরা জানিয়েছে, ভিয়েনায় ইরানের প্রতিনিধি দল গ্রসির প্রতিক্রিয়ার সমালোচনা করেছে। তাদের প্রশ্ন, ইউক্রেনের জাপোরিঝঝিয়া পারমাণবিক কেন্দ্রে এক কর্মী নিহত হওয়ার ঘটনায় গ্রসি কঠোর নিন্দা জানালেও ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা কিংবা ইরানি পরমাণু বিজ্ঞানীদের হত্যার ঘটনায় একই ধরনের প্রতিক্রিয়া জানাননি কেন।
ইরানের প্রতিনিধি দল একে ‘বেছে বেছে ক্ষোভ প্রকাশ’ বলে অভিহিত করেছে। তাদের বক্তব্য, পেশাদারত্বের জন্য সব পরিস্থিতিতে একই ধরনের অবস্থান নেওয়া প্রয়োজন।
নতুন ক্ষেপণাস্ত্র তৈরির দাবি ইরানের
ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের এক উপদেষ্টা দাবি করেছেন, দেশটির বিশেষজ্ঞরা যুদ্ধক্ষেত্রের প্রয়োজন অনুযায়ী নতুন ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি করছেন।
ব্রিগেডিয়ার জেনারেল আলি বিলালি ইরানের ফার্স নিউজ এজেন্সিকে বলেন, ‘হরমুজ’ নামের একটি ক্ষেপণাস্ত্র তৈরি করা হচ্ছে, যা শত্রুপক্ষের রাডারব্যবস্থা শনাক্ত করে সেগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে সক্ষম।
তার দাবি, রাডার থেকে নির্গত সংকেত শনাক্ত করে লক্ষ্যবস্তুতে আঘাত হানার প্রযুক্তিতে ইরান উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। দেশটির ক্ষেপণাস্ত্র শিল্প এখন শুধু বিদ্যমান অস্ত্রের অনুকরণ করছে না, বরং নিজস্ব প্রয়োজন অনুযায়ী নতুন অস্ত্র তৈরি করতেও সক্ষম।
ইরানের ক্ষেপণাস্ত্র শিল্পে স্বনির্ভরতা অর্জনেরও দাবি করেছেন বিলালি। তার ভাষ্য, এই শিল্প এখন অনেকটাই নিজস্ব কাঁচামাল ও উৎপাদনব্যবস্থার ওপর নির্ভরশীল। ক্ষেপণাস্ত্রের কঠিন ও তরল জ্বালানি তৈরির কাঁচামাল দেশেই সংগ্রহ ও প্রক্রিয়াজাত করা হচ্ছে। খনিজ সম্পদ ও পেট্রোলিয়ামজাত উপাদান ব্যবহারের মাধ্যমে বিদেশি সরবরাহের ওপর নির্ভরতা কমিয়েছে ইরান।
যুক্তরাজ্যের দ্বিতীয় ঘাঁটি থেকে সরল মার্কিন উড়োজাহাজ
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় এক বিমানঘাঁটি থেকেও সামরিক উড়োজাহাজ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যের আরএএফ মিলডেনহল ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের দুটি জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ সকালে জার্মানিতে সরিয়ে নেওয়া হয়। পরে ঘাঁটিতে থাকা আরও কয়েকটি ট্যাংকার উড়োজাহাজ জার্মানি ও অন্যান্য স্থানে সরানো হয়।
এর কয়েক সপ্তাহ আগেও ইরানের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা একটি নিরাপত্তা ঝুঁকির ঘটনার পর যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে মার্কিন বোমারু উড়োজাহাজ সরিয়ে নেওয়া হয়েছিল।
এ বিষয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, অন্য দেশের সামরিক তৎপরতা নিয়ে তারা সাধারণত মন্তব্য করেন না। তবে পরিচালনাগত প্রয়োজন অনুযায়ী উড়োজাহাজ ও অন্যান্য সামরিক সরঞ্জাম নিয়মিত এক স্থান থেকে অন্য স্থানে সরানো হয়।
