Homeসারাদেশপোশাকশ্রমিকরা ৩০ টাকা দরে মাসে ১০ কেজি চাল পাবেন

পোশাকশ্রমিকরা ৩০ টাকা দরে মাসে ১০ কেজি চাল পাবেন

মূল্যস্ফীতির চাপে থাকা পোশাকশ্রমিকদের কাছে সাশ্রয়ী মূল্যে চাল বিক্রি করতে বিশেষ ওএমএস চালু করতে যাচ্ছে সরকার।

খোলাবাজারে পণ্য বিক্রির এই কর্মসূচির আওতায় একজন পোশাকশ্রমিক ৩০ টাকা কেজি দরে মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।

আজ বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, চলতি মাস থেকেই এ কর্মসূচি শুরু হবে। সম্ভবত ২০ নভেম্বর থেকে চাল বিক্রি শুরু হবে।

মজুরি বৃদ্ধির দাবিতে শিল্প এলাকায় শ্রমিক অসন্তোষের মধ্যে সরকার এ সিদ্ধান্ত নিল। চলতি মাসের শুরুতে গঠিত ন্যুনতম মজুরি বোর্ড ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং দুটি সভা করেছে।

সোমবারের সভায় শ্রমিক প্রতিনিধি ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছেন।

প্রাথমিকভাবে ঢাকা মহানগর ও ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলা এবং চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলার অন্যান্য এলাকায় এ কর্মসূচি চালুর পরিকল্পনা করেছে খাদ্য মন্ত্রণালয়।

পোশাকশিল্পের সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ৭৫টি ট্রাকে করে শ্রমিকদের কাছে চাল বিক্রি করা হবে।

কর্মসূচি বাস্তবায়নে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়েছে, পোশাকশ্রমিকদের খাদ্য ব্যয় কমানো এবং তাদের সাশ্রয়ী মূল্যে চাল কেনার সুযোগ দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিঠি অনুযায়ী, কর্মসূচিটি যথাযথভাবে বাস্তবায়ন এবং এতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে খাদ্য অধিদপ্তর।

কারখানা থেকে দেওয়া পরিচয়পত্র দেখিয়ে শ্রমিকরা ভর্তুকি দামে চাল কিনতে পারবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা আরও জানিয়েছেন, সরকারি গুদামে বর্তমানে পর্যাপ্ত চালের মজুত রয়েছে। তাই সেই মজুত থেকেই এ কর্মসূচির জন্য চাল সরবরাহ করা সম্ভব হবে।

RELATED ARTICLES

Most Popular