সাউদ শাকিলের চমৎকার ইনিংসের পর বল হাতে তোপ দাগলেন সাকিব খান। অভিষিক্ত এই পেসারের জোড়া আঘাতে রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনে চালকের আসনে পাকিস্তান।
মঙ্গলবার দিন শেষে ৩ উইকেটে ১১৪ রান তুলেছে শ্রীলঙ্কা। ৯ উইকেটে ৪৩৪ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করা পাকিস্তান এখনো এগিয়ে আছে ৩২০ রানে।
ইনিংসের শুরুতেই সফরকারীদের ধাক্কা দেন অভিজ্ঞ পেসার মোহাম্মদ আব্বাস। তার শিকার হয়ে শূন্য রানে ফেরেন ওপেনার পাসিন্দু সুরিয়াবান্দারা। এরপর দৃশ্যপটে সাকিব। নিজের টানা দুই ওভারে দিনেশ চান্দিমাল (১) ও সেট ব্যাটার লাহিরু উদারাকে (৪২) সাজঘরে পাঠিয়ে শ্রীলঙ্কাকে চেপে ধরেন এই তরুণ পেসার।
৬৫ রানে ৩ উইকেট হারানো লঙ্কানদের দিনে আর কোনো বিপদ হতে দেননি কামিন্দু মেন্ডিস (৪০*) ও অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা (২২*)। তবে দিনের একদম শেষ ভাগে ধনঞ্জয়ের সহজ ক্যাচ মিস করেন স্পিনার আরাফাত মিনহাস।
আলোর স্বল্পতায় নির্ধারিত সময়ের ২৫ মিনিট আগেই দিনের খেলা বন্ধ ঘোষণা করেন আম্পায়াররা। সাকিবের শিকার ৫৪ রানে ২ উইকেট, আর আব্বাস নেন ২৩ রানে ১ উইকেট।
এর আগে ৫ উইকেটে ২৮১ রান নিয়ে খেলতে নামা পাকিস্তান বড় সংগ্রহের ভিত পায় শাকিলের ব্যাটে। তবে আক্ষেপ থেকে গেছে তার সেঞ্চুরি মিসের। ১৯৯ বলের ধৈর্যশীল ইনিংসে ৯টি চার মারা শাকিল সেঞ্চুরি থেকে মাত্র ৭ রান দূরে থাকতে আসিথা ফার্নান্দোর শিকার হন। টেস্টে এটি ফার্নান্দোর ১০০তম উইকেট।
এর আগে ষষ্ঠ উইকেটে গাজী ঘোরির সঙ্গে ৯৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন শাকিল। ঘোরি করেন ৪৮ রান। আর আটে নেমে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম ফিফটি তুলে নেন অভিষিক্ত মিনহাস; ৯ চার ও ১ ছক্কায় তিনি খেলেন ৫২ রানের দারুণ ইনিংস।
শ্রীলঙ্কার পক্ষে আসিথা ফার্নান্দো ও দিলশান মদুশঙ্কা ৩টি করে উইকেট নেন। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর থেকে লাহোরে।
