Homeসারাদেশফলন ভালো, তবু লোকসানে সবজিচাষি

ফলন ভালো, তবু লোকসানে সবজিচাষি

মাত্র ২০ দিন আগেও রংপুরের মিঠাপুকুরের কৃষক মতিয়ার রহমান বেগুন বিক্রি করেছেন কেজিপ্রতি ৩০-৩৫ টাকায়। এই সপ্তাহে সেই বেগুনের দাম নেমে এসেছে ৪-৫ টাকায়, যা কেজিপ্রতি উৎপাদন খরচ (প্রায় ৭ টাকা) থেকেও কম।

৬৫ বছর বয়সী এই কৃষক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ফলন ভালো হয়েছে, কিন্তু দাম একেবারে পড়ে গেছে। বিনিয়োগের টাকা কীভাবে তুলব, ঋণ শোধই বা করব কীভাবে, বুঝতে পারছি না।’

গত বছর তিন বিঘায় আগাম বেগুন চাষ করে মতিয়ার ১ লাখ ২৫ হাজার টাকা লাভ করেছিলেন। এবারও একইরকম আয়ের আশায় ধার করে চাষ করেছেন।

সার ও সেচের জ্বালানির দাম বাড়ায় তার খরচ গত বছরের ১ লাখ ৫২ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ১ লাখ ৮০ হাজার টাকা। অনুকূল আবহাওয়ায় পুরো অঞ্চলেই ফলন বেড়েছে। আর এতে বাজারে সবজির সরবরাহ বাড়ায় দাম পড়ে গেছে।

‘আমার ৪০ থেকে ৪৫ হাজার টাকা লোকসান হতে পারে,’ বলেন তিনি।

লালমনিরহাট, কুড়িগ্রাম, পঞ্চগড় ও পাবনার কৃষকরাও একই ধরনের লোকসানের কথা জানিয়েছেন। মৌসুমের শুরুতে ভালো দাম পেলেও পরে দাম উৎপাদন খরচের নিচে নেমে গেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) কর্মকর্তারা ডেইলি স্টারকে বলেছেন, ভালো আবহাওয়া, বিশেষ করে কম বৃষ্টিপাত ফলন বাড়িয়েছে এবং দাম কমে যাওয়ার পেছনে ভূমিকা রেখেছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর সেপ্টেম্বরে স্বাভাবিকের চেয়ে প্রায় ১৭ শতাংশ ও অক্টোবরে ৬৮ শতাংশ কম বৃষ্টি হয়েছে। গত বছর সেপ্টেম্বরে বৃষ্টি ছিল স্বাভাবিকের চেয়ে ২১ শতাংশ কম, আর অক্টোবরে ৩৬ শতাংশ বেশি।

রংপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম কামরুল হাসান জানান, রংপুরে অক্টোবরে বৃষ্টি হয়েছে ২৭ মিলিমিটার, আগের বছর যা ছিল ১০৯ মিলিমিটার। সেপ্টেম্বরে বৃষ্টি কমে দাঁড়িয়েছে ২০৬ মিলিমিটারে, আগের বছর ছিল ২৬৭ মিলিমিটার।

ডিএইয়ের কর্মকর্তারা বলছেন, উচ্চ তাপমাত্রার সঙ্গে শুষ্ক আবহাওয়া মিলে অতিবৃষ্টির ক্ষতি ছাড়াই ফসল বেড়ে উঠতে পেরেছে।

ডিএইয়ের সরেজমিন উইংয়ের পরিচালক মো. ওবায়দুর রহমান মন্ডল বলেন, ‘দেশে একই পরিমাণ জমিতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সবজি উৎপাদিত হয়েছে। চাহিদার চেয়ে সরবরাহ বেশি হওয়ায় সবজির দাম ও কৃষকের আয়—দুটিই কমেছে।’

রংপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এস এম আবু বকর সাইফুল ইসলাম বলেন, ‘যারা প্রায় এক মাস আগে সবজি তুলতে শুরু করেছিলেন, তারা ভালো দাম পেয়েছেন।’

ওবায়দুর জানান, এল নিনোর কারণে বৈশ্বিকভাবে বৃষ্টিপাত কম হবে—এমন তথ্য ডিএইয়ের কাছে ছিল।

যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসাগরীয় ও বায়ুমণ্ডলীয় প্রশাসনের এল নিনো সতর্কবার্তা জুন থেকে বলবৎ রয়েছে। সংস্থাটির জলবায়ু পূর্বাভাস কেন্দ্র বলছে, এটি প্রবল থেকে অতি প্রবল হবে ও ২০২৭ সালের শুরু পর্যন্ত স্থায়ী হতে পারে।

ওবায়দুর রহমান মন্ডল বলেন, ডিএই মাঠপর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে এই পূর্বাভাস কৃষকদের জানানোর চেষ্টা করেছিল। কিন্তু বারবার আবহাওয়ার ঝুঁকির মধ্যে কেবল একটি পূর্বাভাসের ওপর নির্ভর করা কৃষকদের জন্য কঠিন ছিল।

ফলন বেশি হয়ে দাম কমে যাওয়ার পাশাপাশি উৎপাদন খরচ বাড়ায় কৃষক আরও চাপে পড়েছেন।

ডিএইয়ের কর্মকর্তা ও কৃষকরা জানান, শ্রমিকের খরচের সঙ্গে সার, কীটনাশক ও ডিজেলের দামও বেড়েছে।

বর্তমানে ডিজেলের দাম লিটারপ্রতি ১৩৫ টাকা, ফেব্রুয়ারিতে যা ছিল ১০০ টাকা। ২১ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম বাড়ানো হয়, সরকার এর কারণ হিসেবে ইরানে যুদ্ধ শুরুর পর আমদানি খরচ বৃদ্ধির কথা বলেছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের তথ্য বলছে, দেশের মোট ডিজেল ব্যবহারের প্রায় ১৫ শতাংশ হয় কৃষিতে, প্রধানত সেচের কাজে।

এদিকে কয়েকটি জেলার কৃষক অভিযোগ করেছেন, অনুমোদিত ডিলাররা সার সরবরাহ সীমিত করে রেখেছেন, ফলে তারা খোলাবাজার থেকে সার কিনতে বাধ্য হয়েছেন। সেপ্টেম্বরে ডেইলি স্টার এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল।

অন্তত আটটি জেলার কৃষক ও ডিলারদের সঙ্গে কথা বলে ডেইলি স্টার দেখেছে, মজুত পর্যাপ্ত থাকা সত্ত্বেও সরকারি বিতরণব্যবস্থা কৃষকের কাছে সার পৌঁছাতে ব্যর্থ হয়েছে।

এই ব্যবধানের কারণে উত্তরাঞ্চলে বিক্ষোভ হয়েছে; কৃষকরা সড়ক অবরোধ করেছেন, এমনকি ডিলারের গুদামেও ঢুকে পড়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে কুড়িগ্রামের এক কৃষক বলেন, সরকারি দরের চেয়ে বস্তাপ্রতি ৫০০ থেকে ৭০০ টাকা বেশি দিয়ে তাকে সার কিনতে হয়েছে।

বাংলাদেশ বেশিরভাগ সার আমদানি করে, তাই বিদেশের সরবরাহ-সংকটে দেশের বাজার ঝুঁকিতে পড়ে।

তবে এ ক্ষেত্রে আতঙ্কিত হয়ে প্রয়োজনের বেশি সার কেনা ও অতিরিক্ত ব্যবহারকে দায়ী করছেন কর্মকর্তারা। ডিলাররা বলছেন, বরাদ্দের চেয়ে চাহিদা বেশি।

সাইফুল রহমানের হিসাবে, রংপুরে আগাম মৌসুমের চার সবজির চাষের খরচ ১৫ থেকে ২৫ শতাংশ বেড়েছে।

তিনি জানান, ফুলকপির উৎপাদন খরচ বিঘাপ্রতি গত বছরের ৪৮ থেকে ৫০ হাজার টাকা থেকে বেড়ে এ বছর হয়েছে ৫৫ থেকে ৬০ হাজার টাকা। একইভাবে মুলার খরচ বেড়েছে ৫-৮ হাজার টাকা, বেগুনের ৬-৭ হাজার টাকা ও লাউয়ের ৫-৬ হাজার টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্যে জাতীয় পর্যায়ে একরপ্রতি খরচ বৃদ্ধির হিসাব তুলনামূলক কম।

এতে দেখা যায়, ফুলকপির উৎপাদন খরচ ২০২৫-২৬ অর্থবছরের ৪৯ হাজার ১৯৯ টাকা থেকে ২০২৬-২৭ অর্থবছরে বেড়ে হয়েছে ৪৯ হাজার ৪৮৯ টাকা। আর শিমের খরচ ৬১ হাজার ৯৮৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৬২ হাজার ৯৮৫ টাকা।

ডিএইয়ের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ৬ লাখ ৪১ হাজার হেক্টর জমিতে সবজি চাষ হয়েছিল এবং দেশে উৎপাদন হয়েছিল ১ কোটি ৪৫ লাখ টন। চলতি ২০২৬-২৭ অর্থবছরে এখন পর্যন্ত ২ লাখ ৪৪ হাজার হেক্টর জমিতে চাষ হয়েছে; মৌসুম এখনো চলমান।

লালমনিরহাট সদরের ৭০ বছর বয়সী কৃষক কান্দু চন্দ্র বর্মন দুই বিঘায় ৮ হাজার ৪০০ আগাম ফুলকপির চারা লাগিয়েছেন, খরচ হয়েছে ১ লাখ ১০ হাজার টাকা। প্রায় ৮ হাজার গাছে ফুলকপি ধরেছে।

প্রতিটি কপির ওজন প্রায় ৭০০ গ্রাম, উৎপাদন খরচ পড়ছে ১৩ থেকে ১৪ টাকা। অথচ তিনি বিক্রি করছেন ১০ থেকে ১১ টাকায়। গত বছর উৎপাদন খরচ ১০-১১ টাকার বিপরীতে তিনি দাম পেয়েছিলেন ২৫ থেকে ২৭ টাকা।

কান্দু চন্দ্র বলেন, ‘তিন সপ্তাহ আগে ফুলকপি তোলা শুরু করেছি। তখন উৎপাদন কম ছিল, প্রতিটি ৫০-৫৫ টাকায় বিক্রি করেছি। ভেবেছিলাম এবার ভালো লাভ হবে। কিন্তু এখন খরচের চেয়েও কম দাম পাচ্ছি।’

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৬০ বছর বয়সী কৃষক নিতাই চন্দ্র দাস চার বিঘায় লাউ চাষ করেছেন। আশা ছিল লাউ ও লাউ শাক বিক্রি করে ১ লাখ ৫০ হাজার টাকা আয় করবেন।

দুই সপ্তাহ আগে প্রতিটি লাউ ২০ থেকে ২৫ টাকায় বিক্রি করেছেন। তবে এখন দাম নেমে এসেছে ৩ থেকে ৪ টাকায়; কখনো কখনো এই দামেও ক্রেতা মেলে না। এক বছরে তার বিঘাপ্রতি চাষের খরচ ৩৪ হাজার টাকা থেকে বেড়ে ৪৫ হাজার টাকা হয়েছে। তার হিসাবে লোকসান হবে ৪৫ হাজার টাকা।

তিনি বলেন, ‘গত বছর পাইকাররা মাঠ থেকেই লাউ কিনে নিতেন। এবার তাদের আগ্রহ নেই। এমনকি পাইকারি বাজারেও কিনতে চান না।’

তিনি আরও বলেন, ‘গাছে রেখে দিলে লাউ পচে যাবে, আবার তুলতে গেলে শ্রমিকের মজুরি দিতে হবে। আমরা এখন উভয়সংকটে।’

পাবনার ঈশ্বরদী উপজেলার কৃষক সাহাবুল ইসলাম জানান, এ মৌসুমে মুলা চাষে বিঘাপ্রতি তার খরচ হয়েছে ২৫ হাজার টাকা। গত বছর এক বিঘা থেকেই তিনি ৪০ হাজার টাকার বেশি সবজি বিক্রি করেছিলেন।

‘এ বছর ৩০ হাজার টাকাও উঠবে কি না, জানি না,’ বলেন তিনি।

পঞ্চগড় সদরের কৃষক রফিকুল ইসলামও লোকসানের কথা জানিয়েছেন।

এদিকে রংপুরের সিটি বাজারের সবজি আড়তদার আকবর আলী বলেন, ঢাকা ও অন্যান্য স্থান থেকে এই অঞ্চলে সবজি কিনতে আসা ব্যবসায়ীর সংখ্যা আগের বছরগুলোর তুলনায় ৭০ থেকে ৮০ শতাংশ কমে গেছে।

তিনি বলেন, ‘স্থানীয় সবজির বেশির ভাগ এখন রংপুর অঞ্চলের মধ্যেই বিক্রি হচ্ছে, ফলে দামে নিম্নমুখী চাপ আরও বাড়ছে।’

পাইকারি দাম কম থাকলেও ভোক্তাদের খুচরা বাজারে এখনো তুলনামূলক বেশি দাম দিতে হচ্ছে।

আকবর বলেন, কৃষক বেগুন বিক্রি করছেন কেজিপ্রতি ৪ টাকায়, অথচ একই বেগুন খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৬ থেকে ২০ টাকায়।

কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১০ নভেম্বর রংপুরে বেগুনের দাম ছিল কেজিপ্রতি ২০ থেকে ৫০ টাকা, এক বছর আগে যা ছিল ৪০ থেকে ৬০ টাকা। ঝিঙার দাম ছিল ২৫ থেকে ৩০ টাকা, আগের বছর ছিল ৪০ থেকে ৪৫ টাকা। দাম কমেছে মিষ্টিকুমড়ারও।

সাইফুল বলেন, সরবরাহ শৃঙ্খল, মধ্যস্বত্বভোগী ও বাজার সিন্ডিকেটের নিয়ন্ত্রণে—এমন অভিযোগ আছে।

তিনি বলেন, ‘কৃষক যদি বর্তমান দামের দুই-তিন গুণও পেতেন, তাহলে তাদের লোকসান গুনতে হতো না।’

এই প্রতিবেদনে তথ্য দিয়ে সহায়তা করেছেন দ্য ডেইলি স্টারের পাবনা সংবাদদাতা আহমেদ হুমায়ুন কবির তপু।

RELATED ARTICLES

Most Popular