Homeস্পোর্টস‘নাম্বার টেনে’ হামজাকে খেলানোর সুফল দেখছেন ডুলি

‘নাম্বার টেনে’ হামজাকে খেলানোর সুফল দেখছেন ডুলি

ইংল্যান্ডের ফুটবলে মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেই পরিচিত হামজা চৌধুরী। বাংলাদেশের জার্সিতেও এতদিন মাঝমাঠের নিচের দিকে খেলতে দেখা গেছে তাকে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে এই মিডফিল্ডারকে নতুন ভূমিকায় নামিয়েছিলেন টমাস ডুলি। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে নেমে গোল করার পাশাপাশি দলের আক্রমণেও রেখেছেন বড় অবদান। কোচের পরিকল্পনাও সফল হয়েছে দারুণভাবে। তাই হামজাকে ‘নাম্বার টেন’ পজিশনে খেলানোর সুফল দেখছেন বাংলাদেশ কোচ।

বুধবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। চার গোলের পাশাপাশি আক্রমণাত্মক ফুটবল ও রক্ষণে শৃঙ্খলা দেখিয়ে প্রতিপক্ষকে পুরো ম্যাচে চাপে রেখেছে স্বাগতিকরা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ডুলি জানালেন, হামজাকে একটু ওপরে খেলানোর পেছনে তার বিশেষ পরিকল্পনার কথা।

সাধারণত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেললেও আক্রমণে উঠে যাওয়ার প্রবণতা আছে হামজার। দলের প্রয়োজনে মাঠের প্রায় সব জায়গায় বিচরণ করেন তিনি। তবে এতে রক্ষণ ও মাঝমাঠের ভারসাম্য ধরে রাখা কঠিন হয়ে যেতে পারে। সেই ভাবনা থেকেই হামজাকে আক্রমণাত্মক ভূমিকায় ব্যবহার করার সিদ্ধান্ত নেন ডুলি।

‘আমরা যা করতে চেয়েছিলাম, সে ঠিক সেটাই করেছে। আমার আশা ছিল, নাম্বার টেন পজিশনে তার উপস্থিতি প্রতিপক্ষের আরও বেশি মনোযোগ আকর্ষণ করবে। ইংল্যান্ডে সে রক্ষণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলে। আমাদের হয়েও ছয় কিংবা আট নম্বর পজিশনে খেলেছে। কিন্তু সেখান থেকে সে বারবার সামনে উঠে যায়, কারণ মাঠের সব জায়গায় দলকে সাহায্য করতে চায়,’ বলেন ডুলি।

হামজাকে ওপরে তুলে দেওয়ার পাশাপাশি রক্ষণ ও মাঝমাঠকে সংগঠিত রাখার ওপরও গুরুত্ব দিয়েছেন এই কোচ, ‘আমরা ভেবেছি, রক্ষণ এবং তার সামনে ছয় ও আট নম্বর পজিশনে থাকা খেলোয়াড়দের সংগঠিত রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। হামজাকে সামনে খেলাতে পারলে ফুটবলীয় বুদ্ধিমত্তা দিয়ে সে উইংয়ের খেলোয়াড় ও সেন্টার ফরোয়ার্ডকে ভালো পাস দিতে পারবে। ২০ গজ দূর থেকেও শট নিতে পারবে, আবার বক্সে ঢুকে হেডেও বিপজ্জনক হয়ে উঠতে পারবে।’

হামজার এই ভূমিকা সতীর্থদেরও আক্রমণে বাড়তি স্বাধীনতা দিচ্ছে বলে মনে করেন বাংলাদেশ কোচ। বিশেষ করে তার গতি, আগ্রাসী মনোভাব ও প্রতিপক্ষকে চাপ দেওয়ার সামর্থ্য দলের জন্য বড় সম্পদ। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে সেই পরিকল্পনার সফল বাস্তবায়ন দেখেছেন ডুলি। রক্ষণ ও মাঝমাঠের সংগঠিত পারফরম্যান্স হামজাকে আক্রমণে আরও বেশি অবদান রাখার সুযোগ দিয়েছে।

তবে চার গোলের বড় জয়ের পরও বাংলাদেশের আক্রমণভাগে একটি ঘাটতি দেখছেন ডুলি, ‘আপনারা কল্পনা করতে পারেন, অন্য কিছু দলের মতো আমাদেরও যদি একজন লম্বা নাম্বার নাইন থাকত, যে কঠিন জায়গায় গিয়ে লড়াই করতে পারে, তাহলে কাজটা আরও সহজ হতো। তবে হামজাকে নাম্বার টেনে খেলালে প্রতিপক্ষের বক্সে আমরা অনেক বেশি বিপজ্জনক হয়ে উঠতে পারি।’

এই পজিশনে হামজাকে খেলানোর আরেকটি সুবিধাও তুলে ধরেছেন ডুলি। সামনে থেকে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করে বল কেড়ে নিতে পারলে আক্রমণভাগের সতীর্থদের পাশে একজন নেতা হিসেবে থাকছেন হামজা। অন্যদিকে নিচে খেললে আক্রমণে সাহায্য করতে তাকে অনেক বেশি দৌড়াতে হয়, তাতে শক্তিও ক্ষয় হয়।

ডুলির ভাষায়, ‘সামনে বল জিততে পারলে অন্য খেলোয়াড়েরা আর একা থাকে না, তাদের সঙ্গে একজন নেতা থাকে। অন্যথায় সেই নেতা পেছনে থাকে, তাকে পুরো মাঠে দৌড়াতে হয় এবং তাতে ক্লান্ত হয়ে পড়ে। তাই এই মুহূর্তে আমাদের জন্য হামজাকে ওই পজিশনে খেলানো গুরুত্বপূর্ণ।’

নতুন ভূমিকায় হামজার পারফরম্যান্সে সন্তুষ্ট ডুলি। তবে শুধু একটি ম্যাচের বড় জয়েই থেমে থাকতে চান না তিনি। সামনের ম্যাচগুলোতেও আরও সুযোগ তৈরি করতে এবং গোল করতে চান বাংলাদেশ কোচ। তার কাছে অবশ্য জয়ের ব্যবধানের চেয়ে জয়টাই বেশি গুরুত্বপূর্ণ। এক গোলের জয় হলেও আপত্তি নেই তার।

 

RELATED ARTICLES

Most Popular